ঝলমলে মঞ্চে প্রাণবন্ত ক্যাটওয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের ঠিক মাঝখানে যেন একফালি চাঁদ। চাঁদের বাড়ি থেকে একে একে বেরিয়ে আসছে রূপসীরা। পরনে বাঙালির চিরন্তন পোশাক শাড়ি। আলো ঝলমলে মঞ্চে শুরু হলো ফ্যাশন প্রতিযোগিতার কিউ। সংগীতের তালে তালে র‌্যাম্পে মডেলদের ক্যাটওয়াক নজর কাড়ে দর্শকদের। শাড়ির ক্ষেত্রে ডিজাইনাররা উৎসবকে মাথায় রেখে লাল, মেরুন, কালোসহ বাছাই করে নিয়েছিলেন বিভিন্ন জমকালো রং। শাড়ি ‘ক’ বিভাগে মসলিন, জামদানি, সিল্কের ওপর ছিল হাতের কাজ। এ ছাড়া মেশিন এমব্রয়ডরি আর তাতালের কাজে ছিল নতুনত্ব। ‘গ’ বিভাগে প্রকৃতির কথা মাথায় রেখে তাঁতের ও সুতির হালকা পাড়ের শাড়িতে রাখা হয়েছে হ্যান্ড পেইন্ট, ব্লক ও কুরুশ কাটার কাজ। প্রতিটি বিভাগেই নানা ডিজাইনের ব্লাউজ শাড়িতে যোগ করেছে ভিন্ন মাত্রা। দ্বিতীয় কিউতে আলো ছড়াল ছেলেদের প্রাণের পোশাক পাঞ্জাবি। উৎসব মানেই নারীর ক্ষেত্রে যেমন শাড়ি তেমনি ছেলেদের পাঞ্জাবি। চুড়িদার, জিন্সের সঙ্গে পেস্ট কালার, মেরুন সাদার মিশেলে বিভিন্ন রঙের বাহার ছিল চোখে পড়ার মতো। পাঞ্জাবিগুলোর মধ্যে শেরওয়ানী কলার, পাশ্চাত্য ঢং সুতা ও জরির কাজ আর মডেলদের উপস্থাপন দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।ফ্যাশন শোর আসল মজা ফিউশনে। ফিউশনে ছিল ১০টি পোশাক। বিভিন্ন উপদান, রং, কড়ি, সুতা, ইত্যাদি ব্যবহার করে নতুন ধাচের ১০টি পোশাক ছিল নজরকাড়া। ক্যাপ, ব্যাগ সবকিছু মিলিয়ে ডিজাইনারদের সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায় এই কিউটিতে।ঈদ আসলেই তরুণীদের প্রথম পছন্দ থাকে সালোয়ার-কামিজে। তাতেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যায় প্রদর্শিত দুই বিভাগের ১৬টি সালোয়ার-কামিজে। লম্বা কাটিংয়ের কামিজের সঙ্গে ছিল চুড়িদার ডিভাইডার, সাধারণ সালোয়ার। সালোয়ার-কামিজগুলোতে হাতের কাজ, অ্যাপ্লিক, পুঁতি, লেইস—এ ধরনের কাজগুলোতে নৈপুণ্যের ছোঁয়া পাওয়া যায়।ছেলেদের ফতুয়া ও টি শার্টেও ছিল ব্যতিক্রমী কাজ। ফতুয়াতে ছিল সুতার হাতের কাজ, মেশিন অ্যামব্রয়ডরি, দড়ি ও শামুক ঝিনুকের কাজ যা সবাইকে আকৃষ্ট করে। আর শার্টের মধ্যে ছিল বোতাম ও পকেটের বাহারি কাজ।ফ্যাশনের একটি আকর্ষণীয় কিউ ছিল যুগল। ‘এসো বসন্ত দিনে’ গানের সঙ্গে সাত জোড়া যুগল প্রদর্শন করে যান বাহারি রঙের সাত জোড়া পোশাক। প্রথমে আসেন নীল মসলিন শাড়ি ও ব্লেজার পড়া যুগল। মনে হচ্ছিল যেন একজোড়া ময়ূর ময়ূরী। এরপর মঞ্চে আসে তাঁতের ডুরে শাড়ির সঙ্গে গামছার ফতুয়া। যুগলদের সাত জোড়া পোশাকেই ছিল ভিন্নতা। এভাবে চলতে থাকে একে একে ১৩টি কিউ। মাঝে মাঝে চলে গান, নাচ আবার কিউ। র‌্যাম্প মডেলদের কোরিওগ্রাফিতে ছিলেন টুম্পা বুলবুল।