কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন প্রাকৃতিক ঝরনা ও খাল থেকে অবৈধভাবে বালু তোলার হিড়িক পড়েছে। ফলে সরকার মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।উপজেলার টৈটং, বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের কয়েকটি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী শ্রমিক নিয়োগ দিয়ে অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত যাদুখালী ছড়া (ঝরনা) থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।এ প্রসঙ্গে জানতে চাইলে বালু ব্যবসায়ী আবু তাহের বলেন, ‘এলাকার স্বার্থে ভরাট খালের মাটি তুলে পাহাড়ি ঢলের পানি চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।’একইভাবে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ছড়া থেকেও বালু তোলা হচ্ছে।উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী ছড়ার তিনটি স্থান থেকে বালু তুলছে একটি সিন্ডিকেট। অভিযোগ আছে, ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা এসব সিন্ডিকেটকে মদদ দিচ্ছেন।প্রাকৃতিক উৎস থেকে তোলা বালু দিয়ে রাস্তা ও বসতবাড়ির জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ আছে। পাহাড়ি ঝরনা থেকে নির্বিচারে বালু তোলার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভাঙন দেখা দিচ্ছে খালের দুই পারে।স্থানীয় চাষি আবদুল কাদের, মোহাম্মদ জুনাইদ ও মোহাম্মদ জাহেদ জানান, ছড়া বা খাল থেকে তোলা বালু সড়কের ওপর স্তূপ করে রাখায় গ্রামবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। বালুর কারণে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছে। উপজেলার পাহাড়ি জনপদ বারবাকিয়া, টৈটং ও শিলখালী পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি এসব ছড়া বা খাল দিয়ে সাগরে নেমে যায়। অবৈধভাবে বালু তোলায় খালের দুই তীরে ভাঙন দেখা দিয়েছে।বালুমহাল হিসেবে এসব খাল ইজারা দেওয়া হলে সরকার মোটা অঙ্কের রাজস্ব আয় করতে পারত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।পেকুয়া বন বিভাগের বিট কর্মকর্তা এস এম কাউসার হোসেন বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের ছড়া থেকে বালু তোলা নিষিদ্ধ হলেও অনেকে এ কাজ করছে বলে শুনেছি। এ ব্যাপারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।’অবৈধভাবে বালু তোলা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন জানান, এ ব্যাপারে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।