জয়ার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এলিফ্যান্ট রোডের একটা ক্লিনিকে জয়ার জন্ম। বহুদিন পর আমাদের পরিবার-পরিজনদের মধ্যে ছোট একটা মানুষ এসেছে। তাকে নিয়ে সবার মধ্যে মোটামুটি হুলুস্থুল। আদর-আহ্লাদের কমতি নেই কোনো দিক থেকে। নাতনিকে নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা নানা ইউসুফ খানের। আমরা তখন ধানমন্ডি ১৯ নম্বরের বাসায় থাকি। বাবা প্রতিদিন সকালে কলাবাগান থেকে হেঁটে চলে আসেন আমার বাসায়। নাতনিকে ঘাড়ে বসিয়ে বাড়ি না নিয়ে ফেরেন না কিছুতেই। বিকেলবেলা গিয়ে আমি আবার মেয়েকে নিয়ে আসতাম। এ ছিল প্রতিদিনের রুটিন।ছোটবেলায় জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকার অভ্যাস ছিল ওর। আর মানুষজনের সঙ্গে ভাব জমানোতে ছিল ওস্তাদ। জানালায় দাঁড়িয়ে ভাব করার চেষ্টা করত পাশের বাসার মেয়েদের সঙ্গে। ওরা ওপাশ থেকে ওকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করত। দুই পক্ষ মিলে রাজ্যের কথাবার্তা। মাঝেমধ্যে ওরা গাছের পেয়ারা ছুড়ে দিত। জয়া হাত পেতে নিত। খাওয়ার সময় হয়ে গেছে, গোসলের দেরি হয়ে যাচ্ছে। মেয়ে সেই জানালার গ্রিলে বানরের মতো ঝুলে আছে তো আছেই। টেনেহিঁচড়েও নামানো যায় না।ছোটবেলায় খুব নাদুসনুদুস দেখতে ছিল ও। দেখলেই সবাই হাত বাড়িয়ে আদর করতে আসত। ওর যখন আড়াই বছর বয়স, ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান ওকে গুঁড়ো দুধের বিজ্ঞাপনে মডেল করতে চেয়েছিল। কী কারণে যেন সেটা করা হয়নি।বাড়িতে খরগোশ আসার পর শুরু হলো নতুন বিপদ। মেয়ে সারা দিন খরগোশের পেছনে পেছনে ছোটে। খরগোশ টেলিফোনের তার কুটকুট করে দাঁত দিয়ে কাটে। ঘরবাড়ি নোংরা করে যখন-তখন। ঝক্কির শেষ নেই। কিন্তু মেয়ের পছন্দ, তাই খরগোশ বাড়ি থেকে বিদায় করব, সে উপায়ও নেই। এর মধ্যে ঘটল আরেক কাণ্ড! একসঙ্গে অনেক বাচ্চা দিল মা-খরগোশ। খরগোশের বাচ্চা পেয়ে ওর আনন্দ দেখে কে!সারা দিন খরগোশ নিয়ে পড়ে থাকতে থাকতেই সম্ভবত অদ্ভুত একটা স্বভাব দাঁড়িয়ে গেল ওর। খরগোশ কাঁচা শাকসবজি খায়। আমার মেয়েও তা-ই করে। হাজার বুঝিয়ে-সুজিয়েও ভাত খাওয়ানো যায় না। কিন্তু সবজি কুটতে বসলেই সামনে এসে বসবে। কাঁচা লাউ, শসা এমনকি কচুর লতি পর্যন্ত টপাটপ মুখে পুরে দেয়। মেয়েকে খেপানোর জন্য বাবা ওর নামই দিয়ে দিল ‘খরগোশ’।আরেকটা বিদঘুটে অভ্যাস ছিল ওর। সেটা টুথপেস্ট খাওয়া। বাথরুমে দাঁত মাজতে গেলে ওকে সবসময় চোখে চোখে রাখতাম। অনেক বড় হওয়ার পরও ওর এই টুথপেস্ট খাওয়ার অভ্যাস ছাড়ানো যায়নি।