জয়সলমিরের সোনালি দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়সলমির পৌঁছালাম বেলা সাড়ে তিনটায়।কিছু রাস্তা ভাঙাচোরা হলেও হাইওয়ে চমৎকার। ভারতের বিভিন্ন শহরকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন: উদয়পুরকে বলা হয় পিংক সিটি, যোধপুরকে ব্লু সিটি, তেমনি জয়সলমিরকে বলা হয় গোল্ডেন সিটি। নামকরণের সঙ্গে কিছু না-কিছুর সাদৃশ্য আছে। থর মরু শহর জয়সলমিরের বিশাল দুর্গটি সোনালি রঙের। সত্যজিৎ রায় তাঁর বিখ্যাত সোনার কেল্লা ছবিটির চিত্রায়ণ করেছিলেন এই দুর্গে। সেই থেকে দুর্গের আরেক নাম সোনার কেল্লা। ভাটি রাজপুত মাহারাওয়াল জয়সল সিং ১১৫৬ সালে পাহাড়ের ওপর দুর্গটি তৈরি করেন। ‘ভাটি’ শব্দের অর্থ যোদ্ধা আর ‘জয়সলমির’ নামের অর্থ জয়সালের পাহাড়ি দুর্গ। ভারত বিভক্তির আগে জয়সলমিরের গুরুত্ব ছিল ব্যাপক। তপ্ত ও দুর্গম মরুভূমি পেরিয়ে মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, মিসর ও আফ্রিকার ব্যবসায়ীরা গাধা, ঘোড়া আর উটের কাফেলায় বিভিন্ন সামগ্রী বয়ে নিয়ে আসতেন এখানে। সেই থেকে ধীরে ধীরে গড়ে উঠেছিল বিশাল এক বাজার। বাজারের গুরুত্ব উপলব্ধি করে তৈরি হয়েছিল দুর্গ।জয়সলমির দুর্গই বিশ্বের একমাত্র জীবন্ত দুর্গ। কারণ, ভারতের অন্যান্য দুর্গ সংরক্ষিত হলেও জয়সলমির নয়। এই দুর্গে এখনো বাস করে চার হাজার অধিবাসী। দুর্গের ভেতর আনাচকানাচে গড়ে উঠেছে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ আর সরাইখানা। সরু অলিগলি আর শত পথ নোংরা, দুর্গন্ধময়। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় অলিগলি নর্দমায় পূর্ণ। এর মধ্যেই দুরন্ত গতিতে ছুটে চলেছে মোটরসাইকেল, গরু, ছাগল, মহিষ আর মানুষ।হোটেলে গিয়ে তৈরি হতে হতেই গাইড বিজয় কুমার চলে এলেন।আমাদের গন্তব্য শহরের উপকণ্ঠে ভিয়াস ছত্রী। ভিয়াস ছত্রী মূলত স্থানীয় রাজপুত শাসনকর্তাদের শ্মশানঘাট। তবে এটি সানসেট পয়েন্ট হিসেবেও উল্লেখযোগ্য। সূর্যাস্তের মোহনীয়তা উপলব্ধি করেই হয়তো রাজপুত শাসনকর্তারা স্থানটিকে নিজেদের শ্মশানঘাট হিসেবে নির্বাচন করেছিলেন। সূর্যাস্তের শেষ কিরণের উজ্জ্বলতা ভিয়াস ছত্রীকে বিশেষ মাত্রা দান করে। ভিয়াস ছত্রীতে যখন এসে পৌঁছালাম, তখনো সূর্য অস্ত যেতে ঘণ্টা খানেকের মতো বাকি। এর মধ্যেই অনেক পর্যটক উপস্থিত হয়েছেন মরুভূমির সূর্যাস্ত দেখার আশায়। ভিয়াস ছত্রীর প্রবেশমূল্য ৩০ রুপি। গেট পার হয়ে হেঁটে আরও ভেতরে যেতে হয়। শক্ত হলুদবর্ণ মেঠো পথ। রোদের তাপে ঘাস পুড়ে ছাই হয়ে গেছে। এর পরও মরুভূমির নাম না-জানা সবুজ গুল্ম জীবনের আভাস দিচ্ছে। পড়ন্ত বিকেলে মরুভূমির পায়ে চলা পথ দিয়ে হাঁটতে ভালো লাগছিল। ভিয়াস ছত্রী এক বিশাল স্থাপনা, দিবসের শেষ সূর্যের আলোর ছটায় হলুদবর্ণের স্থাপনাগুলো বিশেষ উজ্জ্বলতা পেয়েছে। সূর্য পটে বসেছে। মরুর ঝিরঝির বাতাস বইছে ভিয়াস ছত্রীজুড়ে। সূর্য ক্রমে বিশাল থালার মতো হয়ে দিগন্তরেখায় হারিয়ে গেল। মরুভূমির সূর্যাস্ত দেখতেই এতদূর পাড়ি দিয়ে এসেছি; তবু কী যেন অপূর্ণ রয়ে গেল।সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ সারতে হোটেলের ছাদের ওপর গেলাম।