
তাঁর স্বপ্ন ছিল নাকি ‘বিসিএস ক্যাডার’ হওয়ার৷ কিন্তু হয়েছেন ফুটবলার৷ বলছিলাম বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়ার জয়া চাকমার কথা৷ ছোটবেলায় ভর্তি হয়েছিলেন কারাতে শিখতে৷ সমঢের ধারাবাহিকতায় হয়েছেন ফুটবলার৷ আর এখন ফুটবলের সঙ্গে জড়িত আছেন রেফারি হিসেবে৷ কিন্তু জাতীয় ফুটবল দলে সাবেক হলেও তিনি ক্লাব ফুটবলে খেলেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) হয়ে৷
রাঙামাটির মেয়ে জয়া চাকমা ইতিহাস বিভাগে স্নাতকোত্তর পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে৷ ক্রীড়াবিজ্ঞানে ডিপ্লোমা কোর্সে এ বছরই ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)৷ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল, ব্যাটমিন্টন কিংবা টেবিল টেনিস—সব খেলাতেই তাঁর সরব উপস্থিতি৷ যার স্বীকৃতি হিসেবে মিলেছে ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়সেরা অ্যাথলেটিকস পুরস্কার৷
কিন্তু এই সেরা শব্দের সঙ্গে প্রথম পরিচয় হয় ২০০৭ সালে৷ ওই বছর সুযোগ মেলে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ফুটবল ক্যাম্পে অংশ নেওয়ার৷ এরপর আন্তজেলা ফুটবল প্রতিযোগিতায় জয়াদের রাঙামাটি জেলা হয় অপরাজিত চ্যাম্পিয়ন৷ তারপর শুধু এগিয়ে চলার গল্প৷
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ডাক পড়ে জুনিয়র ক্যাম্পে অংশ নিতে৷ নিজের ক্রীড়া নৈপুণ্যের আলো ছড়ান সেই ক্যাম্পে৷ ২০০৮ সালে সুযোগ পেয়ে যান জাতীয় মহিলা ফুটবল দলের জার্সি গায়ে জড়ানোর৷ আর মিডফিল্ডার হয়ে দাপটের সঙ্গে খেলেন ’ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে’৷ আরও বছর চার পর হঠাৎ সেই দাপটে বাদ সাধল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা৷ যেহেতু বাড়ি থেকে বলা হয়েছে Ñসবকিছুর আগে পড়াশোনা, তাই ফুটবল থেকে বিরতি দিয়ে মনোযোগ দিতে হয় পাঠ্যপুস্তকে৷ বলেন জয়া৷
কিন্তু আগাগোড়া যাঁর ফুটবলপ্রেম, তিনি কি থাকতে পারেন মাঠের বাইরে? খেলোয়াড় নন, রেফারি হিসেবে প্রশিক্ষণ নেন বাফুফে থেকে৷ শুরু হয় রেফারি-জীবন৷ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) রেফারির যোগ্যতা অর্জনের পরীক্ষায় অংশ নিয়ে নারী ফুটবল রেফারি হিসেবে উত্তীর্ণ হন সি-লাইসেন্স পেয়ে৷ সে জীবনের স্মরণীয় মুহূতের গল্প বলছিলেন জয়া, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যালেঞ্জ কাপে আমি রেফারি হিসেবে যোগ দিয়েছিলাম, যা ছিল বিদেশে কোনো বাংলাদেশি নারীর রেফারিং করার প্রথম ঘটনা৷ সেই টুর্নামেন্টে ভারত ও ইরানের মধ্যে ফাইনালে ম্যাচে রেফারি হিসেবে অংশ নেওয়া আমার জীবনের স্মরণীয় ঘটনা৷’
জয়া চাকমা এখন স্বপ্ন দেখেন বড় মাপের একজন সফল রেফারি হওয়ার৷ সেই স্বপ্নের কথাই বলছিলেন তিনি, ‘আমি আন্তর্জাতিক ম্যাচে রেফারি হিসেবে থাকতে চাই৷ সে লক্ষ্যেই আমি কাজ করছি৷’ কিন্তু আপানার সেই ক্যাডার হওয়ার স্বপ্ন? জয়া চাকমার সরল উত্তর, ‘যদিও ফুটবল-দুনিয়ার বাইরে কিছু ভাবতে পারি না, তবু একবার অংশ নিতে চাই “বিসিএস ক্যাডার” হওয়ার পরীক্ষায়!’