ঝলমলে এক ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাস্ট্রাস রানওয়ের একটি কিউতে দুই মডেল। ছবি: খালেদ সরকার
লাস্ট্রাস রানওয়ের একটি কিউতে দুই মডেল। ছবি: খালেদ সরকার

ওপরে উঠে লিফট থেকে নামতেই আভাস মিলল উৎসবের। আলো ঝলমলে বলরুমে ঢোকার মুখেই ছবি তোলার আয়োজন। মডেল-অতিথিরা আসছেন, ছবি তুলছেন। অনুষ্ঠান শুরুর তখনো বাকি। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড ট্রেসেমে নিবেদিত ফ্যাশন শো শুরুর আগের গল্প এমনই।
জমকালো আয়োজনে ‘ট্রেসেমে প্রেজেন্টস দ্য লাস্ট্রাস রানওয়ে’ শিরোনামে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হলো রাজধানীর একটি হোটেলের বলরুমে। ৩ জুনের আয়োজনে যুক্ত ছিল আয়োজন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনফিনিটি। সারাহ করিম, আনোখি, জুরহেম, সালিতা নন্দা, নীতা লুলা, অগ্নিমিত্র পালের মতো খ্যাতনামা ডিজাইনারদের নকশা করা পোশাকে র্যা ম্পে দ্যুতি ছড়ান মডেলরা। আলো ঝলমলে বর্ণিল এই আয়োজনে চুল সুরক্ষায় ট্রেসেমের নতুন পণ্য ‘আয়োনিক স্ট্রেংথ’কেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
শুরুতে সারাহ করিমের ডিজাইন করা পোশাকে আসেন পিয়া, ইমিসহ মডেলরা। এরপরই অগ্নিমিত্র পালের ডিজাইন করা নব্বইয়ের দশকের মন মাতানো পোশাকে হাজির হন মডেলরা। গানের তালে শুধু তাঁদের হাঁটাই নয়, অভিনয়েও চিত্ত জুড়াল দর্শকদের। জুরহেমের ‘দ্য রেবেলস অব চায়না’ নামে নতুন নকশার পুরুষদের অভিজাত পোশাকে আলাদা মাত্রা যোগ করে আয়োজনে।
তখনো অপেক্ষা, কখন আসবেন শো-স্টপার বলিউড অভিনেত্রী লিসা রে। শেষ বেলায় অপেক্ষার ইতি টানতে হাজির তিনি। সারাহ করিমের ডিজাইন করা সোনালি-রুপালি চকচকে পোশাক গায়ে জড়িয়ে র্যা ম্প মাতালেন এই অভিনেত্রী। গলায় মণি-মুক্তার হার, লম্বা কানের দুল, সিঁথি কাটা পরিপাটি চুলের সঙ্গে সবাইকে তিনি মোহিত করলেন স্নিগ্ধ হাসিতে। র্যা ম্প শেষে সবাইকে স্বাগত জানিয়ে লিসা রে বলেন, ‘আমাকে কলকাতার মেয়ে হিসেবেই বলতে পারেন। তাই বাংলার প্রতি ভালো লাগা আছে। এবারই প্রথম আমি বাংলাদেশে এলাম। “দ্য লাস্ট্রাস রানওয়ে”র পঞ্চম বর্ষপূর্তির এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে।’