জয়ের পথের যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন ক্যামেরা-মাইক্রোফোন নিয়ে ছোটাছুটি। দিনশেষে সম্পাদনা। তৈরি হয় সংবাদ। প্রতি শুক্রবার পরিবেশন। এমনকি স্ক্রিপ্ট তৈরির কাজটাও করে ওরা। বোঝাই যায়, কত কষ্টসাধ্য কাজ। কিন্তু নিমেষেই করে ফেলে তামান্ন জাহান জিসা, সায়কা মিনহাজ পূর্ণিমা, মালিহা ওয়াদুদ চাঁদনী ও জাহিদুল আলম অভিরা। ওদের কারও বয়সই ১৮ বছরের ওপরে নয়। ১৩ জনের এই দলটি জয় করেছে মানুষের হূদয়। ছোট কাঁধে তুলে নিয়েছে বড় দায়িত্ব। দেশের দায়িত্ব, মানুষের দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদের খোঁজে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। তুলে আনে জীবনের গল্প। বলছিলাম এটিএন বাংলার প্রতিবেদনভিত্তিক অনুষ্ঠান ‘আমরা করবো জয়’-এর দলটির কথা। ওরা এখনো কলেজের গণ্ডি পেরোয়নি। একদিকে পড়াশোনা, অন্যদিকে কর্মজীবন। কীভাবে সামলায় জিজ্ঞেস করতেই সমস্বরে উত্তর, ‘আমরা পারি।’ তামান্না জাহান জিসা বলে, ‘ওভাবেই সবার সঙ্গে কাজটাকে ভাগ করে নিই, যাতে পড়াশোনার ক্ষতি না হয়। অনেক পড়া আগেভাগে করে ফেলি।’‘প্রতিদিন তো অফিসে যেতে হয় না। তাই স্কুলও খুব বেশি কামাই হয় না। সময়মতো পড়াটা শিখে ফেলি। কোনো কাজ কালকের জন্য ফেলে রাখি না। সে কারণেই সব সামলে কাজ করে যেতে পারছি।’ জানায় মালিহা ওয়াদুদ চাঁদনী। ওদের মধ্যে দারুণ বোঝাপড়া। কথা শুনেই বোঝা যায়, একজন আরেকজনকে খ্যাপানোর চেষ্টা করলেও কপট রাগ দেখিয়ে হেসে ফেলে। ব্যতিক্রম যে ঘটে না তাও নয়। ‘একবার ঢাকার বাইরে গিয়েছিলাম আমরা। দুষ্টুমি করে প্রিয়াঙ্কার মোবাইল লুকিয়ে রাখি। মোবাইল না পেয়ে ও কাঁদতে শুরু করে। পরে বের করে দিই। তারপর দুই দিন কথা বন্ধ।’ বলে অভি। খানিকটা লজ্জিত মুখে প্রিয়াঙ্কা বলে, ‘আসলে মোবাইলটা নতুন কিনেছিলাম। এর কিছুদিন আগে মোবাইল হারিয়েছিলাম। সে কারণেই ওদের ওপর রাগ হয়েছিল। সত্যিই যদি হারিয়ে যেত!’ শিশুসুলভ দুষ্টুমির ভিড়েও ওরা পালন করে নিজের দায়িত্ব। কাজ দেখে অনুমান করা যায় না ওদের বয়স। যোগ্যতা ওদের এই অবস্থানে নিয়ে এসেছে। টেলিভিশনের কারণে কমবেশি সবার কাছে পরিচিত এই মুখগুলো। কোথাও কোনো কাজে গেলে খুব সাহায্য করে। বড়রাও খুব স্নেহ করেন। ‘আসলে পেশা ও কাজটাই এখানে মুখ্য। ছোট বলে অবহেলা করে না।’ বলে পূর্ণিমা। ওর সহকর্মীরা একটি মজার তথ্য ফাঁস করে দেয়, ‘পূর্ণিমা কোথাও গেলেই সেখানে কারও না কারও চাকরি চলে যায়। নানা অসংগতি ওর চোখেই ধরা পড়ে। কিছুদিন আগে ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিল প্রতিবেদন তৈরি করতে। সেখানে এক ব্যক্তি ওর কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরিণতিতে তাঁর চাকরি চলে যায়।’