জয়িতা সম্মাননা পেলেন সেই 'সুলতানা আপা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন সাংসদ আশেক উল্লাহ
মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন সাংসদ আশেক উল্লাহ

কক্সবাজারের মহেশখালীর দুর্গম এলাকায় প্রসূতি নারীদের সেবা দিয়ে সবার নজর কাড়েন পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম। প্রশংসিত হয় তঁার কাজ। পেয়েছেন কাজের স্বীকৃতিও। এবার তিনি পেলেন জয়িতা সম্মাননা। সমাজ উন্নয়নে অবদান রাখায় তাঁকে এই সম্মাননা জানানো হয়। সুলতানা বেগমের কর্মস্থল মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র।

১০ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সাংসদ আশেক উল্লাহ জয়িতার সম্মাননার স্বীকৃতি হিসেবে তাঁর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

সুলতানা বেগমকে নিয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ‘ভরসা যখন সুলতানা আপা’ শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

জয়িতা সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, উপজেলার দুর্গম দ্বীপ মাতারবাড়ীতে অসহায় নারীদের সেবা দিয়ে সমাজের অবদান রাখছেন পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম। তিনি রাত-দিন ২৪ ঘণ্টা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বসে সেবা দিয়ে যাচ্ছেন। এককথায় তিনি নারীদের ভরসাস্থল।

 সাংসদ আশেক উল্লাহ বলেন, সুলতানা দুর্গম এলাকার নারীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর কাজ প্রশংসনীয়।

মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন, মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর প্রমুখ।

সুলতানা বেগম ১৯৯২ সালের ১ জুলাই পরিবারকল্যাণ সহকারী পদে যোগ দেন। এরপর ২০০৫ সালে প্রসূতিসেবার ওপর সরকারিভাবে ছয় মাসের দক্ষ ধাত্রীর (সিএসবিএ) প্রশিক্ষণ নেন। এ ছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আরও তিন মাসের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ শেষে মাতারবাড়ীতে শুরু করেন প্রসূতিসেবার কার্যক্রম। দুই বছরের মাথায় ২০০৭ সালে সারা দেশে সেরা দক্ষ ধাত্রী নির্বাচিত হন। এ ছাড়া ২০০৭, ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে কক্সবাজার জেলার সেরা দক্ষ ধাত্রী হয়েছেন। আর ২০০৭ সাল থেকেই প্রতিবছর উপজেলার শ্রেষ্ঠ দক্ষ ধাত্রী নির্বাচিত হয়ে আসছেন।