ঝরে পড়ছে শত শত শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট বেলা ১১টা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে গল্প করছিলেন ১০-১২ জন কিশোর-তরুণ। বয়স ১৫-২০ বছর। কথা প্রসঙ্গে জানা গেল তাঁদের কেউ পড়ালেখায় পঞ্চম শ্রেণীর গণ্ডি পেরোতে পারেননি। কারণ জানতে চাইলে তরুণদের একজন বিশ্বজিৎ চাকমা (১৮) বললেন, ‘এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও পঞ্চম শ্রেণীর বেশি পড়ালেখা করতে পারিনি।’ বিশ্বজিৎ চাকমার মতো সাজেক ইউনিয়নের শত শত শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে পঞ্চম শ্রেণী থেকে ঝরে পড়ছে বলে জানা গেছে। সাজেক ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নে মোট ৪১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে আটটি সরকারি, তিনটি কমিউনিটি এবং ৩০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় নেই এমন এলাকায় রয়েছে ১০টি কোচিং সেন্টার। এ ছাড়া যেখানে কোনো বিদ্যালয় নেই, সেখানে ২০-৩০ পরিবার মিলে বার্ষিক হিসাবে টাকা দিয়ে একজন শিক্ষক রেখে ছেলেমেয়েদের পড়ানোর ব্যবস্থা করে। জানা গেছে, দুর্গম সাজেক ইউনিয়নের মানুষ যুগ যুগ ধরে শিক্ষাক্ষেত্রে অবহেলিত। ইউনিয়নের আশপাশে ৫০-৬০ কিলোমিটারের মধ্যে মাধ্যমিক পর্যায়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে প্রাথমিক পর্যায়েই লেখাপড়ায় ইতি টানতে হয় শিক্ষার্থীদের। বর্তমানে বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার হার ৬৫ শতাংশ। কিন্তু সাজেক ইউনিয়নে এ হার মাত্র ১০ শতাংশ। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নে ৪০টির বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অথচ একটিও মাধ্যমিক বিদ্যালয় নেই। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় লোকজন মিলে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। কিন্তু আর্থিক অনটনের কারণে তা চালু করা যাচ্ছে না।’২২ আগস্ট মাচালং এলাকায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘শিক্ষা ও সম্ভাবনা শীর্ষক’ এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে এলাকায় শিক্ষার উন্নয়নে সমস্যাগুলো তুলে ধরা হয়। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা। বক্তব্য দেন ইউপিডিএফের সংগঠক দেবদন্ত ত্রিপুরা, বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা, শিক্ষক রূপায়ণ চাকমা, সাংবাদিক গিয়াস উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য বিনয় কুমার চাকমা ও উদয়ন চাকমা, অমর শান্তি চাকমা, বিশ্বনাথ চাকমা, সাংপুই মেরী লুসাই, সত্যজিৎ চাকমা, রিপন চাকমা ও সমরিকা চাকমা প্রমুখ।বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা বলেন, ‘২০০০ সালে সাজেকে শিক্ষার হার ছিল ৫ শতাংশ। ১২ বছর পর বর্তমানে এ হার বেড়ে হয়েছে মাত্র ১০ শতাংশ। অথচ পুরো বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার হার ৬৫ শতাংশ। এই হার সাজেক ইউনিয়নে শিক্ষার নাজুক অবস্থার কথা মনে করিয়ে দেয়।’এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাওসার প্রথম আলোকে বলেন, ‘সাজেক হচ্ছে বিশাল এলাকা। এলাকার লোকজন দারিদ্র্যসীমার নিচে বাস করে। সদরে এসে লেখাপড়া করা তাদের পক্ষে সম্ভব হয় না। এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রতিবছর শত শত শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ছে।’ তিনি বলেন, ‘ইউনিয়নের মাঝামাঝি স্থান মাচালং এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় করা গেলে খুবই ভালো হতো। প্রথমে একটু কষ্ট হলেও দুয়েক বছর পর এমপিওভুক্ত করা যাবে।’