চারদিকে ঘেরা ছাদের ওপর চেয়ার-টেবিল পাতা। একটু উঁচুতে এক বেদি। গালিচা আর তাকিয়া দিয়ে সাজানো। তাকিয়ায় হেলান দিয়েও প্রাতরাশ সারা যায়। কিন্তু এ কী? ঘাড় ফিরিয়ে দেখি, সামনেই বিশাল সোনার কেল্লা। প্রাতরাশ সেরে নিচে নেমে আসতেই বিজয় কুমার গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাদের সোনার কেল্লা ঘুরিয়ে-ফিরিয়ে দেখাবেন। হেঁটেই যাওয়া যাবে, মিনিট তিনেকের পথ। ধূলিধূসর পথ দিয়ে হেঁটে কেল্লার প্রবেশমুখে দাঁড়ালাম। কেল্লার প্রবেশমুখে গোপা চক। গোপা চকে রকমারি দোকান বসেছে। ছোটখাটো স্যুভেনির দোকান থেকে চায়ের দোকান পর্যন্ত। পর্যটক আর স্থানীয় লোকজন মিলিয়ে লোকে লোকারণ্য। আমরা টিকিট কেটে দুর্গে ঢুকলাম। সরু পথ, দুর্গের গলি আঁকাবাঁকা। পথে পথে গরু, মহিষ আর ভেড়ার আধিক্য। এর মধ্যে তীব্রগতিতে ছুটে চলা দুই চাকার মোটর সাইকেল, নোংরা নর্দমার জলযুক্ত রাস্তা আর বিষ্ঠা এড়িয়ে চলা দুষ্কর। দুর্গের ভেতর জৈন মন্দির, পায়ের জুতা খুলে ঢুকতে হয়। ভাটি রাজপুত শাসনকর্তারা জৈনধর্মের পৃষ্ঠপোষকতা করতেন বলেই দুর্গের ভেতর মন্দির। কারুকার্যময় বেশ কয়েকটি হাভেলি। এখন আর কেউ বাস করে না হাভেলিগুলোয়। প্রতিটি হাভেলির দরজার বাইরে ছোট চত্বর। চত্বরের তিন দিকের দেয়ালে বিভিন্ন পসরা সাজিয়ে দোকান। চত্বরে দু-একটি লম্বা পাথরের বেঞ্চ। ক্রেতারা বেঞ্চে বসে দরদাম করতে পারেন বা বিশ্রাম নিতে পারেন।গাইড বারবার জানতে চাইলেন, দুর্গ পরিদর্শন কেমন লাগল? ইউরোপে অনেক পুরোনো শহর পরিদর্শন করেছি, যেগুলো সোনালি দুর্গ শহরের চেয়েও পুরোনো। যেগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেদিক দিয়ে সোনালি দুর্গ শহর অরক্ষিত। দুর্গে মানববসতি, চতুষ্পদ ও দ্বিচক্রযান নিষিদ্ধ করা উচিত।দুর্গ পরিদর্শন করতে করতে চায়ের নেশা পেয়ে গেল।ভারতে আসার পর ‘মাশালা চায়ে’তে অভ্যস্ত হয়ে গেছি। হোটেলগুলোয় মাশালা চায়ে বলতেই বেয়ারা পট সাজিয়ে দিয়ে যায়। অপূর্ব সুবাস! গোপা চকে একটি চায়ের দোকান দেখেছিলাম। দোকানে গিয়ে চা চাইতেই একজন জ্বলন্ত উনুনে কেটলি বসিয়ে দিল। দোকানের মালিক ক্যাশে বসে উসখুস করতে লাগলেন। শেষে বলেই বসলেন, এটা রেজিস্টার্ড ভাঙের দোকান। ভাং পান করব কি না! ভয় পেয়ে গেলাম। সিগারেট খাওয়ারই অভ্যাস নেই, তার ওপর ভাং! দোকানের বাইরে গিয়ে উঁকি দিয়ে সাইনবোর্ডটা দেখে নিলাম। স্পষ্ট করে লেখা, রেজিস্টার্ড ভাঙের দোকান। আগে লক্ষ করিনি। এদিকে চা পান না করলেই নয়। কিছু বলা প্রয়োজন বলেই বললাম, এই কাঠফাটা দুপুরে ভাং? এখন চা-ই দাও। দোকানি একগাল হেসে চায়ের পেয়ালা এগিয়ে দিলেন।সত্যজিতের সোনার কেল্লাজয়সলমিরের সোনালি দুর্গকে ঘিরেই কাহিনির জাল ফেলেছিলেন সত্যজিৎ রায়। চলচ্চিত্রটির চিত্রায়ণও করেছিলেন এখানে। পথের পাশে একটি জীর্ণ বাড়ি দেখিয়ে গাইড জানালেন, এখানেই শুটিং করেছিলেন সত্যজিৎ। এখন সত্যজিতের বিখ্যাত চরিত্র মুকুেলর বাড়ি হিসেবেই পরিচিত এটি। বাড়ির নিচেই গাছের ছায়ায় সত্যজিৎ ক্যামেরা রেখেছিলেন। বাড়িটি এখন জরাজীর্ণ। দেয়ালের পাথরগুলো খসে পড়েছে। ভেতরে যাওয়া দুষ্কর। বাড়িটি দেখতে বেশ কয়েকজন বৃদ্ধা-বৃদ্ধ, নারী-পুরুষ, যুবক-যুবতী এসে দাঁড়ালেন। কথার টানে বুঝতে পারলাম কলকাতার বাঙালি। সোনার কেল্লার স্মৃতি হাতড়ে বেড়াতেই এসেছেন হয়তো। ১৯৭৪-৭৫ সালে সোনার কেল্লা চলচ্চিত্রটি ভারতের বাইরেও ব্যাপক সমাদৃত হয়। সেই সঙ্গে বিশাল পরিচিতি লাভ করে জয়সলমিরের সোনালি দুর্গ।