‘পুবের আকাশ সবে লাল হচ্ছে। গাড়ি ছাড়বে সেই নয়টায়। অথচ তর সইছে না! ঘুম থেকে উঠে দ্রুত দাঁত ব্রাশ করে দুই টুকরো ব্রেড মুখে পুরে বেরিয়ে পড়ি পথে। আহা! কী সুন্দর ভোরের বাতাস!’ এভাবেই বলছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্সী মিছবাহ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২৫ সেপ্টেম্বর ছিল তাঁর বিভাগের শিক্ষার্থীদের বনভোজন। আর এটাই হচ্ছে বাসা থেকে তাড়াতাড়ি বের হওয়ার কারণ।কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রুহুল আমীন ও দেবাকর সামন্তের নেতৃত্বে ১৫০ জন শিক্ষার্থী ওই দিন সকালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্কের উদ্দেশে রওনা দেন।শিক্ষার্থী সৌরভকুমার ঘোষ বলেন, ‘যাওয়ার পথে সে কী আনন্দ! দৈনন্দিন শ্রেণীকক্ষে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং ও ইলেকট্রনিকস ল্যাব, সফটওয়্যার হাউসে কাজ—এসব গৎবাঁধা নিয়মের বাইরে এসে সবাই যেন একটু বেশি আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিল। গাড়ির জানালা দিয়ে ভোরের নরম রোদ আলতো করে ছুঁয়ে দিচ্ছে আমাদের। তখনই একজন গাড়িতে বসে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গান “গাড়ি চলে না, চলে না, চলে না রে...” গেয়ে উঠল। আমরা তাকে চেপে ধরলাম, কিরে, গাড়ি তো ঠিকই চলছে! অথচ কেন বলছিস, চলছে না? আবার কেউ বা একনাগাড়ে বলে যাচ্ছে কৌতুক। শুনতে শুনতে দম ফাটানো হাসিতে ভরে উঠছে চারদিক। আনন্দ-উচ্ছ্বাসে সবাই সকালের নাশতার কথা ভুলে যাই। যখন মনে হয়, তখন দুপুর ১২টা। ভরদুপুরে গাড়ি থামিয়ে রাস্তার পাশে চলে সকালের নাশতা। এভাবেই বেলা সাড়ে তিনটায় পৌঁছে যাওয়া নির্দিষ্ট গন্তব্যে।’‘মাধবকুণ্ড পৌঁছার পর মনটা ভালো হয়ে গেল। যেন প্রকৃতি দুই হাত মেলে অপার হয়ে বসে আছে আমাদের জন্য। আমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সারা দিন খাসিপুঞ্জি, জলপ্রপাত, হ্রদ, টিলা ঘুরে দেখতে লাগলাম। শুকনো পাতা ও ছোট ছোট টিলা মাড়িয়ে সবাই ছুটলাম খাসিপুঞ্জিতে। একরাশ উচ্ছ্বাস নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি, যেন রঙিন প্রজাপতির ওড়াউড়ি। কেউ বা ক্যামেরার ফ্রেমে মেলে ধরছেন অসাধারণ সব দৃশ্যের প্রেক্ষাপট। এখানকার ঝরনার সাদা ফেনা এবং ছোট ছোট টিলার শুভ্রতা হূদয়ে চিরকাল জাগরুক থাকবে। আমি কখনো ভুলব না সেই স্মৃতি।’ এভাবেই বনভোজন প্রসঙ্গে বললেন প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন।প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী রাইসা ইসলাম তো আরও উচ্ছ্বসিত। এটাই তাঁর বিশ্ববিদ্যলয়জীবনের প্রথম ভ্রমণে যাওয়া উল্লেখ করে বললেন, ‘সারা দিন খুব মজা করেছি। ফেরার কথা ভাবতেই মন ব্যথায় ভরে ওঠে। সবার চোখ-মুখ বিষাদের কালো ছায়ায় আচ্ছন্ন। দিনমান হই-হুল্লোড়ে ক্লান্ত-অবসন্ন শরীর। তবুও থেমে নেই আড্ডা। গাড়িতে আবার অনেকেই ঘুমিয়ে পড়েন। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে রাত। ঝিঁঝি পোকার শব্দ। গাড়ির খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। চাঁদনি রাতের বাতাসে হিমের পরশ। আহা! কী শান্তি! একসময় সবার অজান্তেই গাড়ি পৌঁছে যায় সিলেটে। ততক্ষণে রাত সাড়ে নয়টা। সবাই যার যার গন্তব্যে ফেরার সময় বলে যাই, আবার দেখা হবে বন্ধু।’