এই দলের আরেক সদস্য শারফুল আলম। একদিন বঙ্গবাজারে জ্যাকেট কিনতে গিয়েছিল। বিক্রেতা তাকে চিনতে পেরে দামাদামি না করেই অর্ধেক দামে জ্যাকেটটি দিয়ে দেন। এমন খ্যাতিকে ওরা উপভোগ করে। মালিহা বশির বলে, ‘সংবাদ উপস্থাপনা ভালো হলে স্কুলের সবাই খুব প্রশংসা করে। তখন খুব ভালো লাগে। ক্লাসের বন্ধুরা ও শিক্ষকেরা সবাই সাহায্য করে বলেই আমরা সফলভাবে কাজ করতে পারছি।’ পরিবারের অনুপ্রেরণাতেই ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। বাবা-মা অন্য ভাইবোনের থেকে এদের অগ্রাধিকার দিলে তারা রাগ করে। মালিহার ক্ষেত্রে প্রায়ই এমন ঘটে। তবে এখানেই থেমে থাকতে চায় না ওরা। ওদের স্বপ্ন কল্পনাকেও হার মানায়। ওদের মধ্যে সবচেয়ে চুপচাপ নাজমা আক্তার। ‘বেগম রোকেয়া’ নামে খ্যাত। ওর কাছে সব সমস্যার সমাধান থাকে। ও চায় গণমাধ্যমের সঙ্গে জড়িত থাকতে। কারও ইচ্ছা আইন নিয়ে পড়ার। কেউ বা হিসাববিজ্ঞানে পড়বে। ফ্যাশন ডিজাইনারও হতে চায় আরেক জন। তবে তারা এই পেশা থেকে বিচ্ছিন্ন হবে না। ভবিষ্যতের পরিচালক, প্রতিবেদক, অপরাধবিষয়ক প্রতিবেদক ও আলোকচিত্রীও হবে এরা। মনির হোসেন তপুর স্বপ্ন সিনেমা বানাবে। জীবনের অন্তিম পর্যায়ে হলেও সে একটা সিনেমা বানাবে। একটি বিষয়ে এরা সবাই একমত পোষণ করে। ছোটবেলা থেকে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হতে পেরে গর্বিত ওরা। সব ধরনের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতাটা তৈরি হয়েছে। সঙ্গে দায়িত্ববোধও। কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্তও হতে হয়েছে কয়েকবার। মাদকের ওপর প্রতিবেদন তৈরি করতে গিয়ে এমনই পরিস্থিতিতে পড়ে রাবেয়া আক্তার সুবর্ণা। এই দলের জ্যেষ্ঠ চারজন সার্বিক তত্ত্বাবধান করে। রবিউল ইসলাম রাজু তাদেরই একজন। রাজু জানায়, ‘এই অনুষ্ঠানটি চলতি ঘটনা। সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অবস্থা এবং শিশুদের নিত্যনৈমিক্তিক ঘটনা দিয়ে সাজানো হয়। এ ছাড়া মানুষের জীবনের নানা গল্পও উঠে আসে। আমরা ১৩ জন মিলেই তৈরি করি পুরো অনুষ্ঠান। সবার সুবিধা-অসুবিধা বিবেচনা করে কাজ ভাগ করে দেওয়া হয়। পরীক্ষার আগে ছুটি দেওয়া হয়, যাতে লেখাপড়ায় কোনো ব্যাঘাত না হয়। সবকিছুর আগে পড়াশোনাকে প্রাধান্য দেওয়া হয়।’ কাজের স্বীকৃতি পেয়েছেও ওরা। প্রিয়াঙ্কা, তপু, নাজমা জিতেছে ইউনিসেফ-মীনা পুরস্কার। এই খুদে সাংবাদিকদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। তারাও আসতে চায় এই পেশায়। এদের মতে, লক্ষ্য স্থির করেই কাজ করা উচিত। যেকোনো পরিস্থিতি সামলানোর ক্ষমতা তৈরি করে নিতে হবে। এসব অভিজ্ঞতা শুধু পেশায় নয়, জীবনের সব ক্ষেত্রে কাজে লাগে।