সে রাতে জোনাকিরা আলো জ্বালেনি। শোনা যায়নি কোনো খেঁকশিয়ালের এলোমেলো ডাক। নিশাচর পাখিরাও ছিল চুপ করে। তবুও নীরব নেই চারপাশ। পথে পড়ে ছিল একজন জননীর নিথর দেহ। ছোপ ছোপ রক্ত পিচের ওপর এঁকেছে ওলটপালট ছবি। জননীর স্তন চুষে এখনো বাঁচতে চাইছে বুকের শিশুটি। প্রাণভয়ে দিগ্বিদিক ছুটছে নিরীহ মানুষ। মরে যাওয়াই যেন সহজ কাজ। বেঁচে থাকার জন্য আর কত দূরে যেতে হবে। রাতের আঁধারে আড়মোড়া ভেঙে নতুন করে জেগেছে এ নগরের মানুষ। গোলাগুলি আর আগুনের হলকায় আলোকিত সব। বোঝা যায়, হাজারো লাশ ঠাঁই নিয়েছে আজ ঢাকার মাটিতে। কত কবর খুঁড়তে হবে কে জানে। গাছের পাতাগুলো পর্যন্ত স্থির হয়ে আছে আতঙ্কে। আমি একটুও বাড়িয়ে বলছি না। ভাবছেন হয়তো আবেগ ধরে রাখতে না পেরে এমন করুণ বাক্যের পসরা সাজিয়েছি। ডাহা মিথ্যে কথা। কবিগুরু লিখেছিলেন, ‘কোন সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে তখন যে লেখা ভালো হইবে এমন কোন কথা নাই। তখন গদগদ বাক্যের পালা।’ ভেতরে আমার সদ্য আবেগ আছে সত্যি, তবে তাই বলে মিছে বলার উপায় নেই। পঁচিশে মার্চের সেই কালরাতের ভয়াবহতা বোঝানোর সাধ্যি আমার মতো অধমের নেই। আর নেই যে তার প্রমাণ রাইফেল, রোটি, আওরাত নামের এক অসাধারণ উপন্যাস। শব্দের বুননে মুক্তিযুদ্ধের সেই সময়কে যে অসাধারণ দক্ষতায় লেখক আনোয়ার পাশা বেঁধেছেন, তুলনা নেই তার। লড়াইয়ের পুরো ঘটনাই যেন ঠাঁই পেয়েছে এ বইয়ে পাতায় পাতায়।রাইফেলকাক-শকুনের দিনকাল ভালোই যাচ্ছে। সবখানে লাশ আর লাশ। ধীরে ধীরে দেহ থেকে মাংস ছিঁড়ে মানুষের কঙ্কালটা বের করে আনে ওরা। জানা নেই, কত মানুষ ছাব্বিশে মার্চের সূর্যোদয় দেখল। বলতেই হবে, সৌভাগ্যবান তারা। ঘ্রঅঅ...গররর...দ্রিম—এমন শব্দের সঙ্গে পরিচিত এখন লোকজন। রাইফেলের ঘুম ভেঙেছে অনেক দিন পর। সমানে মারছে মানুষ। দেয়ালে দেয়ালে বসন্তের ক্ষত চিহ্নের মতো বুলেটের দাগ। এ উপন্যাসের প্রধান চরিত্র সুদীপ্ত শাহিন। অধ্যাপনা তাঁর পেশা। কোনোমতে জঘন্য সময়গুলোর ধকল কাটিয়ে সুস্থির হয়েছেন তিনি। কারও কোনো সাড়াশব্দ নেই। খুব একটা সাহসী বলে সুনাম নেই এ অধ্যাপকের। কিন্তু প্রাণভয়ে খাটের নিচে শুয়ে কাটানোর মতো ঘটনা এই প্রথম। পা টিপে টিপে বের হলেন ঘর থেকে। সবার খোঁজখবর নেওয়া দরকার। ইকবাল হল আর নীলক্ষেত দিয়ে যেতে যেতে শুনতে পান একেকটি মৃত্যুসংবাদ। মরণের কথা এমন পানসে লাগেনি কখনো আর। ছাত্রদের প্রিয় মধুদা আর নেই। শুনলেন, হানাদাররা মেরে ফেলেছে ড. গোবিন্দ চন্দ্র দেব, মুকতাদির, ফজলুর রহমান আর জ্যোতির্ময় গুহঠাকুরতাকে। ছি-ছি, এমন মাটির মানুষের দিকে গুলি ছোড়ার আগে ওদের হাত কি একটুও কাঁপল না। হাঁটতে হাঁটতে সাথি হিসেবে খুঁজে পান ফিরোজকে। মিলিটারির ভয় এড়িয়ে তাঁরা দেখতে থাকেন অসহায় মানুষকে। চোখে পড়ে জগন্নাথ হলের মাঠে মাটিচাপা দেওয়া অসংখ্য লাশ। মটি ফুঁড়ে আঙুল, হাত, পা বের হয়ে এসেছে মৃতদেহগুলোর। এমন দৃশ্য বেশিক্ষণ সহ্য করা যায় না। দিশেহারা হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত শাহিন। স্ত্রী-সন্তানের খোঁজ নেওয়া হয়নি। সবকিছুই খুব অগোছালো। নিষ্ঠুর রাইফেল লণ্ডভণ্ড করেছে সব। এমন ভাবনা ভাবতে না-ভাবতেই গর্জে ওঠে আবার রাইফেল। তারপর দিনভর ঠাটা শব্দে তার ডেকে চলা। কখনো অহেতু, আবার কখনো আমজনতার রক্তের লোভে।