অতিরিক্ত আদর পেয়ে যা হয়। জয়াকে সময়মতো স্কুলে দেওয়া হলো না। পড়ালেখা সব বাসাতেই। পরে লেকসার্কাস গার্লস স্কুলে ও ভর্তি হলো সরাসরি ক্লাস টুতে। এর মধ্যে আমার আরেক মেয়ে কান্তারও জন্ম হয়েছে। দুই বোনকে নতুন স্কুলে দেব। ভিকারুননিসা, হলিক্রস, অগ্রণী—সব ভালো ভালো স্কুলে কান্তা ভর্তির সুযোগ পেয়ে গেল। জয়ার নাম কোনো জায়গায় নেই। ওর বাবা তো রেগেমেগে অস্থির। পরিচিত একজনের কাছ থেকে খোঁজ পেয়ে শেষে ওকে নিয়ে গেলাম ভারতেশ্বরী হোমসে। সেখানে গিয়ে আরেক কাণ্ড! প্রথম দিনেই জায়গাটা ওর এত পছন্দ হয়ে গেল যে আমাদের সঙ্গে আর আসতেই চায় না। দেখলাম, হোমস কর্তৃপক্ষেরও ওকে ভর্তি করাতে আপত্তি নেই। কিন্তু এত্তটুকুন মেয়ে! একা একা রেখে আসব। আমার বুকটা হু হু করে উঠল। চোখে পানি এসে যাওয়ার জোগাড়। মেয়ের সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। ও দিব্যি ওখানকার অন্য মেয়েদের সঙ্গে খেলাধুলায় মেতেছে। চোখের পানি মুছে ওকে রেখে আমরা চলে এলাম ঢাকায়। ভারতেশ্বরী হোমসে ও ছিল দুই বছর। তারপর আবার ক্লাস সিক্সে এসে ভর্তি হলো অগ্রণী স্কুলে।ওর এসএসসি পরীক্ষার সময়টা খুব মনে পড়ে। এখন মনে হয়, লেখাপড়া নিয়ে একটু বেশিই কড়াকড়ি করে ফেলেছি। স্কুল থেকে এসেই ওরা দেখত, আরবি শিক্ষক বাসায় বসা। তারপর আবার কোচিং। দুই বোন এক ঘরে থাকত। একসঙ্গেই পড়তে বসত। আর আমি খেয়াল রাখতাম, যেন লেখাপড়ায় ফাঁকি দিতে না পারে। ওরাও কম চালাক ছিল না। আমাকে ফাঁকি দেওয়ার জন্য দুই বোন পালা করে ঘুমাত। যখন জয়া পড়ে, তখন কান্তা ঘুমায়। আর আমার পায়ের শব্দ পেলেই দ্রুত কান্তাকে ডেকে দেয়। আবার যখন কান্তা পড়ে, তখন জয়া ঘুমায়। আমি নিজে একটা সময় গান করতাম। দুই মেয়েকে গানের স্কুলে দিয়েছিলাম একদম ছোটবেলাতেই। আঁকাআঁকিও শিখেছে ওরা বেশ কিছুদিন। জয়ার টেলিভিশনে কাজের শুরু গান দিয়েই। নাটকটার নাম সম্ভবত পঞ্চমী। নাটকে গান করে, এমন একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছিল জয়া। মেয়ে অভিনয় করবে, সারা দেশের মানুষ ওকে চিনবে—এ রকম কখনো ভাবিনি। আমি শুধু চেয়েছিলাম, মেয়েরা যেন লেখাপড়াটা ঠিকমতো শেষ করে। তাহলে ওরা নিজেরাই ওদের মতো স্বাধীনভাবে নিজেকে গড়ে নিতে পারবে। সেটা ওরা করেছে।অভিনয়জগতে যা কিছু করেছে জয়া, পুরোপুরি নিজের চেষ্টাতেই করেছে। এখন প্রায় সময় ও শুটিংয়ে ব্যস্ত থাকে। আমিও শিক্ষকতা আর ঘরবাড়ির কাজ নিয়ে থাকি। তবে যত কাজই থাকুক, দিনে তিন-চারবার ওর মাকে ফোন করা চাই-ই চাই। অভিনেত্রী জয়া আহসান হওয়ার পর থেকে একটাই সমস্যা হয়েছে, মা-মেয়ে একসঙ্গে ঘুরতে যাওয়াটা একটা মহা ঝামেলা। লোকজন ছবি তুলতে চায়। ঘিরে ধরে। দোকানে গেলে সবকিছুর দাম বেশি চায়। আর কোনো অনুষ্ঠানে গেলে সবাই আমাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় অতি অবশ্যই একটা লাইন যোগ করে, ‘উনি কিন্তু জয়া আহসানের মা’। ভালো লাগে। আবার একটুখানি মন খারাপও হয়। মনে হয়, মেয়ের পরিচয়ের নিচে আমি ঢাকা পড়ে যাচ্ছি না তো?অনুলিখন: ইকবাল হোসাইন চৌধুরী