ঝকঝকে তকতকে কাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং বেশির ভাগ বাসাবাড়িতে বেড়েছে কাচের ব্যবহার। তবে তা ঝকঝকে তকতকে রাখা না হলে সৌন্দর্য না বাড়িয়ে বরং বিড়ম্বনাই তৈরি করে। এ নিয়ে পরামর্শ দিয়েছেন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি সাইদা ফজিলাতুন নাজ।জেনে নিন অনেক সময় থাই গ্লাসের জানালার সূক্ষ্ম ফাঁক দিয়ে কাচে পুরু ধুলো পড়ে। সে ক্ষেত্রে আগে ব্রাশ দিয়ে ঝেড়ে তারপর পানি দিয়ে মুছে ফেলতে হবে এবং পানি না শুকানো পর্যন্ত কাচে স্পর্শ করা যাবে না। তাহলে ছাপ পড়ে যাবে। নকশা ছাড়া সাদামাটা কাচ পরিষ্কারের জন্য নিউজপ্রিন্ট কাগজ পানি দিয়ে ভিজিয়ে মণ্ড করে নিন। এটা দিয়ে কাচ মুছতে হবে। একটু শুকানোর পর শুকনো কাগজ দিয়ে মুছে নিন। ছোট কাগজের টুকরা কোথাও লেগে থাকলে ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে ফেলতে হবে।  পানিতে অল্প শ্যাম্পু মিশিয়ে তা দিয়ে কাচ মুছে কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারেন। এতে কোনো দাগ পড়বে না। অনেক সময় ঘোলাটে কাচ ময়লা হয়ে যায়, সাদা কাচে হলুদ দাগ হয়ে যায়, তখন সাবান-পানি দিয়ে মুছে স্পঞ্জ দিয়ে ঘষে ঘষে দাগ উঠিয়ে ফেলতে হয়। এবড়োখেবড়ো কাচ, ঘষা কাচ (ফ্রস্টিং গ্লাস), যেসব কাচ একটু নকশা করা থাকে; যেমন, স্টেইন গ্লাসম-এগুলো পরিষ্কারের ক্ষেত্রে সরাসরি সাবান-পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।  যেকোনো কাচের ধুলো পরিষ্কারের ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে হবে।  কাচ ফেটে গেলে তাৎক্ষণিকভাবে চিনি গুঁড়ো করে তরল চুনের সঙ্গে মিশিয়ে গ্লু তৈরি করে তা দিয়ে দ্রুত জোড়া লাগিয়ে ফেলতে হবে। কাচের ওপর লাগানো স্টিকার তুলে ফেললে অনেক সময় তার আঠা লেগে থাকে। শুকনো কাপড় কেরোসিনে ভিজিয়ে ঘষে ঘষে মুছে ফেললে তা চলে যায়।  জানালার বাইরের কাচ পরিষ্কার করার জন্য বাজারে যেসব লম্বা মপ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। বছরে অন্তত একবার মিস্ত্রিদের দিয়ে জানালার বাইরের দিকের কাচ সাবান-পানি ও কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কাচে ধুলো, শিশিরের দাগ কিংবা হাতের দাগ পড়ে গেলে সাবান-পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। অনেক সময় রান্নাঘরের জানালা তেল চিটচিটে হয়ে যায়, তাই রান্না শেষ হয়ে গেলে প্রতিদিনই জানালা পরিষ্কার করে ফেলতে হবে। হালকা কুসুম গরম পানির সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে সপ্তাহে অন্তত এক দিন পরিষ্কার করে নিলে এতে তেল চিটচিটে ভাবটা কম পড়বে।  বাথরুমের জানালা সাবান-পানি দিয়ে ধুয়ে শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।  অনেক বাড়িতে কাচের সিঁড়ি ব্যবহার করা হয়, বিশেষ করে, ডুপ্লেক্স বাড়িতে। এসব সিঁড়ির খাঁজ পরিষ্কার না করলে অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে অন্তত একবার সাবান-পানি দিয়ে আর মাসে অন্তত একবার গ্লাস ক্লিনার দিয়ে ধুয়ে ফেলতে হবে কাচের সিঁড়ি। বাথরুমের আয়নার ভেতর সাদা সাদা দাগ পড়ে যায়। তাই দেয়ালের সঙ্গে এমনভাবে আয়না আটকাতে হবে, যেন আয়নার পেছনে পারদের জায়গায় পানি না ঢুকতে পারে। আয়নায় যদি কালো দাগ পড়ে তবে পুরো আয়নাটা পরিবর্তন করতে হবে। প্রয়োজনে স্বচ্ছ স্টিকার লাগিয়ে রাখা যেতে পারে। কাচে সাদা দাগ পড়ে গেলে সিরকা আর পানি মিশিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দিয়ে মুছে ফেললে পরিষ্কার হয়ে যায়। কাচের বাসনে অনেক সময় সাদা দাগ পড়ে। সে ক্ষেত্রে প্রথমে কেরোসিন পানি দিয়ে পরিষ্কার করে পরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে। ফুলদানিতে অনেক সময় সাদা দাগ পড়ে। সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হাতের কাছে বাসন মাজার ছাই দিয়ে পরিষ্কার করলে দাগ চলে যাবে।