রোটিসাতচল্লিশে দেশটি স্বাধীন হয়েছে ঠিকই, তবে বাংলার মানুষ কখনো স্বাধীনতা পায়নি। দেশ এক হলেও দুই অঞ্চলের মধ্যে হাজার মাইলের ব্যবধান। পেটে খাবার না থাকলে চিবিয়ে খেতে হয় মানচিত্র। তাই তো অধিকার আদায়ের জন্য প্রতিবাদী হয়েছিল পূর্ব পাকিস্তানের মানুষ। সহ্য হলো না পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর। আন্দোলন দমিয়ে রাখার জন্য কতই না চেষ্টা তাদের। তবে একসময় বুঝল পুরোনো কাসুন্দি ঘেঁটে আর লাভ নেই। মার্চ মাসের হামলা তাদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করেছে ওরা। বস্তির টিনগুলো পর্যন্ত গলে গেছে। রেহাই পায়নি ছোট্ট টিনের কৌটাও। একটা কৌটাও চোখে পড়ে না কোথাও। অনুভব করা যায় না তার ফাঁপা কোটরে থাকা বাতাসের হাহাকার। এমন বিপদের দিনেও খিদে পায়। অনেক খিদে। বড়রা না হয় চুপ মেরে গেল; কিন্তু নিষ্পাপ শিশুদের খিদের জন্য কান্না থামানোর মতো কেউ কি আছে? কেউ নেই।আওরাতপলি নামের এক মেয়ে বুকে মাইন পেতে দাঁড়িয়ে যায় হানাদার বাহিনীর ট্রাকের সামনে। প্রশ্ন মনে জাগতেই পারে, এমন সাহস কোথায় পেল সে। কেনই বা নিজের জীবনকে শেষ করে দিল। জবাব—দেশের জন্য ভালোবাসা, প্রতিশোধ। চিত্রশিল্পী আমনের ছবির নিচে তাই তো এই শপথবাক্য—‘মা গো, সন্তানের রক্তে তোমার বুক ভেসেছে, শত্রুর রক্তে তোমার পা ধোয়াব।’ রোকেয়া হলের দেয়ালের এক পাশ ভাঙা। গলতে শুরু করেছে মেয়েদের মৃতদেহগুলো। কাক, শকুন, কুকুর আর কত খাবে। শরীরগুলো দুমড়ে-মুচড়ে গেছে। জোর করে ধরে নিয়ে যাওয়া মেয়েগুলোর ছেঁড়া চুল উড়ছে বাতাসে। ঝি-চাকরদেরও মেরে সাফ করে দিয়েছে সব। এ দেশের কোনো কিছুই ঠিক রাখা চলবে না। নিচিহ্ন করে ফেলতে হবে। আর যেন না ডাকে কোকিল। বুলবুলি, টিয়ে পাখি, ময়না—সব মেরে ফেলতে হবে। ভুলেও যেন হাস্নাহেনা কখনো আর গন্ধ না ছড়ায়। পথজুড়ে শুধু থাকবে ঝরা বকুল ফুলের কান্না। প্রিয়জন হারানোর বেদনায় সর্বক্ষণ কাঁদবে ফুলগুলো। সুদীপ্ত শাহিনের মতো কিছু লোক তবুও আশা ছাড়েন না। দেশটা স্বাধীন হবেই। সেই দিন বেশি দূরে নয়।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত হন লেখক আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধের সময় লেখা এ উপন্যাসটি পুরো লড়াইটা সরাসরি নিয়ে আসে চোখের সামনে। বইটির প্রচ্ছদ ও অলংকরণের কাজ করেছেন কাইয়ুম চৌধুরী। স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত এ বইটিতে তেমন কোনো ভুল ধরা পড়েনি। বইটি আরও সহজলভ্য হলে ভালো হয়।স্বাধীন এ দেশে জোনাকিরা আবার রাতভর আলো জ্বালায়। ঝিঁ-ঝিঁ পোকাদের ভরপুর ডাকে কানে তালা লাগার জোগাড়। এমনই কোনো এক রাতে নাতি-নাতনিদের যুদ্ধের গল্প শোনান প্রবীণেরা। ফিরে আসে রাইফেল, রোটি, আওরাত-এর সেই ভয়ংকর রাতের কথা। ফিরে আসে অতীত। অতীতই বুনে দেয় বর্তমানের ভিত। আর তাই তাকে জানা দরকার। খুব বেশি দরকার সবারই জন্য...।