ক্যামেরা স্থির পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষের ওপর। পার্থর গায়ে লাল টুকটুকে শার্ট, অপর্ণা পরেছেন ফুলেল প্রিন্টের কামিজ। দুজনেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপ মুখস্থ করতে ব্যস্ত। বেশ কয়েকবার মহড়াও সেরে নিলেন। প্রস্তুত নায়ক-নায়িকা। পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল শুটিং।‘সোলায়মান: ট্যারা নি কোনো? চাই রইও এক মিইখ্যা, চোখ রইয়িদে আরেক মিইখ্যা। নূরজাহান: আই ট্যারা ন আঁর চোখ ঠিক আছে।সোলায়মান: মাইয়্যা ইবা ফাইল্যে তো পোয়া ইবার হাত ধরিত পারে। নূরজাহান: পোয়া ইবারে মাইয়া ইবার হাত ধইত্তু মানা গইজ্যি নাকি? বলেই অপর্ণা দুষ্টুমির চাহনি দিয়ে হাত বাড়িয়ে দেয়।....’পরিচালক বলে ওঠেন ‘চমৎকার!’। এ দৃশ্যটির ঠিকঠাক শট দিতে পেরে নায়ক-নায়িকা যেন ভারমুক্ত হলেন। এর আগে দুজনকেই বেশ প্রস্তুতি নিতে দেখা যায়। শুক্রবার দুপুরে নগরের রেলওয়ে জাদুঘরের পাহাড়ে চলছিল ইমরাউল রাফাতের মেইড ইন চিটগং নাটকের পরবর্তী পর্বের শুটিং।ইমরাউল রাফাত বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে না। তবে শৈশব কেটেছে চট্টগ্রামে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানের ভাষা ও সংস্কৃতি নিয়ে একটা নাটক বানানোর। আগে হয়তো নাটকে চট্টগ্রাম এসেছে একটা চরিত্র হিসেবে। কিন্তু আমি একটি পুরোপুরি চাটগাইয়া নাটক তৈরি করতে চাইছিলাম। এই যে এখানের সহজ-সরল মানুষ, কথায় কথায় ঝগড়া, ঠেস দিয়ে কথা বলা আবার পর মুহূর্তেই ভুলে যাওয়া—এসব ব্যাপার ফুটিয়ে তুলতে চেয়েছি। অবশেষে নাটকটি তৈরি করলাম। গাজী টিভিতে প্রচার হলে আমরা বেশ সাড়া পাই এবং চ্যানেল থেকে পরবর্তী দুটো সিক্যুয়াল চাওয়া হয়। এখানে একসঙ্গে দুটো নাটক মেইড ইন চিটগং-এ জার্নি অব লাভ ও নোয়াখালী টু চিটগং-এ জার্নি অব ম্যারেজ। দুটো নাটকই এবার ঈদে প্রচারিত হবে।’ পাহাড়ের ওপরের শুটিং শেষে নিচে রাস্তার পাশে ক্যামেরা ঠিকঠাক করা চলছে। অপর্ণা পোশাক পরিবর্তন করতে গেলেন। সিঁড়ির পাশে তাকাতেই চোখে পড়ল সাজু খাদেম নীরবে স্ক্রিপ্ট মুখস্থ করে যাচ্ছিলেন। তাঁর চরিত্র সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘নোয়াখালী ও চট্টগ্রামের যে একটা দ্বন্দ্ব আছে নাটকে তা দেখানো হবে। আমার চরিত্রের নাম হচ্ছে আক্কাছ। সে নোয়াখালীর ছেলে।’ সাজু খাদেম জানান, চট্টগ্রামের প্রকৃতি তাঁকে খুব টানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এক বছর চট্টগ্রামে ছিলেন, পরবর্তী সময়ে ঢাকায় ভর্তি হয়ে চলে যান। এখানে তিনি একটি জিনিস শিখেছেন তা হলো—চা দিয়ে পরোটা খাওয়া। তিনি হাসতে হাসতে বলেন, ‘চলে গেলেও এই অভ্যাসটি সঙ্গে করেই নিয়ে গেছি এবং আমি এখনো এভাবে পরোটা খাই।’ পার্থ বড়ুয়ার একটু ব্যস্ততা কমলে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘গত ঈদে আমার দুটো নাটক ছিল একটা হলো মেইড ইন চিটগং আর কিক অফ । তখন গানের এত শো ছিল যে নাটকে তেমন কাজ করতে পারি নাই।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের সবকিছুই আমি খুব মিস করি। প্রথম দিন সন্ধ্যায় আমার শুটিং ছিল না, তাই এসেই চলে যাই বন্ধুদের কাছে। আমার বড় হওয়া, ব্যান্ড শুরু করা, পড়াশোনা সবই তো এখানে। হয়তো কাজের কারণে সব সময় আসতে পারি না কিন্তু আমার সবই তো এখানে। সমস্ত স্মৃতিই চট্টগ্রামে।’পরিচালকের তাড়াহুড়া, দিনের আলো থাকতে থাকতে এখানের শুটিং শেষ করতে হবে। স্ক্রিপ্ট হাতে প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামের নাট্যকর্মী শারমিন আঁখি। পরবর্তী দৃশ্যের কাজ শুরু হবে। পরিচালক বারবার তাড়া দিচ্ছেন...। এখানের শুটিং শেষ হলেই সেদিনের মতো শুটিং প্যাকআপ, আগামী দিন চলবে সিআরবিতে।