ঝরনার পানিই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুকনো মৌসুমে অনেক দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। বৃষ্টি হলে আমাদের আর কষ্টের সীমা থাকে না। তখন পথঘাট বিপজ্জনক হয়ে ওঠে। দূরের ঝরনায় গিয়ে পানি আনা সম্ভব হয় না। তবে ঝরনার পানি পান করা যায় না। বৃষ্টি হলে যেটুকু পানি ধরতে পারি তা দিয়েই কোনোমতে চলতে হয়।’ এ কথা বলেন, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি গ্রামের বাসিন্দা প্রীতি শোভা চাকমা। কেবল জারুলছড়িরই নয়, দীঘিনালার শতাধিক গ্রামের মানুষ খাওয়ার পানি থেকে বঞ্চিত। দুর্গম ভেতর তারাবুনীয়া গ্রামের অনুরুপা চাকমা অশ্রুসিক্ত চোখে বলেন, ‘ছড়ার পানি পান করে ২০১০ সালে ডায়রিয়ায় আমার ছেলে সুভাষ চাকমা মারা যায়।’একই গ্রামের ধনঞ্জয় চাকমা বলেন, ‘দূষিত পানি পান করে আমার ছেলে সুজয় চাকমা (১২) ২০১০ সালে মারা যায়।’উপজেলার শিবছড়ি, তৈদুছড়া, বগাপাড়া, বুদ্ধমাপাড়া, রেংক্যার্যা, জারুলছড়ি, নাড়াইছড়ি, মনোরথ তালুকদারপাড়াসহ বেশির ভাগ এলাকার বাসিন্দা ঝরনার ময়লা পানি খেতে বাধ্য হচ্ছেন।জাম্বুরাপাড়া গ্রামের বৃদ্ধ পূর্ণ মঙ্গল চাকমা (৭৫) বলেন, ‘আমার জন্ম এখানে। নলকূপের নাম শুনেছি কিন্তু এখনো দেখিনি।’ তিনি দূরের একটি পাহাড় দেখিয়ে বলেন, ‘ওই পাহাড়টির নিচে কুয়া আছে। আমরা সে কুয়ার পানি পান করি।’ কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘গ্রামগুলোতে পানির সমস্যা যুগ যুগ ধরে। অনেক এলাকায় মাটির নিচে পাথর থাকায় নলকূপ বসানো সম্ভব হয় না। গ্রামগুলোতে যদি রিং টিউবওয়েল স্থাপন করা যায়, তাহলে পানির সমস্যা কিছুটা লাঘব হবে।’ মেরুং ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার হিরণ্ময় ত্রিপুরা বলেন, ‘পানির সমস্যা সব চাইতে বেশি এই এলাকায়। এখানে এমনও গ্রাম আছে যে গ্রামের মানুষ নলকূপ চিনে না।’ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার উপজেলার বিভিন্ন গ্রামে পানির সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘অনেক এলাকায় মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। রিং টিউবওয়েল স্থাপন করলেও পরে আর সেখানে পানি থাকে না।’