জঙ্গিবাদের বিরুদ্ধে নান্দাইলের আফেন্দী স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিঙ্গবাদবিরোধী প্ল্যাকার্ড হাতে আফেন্দী নুরুল ইসলাম। ছবি: প্রথম আলো
জিঙ্গবাদবিরোধী প্ল্যাকার্ড হাতে আফেন্দী নুরুল ইসলাম। ছবি: প্রথম আলো
সমাজের নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছেন প্রবীণ এক শিক্ষক। জ​ঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি, স্বজনপ্রীতি, শিশুহত্যা, পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারের ভালো কাজের প্রশংসা করেও প্ল্যাকার্ড হাতে তাঁকে রাস্তায় নামতে দেখা যায়। তিনি অধ্যাপক আফেন্দী নুরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের তুরুন্তিপাড়া গ্রামের বাসিন্দা আফেন্দী নুরুল ইসলাম (৭০)। এলাকার মানুষ তাঁকে আফেন্দী স্যার নামে চেনে। নান্দাইলের শহীদস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এখন অবসর জীবন যাপন করছেন।

প্রবীণ এই শিক্ষকের প্রতিবাদী কর্মকাণ্ড নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিবাদ যদি না করো, কেউ তোমার কথা শুনবে না। প্রতিবাদ প্রথমে অন্তরে ধারণ করতে হয়। পরে প্রকাশ করতে হয়।’ ১৯৮৫ সালের কথা। তখন তুরুন্তিপাড়া গ্রাম থেকে সাইকেল চালিয়ে কলেজে এসে পড়াতেন নুরুল ইসলাম। সদরে আসার পথে অনেক ঘটনা প্রত্যক্ষ করতেন। বাজারে ইজারাদারের জুলুম, গ্রামে মহাজনের ও সুদের কারবারিদের জুলুম ছিল নিত্যদিনের ঘটনা। তখন থেকেই তাঁর ভেতরে একধরনের প্রতিবাদী চেতনার জন্ম নেয়। রাস্তায় প্রত্যক্ষ করা এসব দৃশ্য তিনি ডায়েরিতে টুকে রাখতেন।

পরে বঙ্গবাণী নাম দিয়ে হাতে লিখে একটি পত্রিকা বের করেন। গল্প ও প্রবন্ধের পাশাপাশি ওই পত্রিকায় এসব জুলুমের ঘটনা লিখতেন। অনেক কষ্ট করে হাতে লিখে কার্বন কাগজ দিয়ে চার-পাঁচ কপি পত্রিকা বের করে বিভিন্ন স্থানে বিতরণ করতেন। এভাবেই ভেতরে পোষণ করা প্রতিবাদের ভাষা বাইরে প্রকাশ করেন।

আশির দশকে উপজেলার শেরপুর ইউনিয়নে গরুচোরের উপদ্রব দেখা দেয়। চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষককে গরুর সঙ্গে গোয়ালঘরে রাত যাপন করতে হতো। এমনকি গরুর গলায় শিকল বেঁধে তাতে তালা দিয়ে শিকলের অপর প্রান্ত কৃষকের শরীরে বাঁধা হতো। শেরপুরের মাটিকাটা গ্রামে মাটির নিচে বাংকার তৈরি করে তাতে চোরাই গরু রেখে গৃহস্থের কাছ থেকে মুক্তিপণ আদায় করত চোরেরা। কৃষক থানায় গরু চুরির মামলা করতে এলে পুলিশ মামলা নিত না। করতে হতো গরু হারানোর মামলা। কৃষকদের দুরবস্থা দেখে আফেন্দী নুরুল ইসলাম একাকী প্রতিবাদ শুরু করেন। কলেজে পাঠদান শে​েষ নান্দাইলের বিভিন্ন গ্রামে সাইকেল দিয়ে ঘুরে গরু চুরির তালিকা তৈরি করেন।

ওই সময় আফেন্দী নুরুল ইসলাম পোস্টার লিখে গরু চুরি বন্ধ করার দাবিতে আন্দোলন শুরু করেন। আফেন্দী স্যারের এই অহিংস প্রতিবাদের কারণে পুলিশ প্রশাসনকে চরম বিব্রত অবস্থায় পড়তে হয়েছিল। পরে তারা সাঁড়াশি অভিযান চালিয়ে নান্দাইল থেকে গরু চুরি প্রায় নির্মূল করে। এরপর থেকে প্রায় তিন দশক ধরে তিনি তাঁর একাকী প্রতিবাদ কর্মসূচি চালিয়ে নিচ্ছেন।

সাম্প্রতিককালে ঘুষ-দুর্নীতি বন্ধ করা, সিলেটে শিশু রাজন হত্যার ঘটনা, পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যাসহ নানা ঘটনার প্রতিবাদ করছেন তিনি। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেও তিনি প্ল্যাকার্ড হাতে নিয়ে বহন করে রাস্তায় নেমেছেন। তাঁর প্ল্যাকার্ডের শিরোনাম হচ্ছে ‘জঙ্গিপনা নয় কাম্য মনুষ্যত্ব’।

প্রবীণ এই শিক্ষকের বিশ্বাস, এ দেশের মানুষ জেগে উঠবেই। শুভবুদ্ধির উদয় হবে। মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়ানো এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না—এই বিশ্বাস প্রবীণ ওই শিক্ষকের।

আফেন্দী নুরুল ইসলামের জন্ম তাঁর নানাবাড়ি গফরগাঁও উপজেলার লামকাইন গ্রামে। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন শেরপুর ইউনিয়নের লঙ্গারপাড় প্রাথমিক বিদ্যালয়ে। শেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন।

নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৭ সালে নান্দাইল শহীদস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপনায় যোগ দেন। ২০০৮ সালে তিনি অবসর নেন। তাঁর দুটি গল্প, দুটি কাব্যগ্রন্থ ও একটি  অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে।

আফেন্দী নুরুল ইসলামের স্ত্রী সাজেদা আক্তার নান্দাইল উপজেলার জ্যেষ্ঠ সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এই দম্পতির দুই ছেলে সনজিত ইসলাম ও সৌরভ ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।