এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা-৪ পর্বত জয়ের পর এখন নামার পালা। পর্বতারোহণে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা আজ হয়ে গেল। যেন একটা ঘোরের মধ্যেই চূড়ায় পৌঁছেছি। ক্লান্তি এসে ভর করতে চাইছে শরীরে। চূড়ায় আবার চকলেট, বিস্কুট, বাদামের পাই আর পানি খেয়ে শরীরে কিছুটা শক্তি সঞ্চয় করলাম। এরপর হোয়াইট আউটের ফাঁকেই নামতে শুরু করব, এমন সময় তাওহীদ জানালেন তাঁর হাতে ফোসকা পড়েছে। এখন সেটা কী কারণে তা ঠাহর করা যাচ্ছে না। সোম বাহাদুর জানালেন প্রচণ্ড ঠান্ডায় এমন হতে পারে। আমাদের চিন্তা একে ছাড়িয়ে ‘ফ্রস্টবাইট’ পর্যন্ত গিয়ে পৌঁছাল। সেই আশঙ্কায় হাতের আঙুল জোরে জোরে ঘষতে শুরু করলাম। আর পায়ের আঙুল আইসবুটের ভেতর নাড়ছিলাম। এরপর ‘সেফটি ফার্স্ট’ নীতি মেনে নামা শুরু হলো।যদিও আগের পরিকল্পনা অনুযায়ী আজ রাতে ক্যাম্প টুতে থাকার কথা, কিন্তু তাওহীদের হাতের ফোসকার কথা চিন্তা করে বেস ক্যাম্পে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ ক্যাম্প ওয়ান বা টুতে প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ওঠার সময় অক্সিজেনের অভাব কিছুটা অনুভব করছিলাম। মনে হচ্ছিল ফুসফুস যেন পুরো বাতাস পাচ্ছে না। নামার সময় এই সমস্যা কিছুটা কমে এসেছিল ঠিকই, তবে অনেকবারই হাঁসফাঁস করতে হয়েছে। অন্নপূর্ণা ৪ পর্বতের সেই ভয়ানক ঢাল, ছুরির ফলার মতো রিজ আর ক্রেভাস পার হয়ে বেলা তিনটার দিকে সবাই ক্যাম্প টু পর্যন্ত নেমে গেলাম। এর ভেতর বেশ কয়েকবার তুষারঝড় আমাদের জোরপূর্বক যাত্রাবিরতি করিয়েছিল। তখন পর্বতের গায়ে অনেকটা টিকটিকির মতো লেগে রয়েছি। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম সবাই যেন নিরাপদে নামতে পারি। যেন কোনো অ্যাভেলান্স না নামে। কারও যাতে কোনো ধরনের সমস্যা না হয়।ক্যাম্প টু থেকে দল ভাগ হয়ে যাবে। শেরপারা তাঁবু এবং অন্যান্য সরঞ্জাম গুটিয়ে একটু পরে নামতে শুরু করবেন। আর আরোহী দল পানি খেয়েই নামতে শুরু করলাম। যদিও শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই, তবুও নেমে যাচ্ছি ওঠার সময় রেখে যাওয়া পদচিহ্ন অনুসরণ করে। কয়েক জায়গায় আবার তুষারপাতের কারণে পদচিহ্ন মিলিয়ে গেছে। তবে ফিক্স রোপে ডিসেন্ডার লাগিয়ে নামাটা অনেক ক্ষেত্রেই সহজ ছিল। নামার সময় বিশ্রামের জন্য কয়েকবার মিনিট পাঁচেক করে থামা হলো।একসময় বরফের দেয়াল বেয়ে একেবারে পর্বতের পাদদেশে পাথুরে গায়ের কাছে পৌঁছালাম। এতক্ষণ বরফে আইসবুট-ক্র্যাম্পনের কারণে সহজেই নেমে এসেছি। কিন্তু পাথুরে গায়ের কাছে সাবধানে পা ফেলতে হচ্ছে। একে তো শরীরে কোনো শক্তি নেই। তার ওপর পাথরের গায়ে ক্র্যাম্পন বারবারই পিছলে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ভয় তাওহীদকে নিয়ে। তার ছয় ফুটি দেহ নিয়ে প্রায়ই পাথর হড়কাচ্ছে লম্বা পা ফেলে। আর প্রতিবারই তাকে সাবধান করছি ছোট পদক্ষেপে নামার জন্য। কিন্তু সবার মধ্যেই একটা টেনশন—নামতে হবে, নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সে কারণেই কে শোনে কার কথা!