ঝরনা ঝরে রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ ছাড়া আর কোনো রং যেন চোখেই পড়ে না, ছবি: সৌরভ জামান
সবুজ ছাড়া আর কোনো রং যেন চোখেই পড়ে না, ছবি: সৌরভ জামান

ফেসবুকে অলসভাবে ঘুরতে ঘুরতে একটা ভ্রমণ সংগঠনের খোঁজ পেয়ে গেলাম। মাস্টার ট্রাভেলার্স অব বাংলাদেশ, ওদের দেয়ালে দেওয়া নতুন-পুরোনো বিভিন্ন আয়োজন দেখছিলাম। ভালো লাগছিল। এর মধ্যে একটি ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ও খৈয়াছড়া ট্রেইলে ভ্রমণ। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যাব। তারপর শুরু হলো প্রস্তুতি। বনজঙ্গলে ম্যালেরিয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ওষুধ, ক্রিম, জোঁক দমনের লবণ, গুল থেকে শুরু করে আরও নানা কিছু জোগাড় করে নির্দিষ্ট দিনে সবাই রওনা দিলাম মিরসরাইয়ের উদ্দেশে। ফেসবুকের মাধ্যমে এই আয়োজনে যোগ দিয়েছে আমারই মতো আরও ৩৫ জন, যাদের সঙ্গে মাত্র দুদিনেই হয়ে গেল দারুণ বন্ধুত্ব।
খুব ভোরে মিরসরাইতে পৌঁছালাম। সকালের নাশতা সেরেই গাইডসহ রওনা দিয়ে দিলাম নাপিত্তাছড়ার উদ্দেশে। তুমুল বৃষ্টির পরও দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু পথে ছিল আধা হাত গভীর প্যাচপেচে কাদা। আর আমরা সে পথে হেঁটে কাদার প্যাচপ্যাচানি আরও বাড়িয়ে দিচ্ছিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম বয়ে চলা ছড়ার মুখে। ছড়ার শীতল পানিতে কেউ তখনই গড়াগড়ি খেতে লাগল, কেউ পানি পান করতে লাগল। ঝিরিপথ দিয়ে হেঁটে যেতে লাগছিল বেশ। উঁচু-নিচু পাথরে পা মচকে যাওয়ার ভয় ছিল। তাই সাবধানে হাঁটতে হচ্ছিল। যতই সামনে এগোই, ততই সৌন্দর্য বাড়ছিল। পিচ্ছিল পাথরের ওপর দিয়ে আঁকাবাঁকা পথে হাঁটতে হাঁটতে যখন সামনে হঠাৎ নাপিকাটাকুম জলপ্রপাতটা পেয়ে গেলাম, মনে হচ্ছিল এ আমি কোথায় এলাম? এটা কি সত্যি বাংলাদেশ? নাপিকাটাকুম জলপ্রপাতের ঠান্ডা পানিতে লাফালাফি, ঝাঁপাঝাঁপি করে আবার রওনা দিলাম ওপরের দিকে। আরও ঝরনা দেখা তখনো বাকি।
নাপিকাটাকুমের ওপরে রয়েছে আরেকটি জলপ্রপাত, যার নাম ছোট নাপিকাটাকুম। সেখান থেকে কলকল ছলছল করে পানি আসছে, উপচে পড়ছে বড় নাপিকাটাকুমে। ওই পথ দুর্গম থাকায় সেখানে দলের কারও যাওয়ার অনুমতি মেলেনি। এত সৌন্দর্য পেছনে রেখে কর্দমাক্ত পাহাড়ি পথে আবারও চলতে শুরু করলাম আমরা। এবার পাহাড়ের ওপরে উঠে দেখলাম গ্রামগুলোর সৌন্দর্য। ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো সবুজ পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু হাতে সময় কম। তাই আবারও পথচলা।

সবুজ ছাড়া আর কোনো রং যেন চোখেই পড়ে না, ছবি: সৌরভ জামান
সবুজ ছাড়া আর কোনো রং যেন চোখেই পড়ে না, ছবি: সৌরভ জামান

আমরা হেঁটে যাচ্ছি ঝিরিপথ দিয়ে। পানির প্রবাহ আর গতি এখানে আরও বেশি। যতই সামনে এগোচ্ছি মনে হচ্ছে, সৌন্দর্যের একেকটা আধার উন্মোচিত হচ্ছে। জানি না সামনে কী আছে। আর সামনে আরও খানিকটা এগিয়ে যেতেই আবিষ্কারের আনন্দে আমরা সবাই জয়োল্লাস করতে লাগলাম। পৌঁছে গেছি বিশাল এক ঝরনা বাঘবিয়ানির পায়ের কাছে। এমন সবুজ পাহাড় এত রহস্য লুকিয়ে রাখার বিদ্যা কোথায় শিখেছে কে জানে? সমস্ত বন্য আদিমতা নিয়ে বাঘবিয়ানির ঝরনাধারা সশব্দে আছড়ে পড়ছে মাটিতে। আর সেই ঝরনার পানির তোড়ে তার নিচে দাঁড়ানোই মুশকিল। তবু থেমে থাকল না কেউই। সেই পানিতে কেউ ধ্যানমগ্ন হয়ে, কেউ শুয়ে, কেউ বসে, যে যেভাবে পারে নানান ভঙ্গিতে ছবি তুলতে লাগল। ঝরনার কাছে এসে সবাই এর মতো উদ্দাম আর চঞ্চল হয়ে পড়ছিল যেন! এরপর আবারও সেই একই পথে যাত্রা শুরু করতে হলো। বান্দরকুম ঝরনা দেখা এখনো বাকি রয়েছে। একটা সময় পৌঁছেও গেলাম সেটির কাছে। বিশাল বান্দরকুম ঝরনার পানির তীব্র স্রোতে নিজেকে সঁপে দেওয়া আর রহস্যময় পাহাড়ের সৌন্দর্যের কাছে আরেকবার বিস্ময়ে নির্বাক হয়ে যাওয়া ছাড়া আর কীই-বা করার আছে আমাদের।

কীভাবে যাবেন
ঢাকা থেকে বাসে মিরসরাই যেতে হবে। সেখানে লোকাল গাইডের সাহায্য নিয়ে সিএনজি অটোরিকশায় কিংবা হেঁটে নাপিত্তাছড়া ট্রেইলে আসতে হবে।