ঝকঝকে হাত-পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শীতে মুখের ত্বকের পাশপা​িশ হাত–পায়েরও যত্ন নিন। মডেল: ইয়াসির ছবি: নকশা
এই শীতে মুখের ত্বকের পাশপা​িশ হাত–পায়েরও যত্ন নিন। মডেল: ইয়াসির ছবি: নকশা

সাধারণত ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় বেশি পুরু হয়। তবে এর মধ্যে কনুই ও হাঁটুর ত্বক হয় আরও বেশি পুরু। যে কারণে এই অঙ্গগুলো শরীরের অন্য অংশের তুলনায় কালচে হয়ে শ্রীহীন দেখায়।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম বলেন, ‘ছেলেদের কনুই, হাঁটু বা গোড়ালির মতো স্থানগুলো বেশি শুষ্ক ও রুক্ষ থাকে। ফলে সেখানে কোনো ধরনের ঘষা লাগলেই এমন কালো হয়ে পড়ে। এই কালো দাগ শুধু হাতের কনুই বা হাঁটুতে হয় না, অনেকের গোড়ালির দুই পাশেও এমনটা হয়ে থাকে। আবার বংশগত কারণেও কালো দাগ হতে পারে।’
ছেলেদের গোড়ালি, হাঁটু বা কনুইয়ের চামড়ায় অনেক ভাঁজ থাকে বলে সহজেই সেখানটা কালো দেখায়। হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা শাদীন মাহবুব বলেন, ‘শিশুকালে এই স্থানগুলো কিন্তু শরীরের অন্য অংশের মতোই সাধারণ থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাগুলো পাল্টে কালো ও খসখসে হয়ে যায়। ছেলেরা এই স্থানগুলোর যেমন কম যত্ন নেন, তেমনি এই জায়গাগুলো নানা সময়ে ঘষা লেগে কালচে হয়ে যায়। পরিচ্ছন্ন না থাকা ও অপরিচর্যার ফলে কনুই, হাঁটু আর গোড়ালি পুরু হয়ে যায়। এ ছাড়া শরীরের ওজন বাড়লেও হাঁটুতে এটা হতে পারে।’
যেভাবে সেরে উঠবে
আফজালুল করিম জানান, এই অংশ বেশি শক্ত হয়ে গেলে সেখানে খোঁটানো যাবে না। এ ছাড়া শক্ত চামড়া নরম করতে একটু বেশি পরিমাণে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখা যায়। নিয়মিত পরিচর্যা করলে ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে উঠবে।
এর সঙ্গে আরও কিছু বিষয় যোগ করলেন রূপ পরামর্শক শাদীন মাহবুব। গোসলের সময় নিয়মিত এই অঙ্গগুলোর যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে। হাঁটু, কনুই, গোড়ালির এই জায়গাগুলো যতটা সম্ভব কম চাপ দিতে হবে। শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলতে নিয়মিত শরীরচর্চা করতে পারেন। তবে এ সময় জায়গাগুলোতে ঘষা কম লাগলেই ভালো। এক টেবিল-চামচ বেকিং সোডার সঙ্গে পরিমাণমতো তরল দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর কালচে জায়গাগুলোর ওপরে ১০/১৫ মিনিট ধরে বৃত্তাকারে মালিশ করুন। দুই দিন পর পর এই মালিশ করলে ভালো উপকার পাওয়া যাবে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে কালচে ও রুক্ষ স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। আস্তে আস্তে দাগ উঠে যাবে। এ ছাড়া টকদই ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে লাগালেও উপকার মিলবে।