সন্ধ্যা সমাগত। এমন সময় অন্নপূর্ণা ফোর পর্বতের পাদদেশে নামামাত্রই যেন বুক থেকে পাথর নেমে গেল। নিজেদের নিয়ে পুরো চিন্তামুক্ত। কিন্তু শেরপারা কোথায়? একে তো হোয়াইট আউট, তার ওপর সন্ধ্যার অন্ধকার ঝাঁপি খুলব খুলব করছে। তারা নেমে আসতে পারবে তো? নিজেকে সান্ত্বনা দিলাম এই বলে যে তাঁরা শেরপা, আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই।এ পর্যায়ে প্রচণ্ড পানির তেষ্টা পেল। কিন্তু কারও কাছে পানি নেই। ক্যাম্প ওয়ান থেকে ডায়নামিক মোরেন পার হয়ে বেস ক্যাম্পে নেমে যেতে সাধারণত ঘণ্টা খানেকের কিছু বেশি সময় লাগে। কিন্তু এখন শরীর ক্লান্ত থাকায় তা সম্ভব নয়, সময় লাগবে বেশি। আর বিকল্প যেহেতু কোনো পথ খোলা নেই, সুতরাং নেমে যেতেই হবে। এর মধ্যেই ঝুপ করে সন্ধ্যা নামল। সবাই মাথায় হেডল্যাম্প লাগিয়ে হাতে ওয়াকিং স্টিক নিয়ে হাঁটা শুরু করলাম। ডায়নামিক মোরেনের ওপর দিয়ে এবড়োখেবড়ো পথ। মাঝেমধ্যেই সামান্য নেমে গিয়ে আবার উঠতে হচ্ছে। এই ওঠা যেন এ মুহূর্তে অন্নপূর্ণা ৪ পর্বত জয়ের চেয়েও কঠিন। কারণ, শরীরে কোনো শক্তি নেই। ফলে ঢাল বেয়ে ওঠার সময় হাঁপিয়ে উঠছি। আর একজন অন্যকে সহায়তা করছি।এভাবে এগিয়ে রাত আটটা নাগাদ পৌঁছে গেলাম বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আমাদের আওয়াজ পেয়ে সবাই হই হই করে উঠলেন। লিয়াজোঁ কর্মকর্তা বৈকুণ্ঠ, কুক তাসি এবং পোর্টার সরদার জড়িয়ে ধরে অভিবাদন জানালেন। সবাই ডাইনিং টেন্টে গিয়ে বসলাম এবং কোনোমতে উচ্চারণ করলাম ‘পানি’। তাসি দৌড়ে পানি আর হট লেমন জুস নিয়ে এল। সঙ্গে কিছু বিস্কুট আর বাদাম। তাসি জানালেন, ক্লান্তিতে আমাদের সবার চেহারা নাকি অর্ধেক হয়ে গেছে। তাঁরা সোম, গণেশ, কৈলাসদের কথা জানতে চাইলেন। জানালাম যে তাঁরা সব তাঁবু আর পর্বতারোহণের সরঞ্জাম গুটিয়ে নেমে আসছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। বৈকুণ্ঠ বললেন যে আমরা খুবই বিপজ্জনক একটা সময়ে অন্নপূর্ণা ৪ পর্বতে অভিযানে নেমেছিলাম। এখন প্রায়ই হোয়াইট আউট হয়। তার মানে হলো আর দু-একদিনের মধ্যেই হয়তো বর্ষা শুরু হয়ে যাবে। আর তাপমাত্রার বেশ ওঠানামার কারণে অন্নপূর্ণা পর্বত এলাকায় অ্যাভেলান্স হওয়া এখন নৈমিত্তিক ও মামুলি ঘটনা। সে আশঙ্কাটাই তাঁরা সবচেয়ে বেশি করছিলেন। বৈকুণ্ঠ এটাও জানালেন, তিনি ভেবেছিলেন যে এ পরিস্থিতিতে আমরা হয়তো অভিযান বাতিল করে ফিরে আসব। কিন্তু ১৩ জুন যখন পার হয়ে গিয়েছিল এবং আমরা যখন নেমে আসছিলাম না, তখন তিনি একটা অজানা আশঙ্কা বুকে নিয়ে অপেক্ষা করছিলেন। তবে বেস ক্যাম্পে সবাই আজ আমাদের জন্য প্রার্থনাও করেছেন যেন আমরা সুস্থ দেহে সবাই নেমে আসতে পারি।ঘণ্টাখানেকের মধ্যেই শেরপারা চলে এলেন। আরেকটা আনন্দের মুহূর্ত তৈরি হলো। ২০০৯ সালের এই ১৪ জুন আমাদের জন্য একটা মাইলফলক। কারণ, এ দেশের ভেতো বাঙালি, পর্বতারোহণের সামান্য অভিজ্ঞতাকে পুঁজি করে এ দিন নেপালের টেকনিক্যাল ক্লাইম্বিং ঘরানার ‘এ’ গ্রেডভুক্ত ২৪ হাজার ৬৮২ ফুট উঁচু অন্নপূর্ণা ফোর পর্বতচূড়া জয় করেছি অক্সিজেন ছাড়াই। এই পর্বতারোহণ ছিল একটা অন্যতম চ্যালেঞ্জ। কেননা, এর আগে কোনো দিন এই উচ্চতায় কোনো বাংলাদেশি পর্বতারোহী পৌঁছেনি। সেই চ্যালেঞ্জ যখন উতরে গেলাম, সবার পরামর্শে এভারেস্ট অভিযানকেই পরবর্তী লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নিলাম।