ঝরা পাতার স্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনটা এসে দাঁড়িয়েছে যেন গনগনে সূর্যের ঠিক কাছে। সূর্যের উত্তাপের আঁচ লাগছে শরীরে। মনে পড়ল প্রথম যেদিন চুয়েটে ভর্তি হই, সেদিনের কথা। চুয়েটে আসার আগে মা বলেছিলেন, ‘বাজান, ইচ্ছা ছিল তোরে নতুন একখান শার্ট আর একখান প্যান্ট কিইন্না দেই। কিন্তু তোর বাপের এখন হাতে টেহা-পয়সা তেমন নাই, তয় পরে পাঠামুনে। বাপ একখান কথা, মন দিইয়ে পড়ালেখা করিস।’ বাবা সেই অবস্থা থেকে আর কখনো উঠে দাঁড়াতে পারেননি। কী আর করা। টিউশনি করে লোকাল বাসের মতো ঠেলতে ঠেলতে চলা, আবার মাঝেমধ্যে রিকশার চেইনের মতো জীবনের চেইনও পড়ে যেতে চায়। চোখ বুজলেই কান্না। সিএসইতে পড়ি। কম্পিউটারটাও নিজের টাকায় কেনা। আদরের ছোট ভাইটি একবার আবদার করেছিল, ‘ভাইটি, হামার কিন্তু পেলেন লাগব। ওই যে ভোঁ ভোঁ শব্দ করে আকাশে ওড়ে, ওগুলান তুই পাঠাবি।’ আমি হেসে বললাম, ‘মাটিতে যেগুলো চলে, ওগুলো পাঠালে হবে না?’ ভাই মাটিতে গড়াগড়ি করে কাঁদে আর বলে, ‘অইবো না, অইবো না।’ মনে পড়ে গেল, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর দ্বিতীয় দিন গণিত শিক্ষক এস আলম স্যারের ক্লাস টেস্ট ছিল নয়টায়। নয়টা তিনে গিয়েছিলাম বলে স্যার ঢুকতে দেননি। বলেছিলেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান।’ মেকানিক্যাল ড্রয়িং-এ পেনসিল দিয়ে আঁকতে গিয়ে বারবার শিসটা ভেঙে যেত, পরে বন্ধুর পেনসিল নিতাম। সমস্ত পরিশ্রমের পর ভার্টিক্যাল উইটথ্ ও হরিজন্টাল উইট্থ একটু কম-বেশির কারণে অবধারিত ‘রিপিট’ পেতাম। মনে পড়ল বাড়ির কথা। বাড়িতে থাকলে পুকুরে গোসল করি। নিমপাতার ডাল দিয়ে দাঁত ঘষি—কিচিরমিচির শব্দ শুনে বুঝতাম দাঁত পরিষ্কার হচ্ছে। বর্ষাধোয়া পাতায় রোদের পিছলে পড়া কিংবা সবজি বাগানে কপির চারায় পানি দিয়ে কলাগাছের খোল দিয়ে ছায়া দেওয়ার দিনে মা ডাকতেন হঠাৎ। বলতেন, ‘আয় বাজান, কাছে বোস, তোর কলেজের (বিশ্ববিদ্যালয়) কথা একটু ক তো দেখি।’ আমি বলতাম, ‘মা, তোকে একদিন নিয়ে যাব।’ নিয়ে আসা এখনো হলো না। একদিন চুয়েটে আসার সময় মা ৫০০ টাকার একটা নোট দিয়ে বললেন, ‘তুই কিছু কিনে নিস।’ মাকে জড়িয়ে ধরে বললাম, ‘মা, এইটা আমি নিতে পারব না।’ মা রাগ করে বললেন, ‘না নিলে হামাকে আর মা ডাকবি না।’ তিলে তিলে জমানো এই টাকায় যে লুকানো কত দীর্ঘশ্বাস। এই আবেগ অনেকের কলেজেই শেষ হয়ে যায়। আমি বিশ্ববিদ্যালয়ে এসেও তা ছাড়তে পারলাম কই। এরই মধ্যে নববর্ষ আসে, তরুণেরা কারুকাজখচিত পাঞ্জাবি পরে, তরুণীরা রিমঝিম চুড়ি আর নুপূরের নিক্কণের মাদল পায়ে ছন্দিত তরঙ্গে বলে ওঠে, ‘এসো হে বৈশাখ, এসো এসো।’আমার বলা হয় না। দুচোখ মেলে কোথাও যেন একটা নয়, হাজারটা নয়, অনেক ধূসর কল্পনার দেয়াল। এর মধ্যে জীবনে প্রেম আসে। সুনীলের বরুণার মতো কথা না রেখে সে চলে যায়। এর মধ্যেই অনন্ত পরিশ্রমের পর প্রতিটি সেমিস্টারের ফলাফল যেন শ্রম আর ঘামে ভেজা ইতিহাস। শেষের নৈঃশব্দতে আসে ‘১ম বর্ষের প্রজেক্ট'-বিষয়ক ভাবনা। প্রজেক্ট তত্ত্বাবধায়ক স্যারের কণ্ঠটাই কানে বাজে।‘আমি তোমাকে শুধু সমবেদনা জানাতে পারি কিন্তু আমার কিছু করার নেই’ স্বপ্নটা তাই পাস করে ভালো একটি চাকরির। সেদিন ফোনে মা প্রায়ই কেঁদে ফেললেন, বোনটার পড়াশোনা বন্ধ হওয়ার মতো। তাকে সান্ত্বনা দিলাম। ‘আর কয়েকটা দিন। তারপর...’কোথাও যেন ঝরা পাতার স্বর শুনি, প্রস্ফুটিত বকুলের কান্না শুনি। কিন্তু আমারও তো বলতে ইচ্ছা করে—‘বিলিভ ফ্রম মাইহার্টআই ডু বিলিভউই শ্যাল ওভারকাম ওয়ানডে।’ মাহফুজ শিমুল কুয়েট, চতুর্থ বর্ষ