ঝলমলে ক্যাটওয়াক
‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে...’ গানের তালে তালে ফ্যাশন কিউতে জমে উঠেছিল রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১০। প্রথম কিউতে মডেলরা হাজির হয়েছিলেন বাঙালি নারীর চিরন্তন পোশাক শাড়ি নিয়ে। শাড়ি-ক বিভাগের এ আয়োজনে ডিজাইনারেরা মূলত গাঢ় রঙের কাপড়ে পুঁতি আর চুমকির ব্যবহারে তুলে ধরেছেন উৎসবপ্রিয় বাঙালির রং সচেতনতা। এরপর মঞ্চে আলো ছড়ায় বাঙালি পুরুষের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি। দেশীয় কাপড়ে পাশ্চাত্যমুখী ডিজাইন আমাদের পোশাকের পালা বদল ঘোষণা করে। শাড়ি-খ বিভাগের আয়োজনে হালকা রঙের প্রাধান্য ছিল। তবে শাড়িতে জমকালো হাতের কাজ ছিল চোখে পড়ার মতো।বৈচিত্র্যপূর্ণ ব্লাউজের সঙ্গে চুমকি ও পুঁতির কাজে শাড়ি-গ বিভাগের ফ্যাশন কিউতে ডিজাইনারদের পোশাক তৈরির ক্ষেত্রে ভিন্ন মাত্রার পরিচয় মেলে। স্লিভলেস, কলার আবার সাধারণ ব্লাউজের সঙ্গে হালকা রঙের শাড়ির যোগসূত্র ছিল অসাধারণ। তারপর মঞ্চে আসেন সালোয়ার-কামিজ ক বিভাগের সাত মডেল। দেশি-বিদেশি কাপড়ে বাহারি ওড়নার ব্যবহার ছিল চমৎকার। সিল্ক কাপড়ে চুমকির কাজ যোগ করেছে নতুন মাত্রা। শার্টের ফ্যাশন কিউতে মাত করেছে বিভিন্ন আকর্ষণীয় কলারের শার্ট। ভিন্ন ভিন্ন কলারের সঙ্গে ছিল টাই, স্কার্ফ আর রোদ চশমা। সালোয়ার-কামিজ খ বিভাগে মসলিন ওড়নার ব্যবহার আমাদের পুরোনো গৌরবের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল বার বার। ভিন্ন কাটের হাতাগুলোও নজর কেড়েছে।টি-শার্টের ফ্যাশন কিউতে আমাদের তারুণ্যের শক্তিকে জাগরিত করেছে। গতানুগতিক ধারার বাইরে টি-শার্টে বেল্টের ব্যবহার আলাদা মাত্রা যোগ করেছে। ফিউশন বিভাগে স্থান পেয়েছে পাহাড়ি পোশাক থেকে শুরু করে হাল সময়ের বহুল ব্যবহূত চুড়িদার। দেশি-বিদেশি ডিজাইনের মিশেলে পোশাকে বাহারি পাথর ব্যবহার ছিল চোখে পড়ার মতো। মেয়েদের ফতুয়ায় ছিল আধুনিকতার ছাপ। বেল্ট, স্কার্ফ—সঙ্গে চমৎকার টুপির ব্যবহার। যুগল পোশাকে প্রাধান্য পেয়েছে পাঞ্জাবি-শাড়ি। তবে ফতুয়ার সঙ্গে শাড়ির মেলবন্ধন ছিল নজরকাড়া। দেশি কাপড়ে এসব পোশাকে দেশজ রঙের প্রাধান্য ছিল। সবশেষে ফ্যাশন কিউতে এসেছিল ছোট্ট ফুলপরিরা। ফ্রক, চুড়িদার, পাঞ্জাবি, থামি কাপড়ে যেন এক পরির রাজ্য। বিচিত্র রং আর ডিজাইনের সঙ্গে ছিল জরির কাজ। মাথায় টুপির আভিজাত্য ছিল বেশ ঝাঁকালো। ঈদের আনন্দ যে শিশুদেরই বেশি পুলকিত করে তার প্রমাণ মেলে তাদের বাহারি পোশাকে উজ্জ্বল রঙের ব্যবহারে। আর এই চোখ ধাঁধানো ফ্যাশন কিউর পেছনের মানুষটি ছিলেন দেশের খ্যাতিমান কোরিওগ্রাফার জিয়া। বরাবরের মতোই আলোকিত ঈদ ফ্যাশনের আয়োজনেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।