ঝলমলে রোদ আর ঝলমলে পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ আগস্ট। ঈদের দিন সকাল। তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে দেখতে পাচ্ছি মহানন্দা নদীর পানিতে ঝলমলে রোদ। বারান্দার সোফায় বসলেই মহানন্দার ওপারে ভারতবর্ষ। নদীটিই আলাদা করেছে দুটি দেশ।ডাকবাংলোর কেয়ারটেকার হাবিব এরই মধ্যে তিন রকম সেমাই দিয়ে বুঝিয়ে দিল আজ ঈদ। এরপর ধোঁয়া ওঠা চা পানের মজাই আলাদা।বেলা গড়াতেই ডাকবাংলোয় নতুন পোশাকে সজ্জিত শিশুদের ঢল নামল। কালো চশমায় চোখ ঢাকা নয়-দশ বছরের একটি ছেলের দেখা মিলল।‘কী নাম তোমার?’‘শাকিব খান।’‘তুমি কি সিনেমায় অভিনয় করো?’শাকিব একটু হেসে কী বলবে স্থির করে নেয়। ‘হ করিই তো। অভিনয়ই আমার জীবন!’এই উঁচুদরের বাক্যটা বুঝতে একটু সময় লাগে আমারও। শাকিব খান যে দার্শনিক বাক্যটি উচ্চারণ করেছে, তার বিশ্লেষণে না গিয়ে জিজ্ঞেস করি, ‘তোমার চশমাটা কবে কিনেছ?’‘কাইল, চানরাইতে। এক শ টাকা দাম।’শাকিবের পাশ দিয়েই ঝরনাধারার মতো কলহাস্যে ছুটে চলেছে পাঁচটি মেয়ে। বয়স আন্দাজ করলাম সাত থেকে দশ। এবার ওদের নিয়ে পড়ি।‘ঈদ মোবারক।’উত্তরে পাখির কিচিরমিচিরের মতো একযোগে শুনতে পাই, ‘ঈদ মোবারক।’‘তোমরা সেমাই খেয়ে বেরিয়েছ?’ওদের মধ্যে সবচেয়ে স্মার্ট মেয়েটি বলে, ‘সেমাই খাওয়া শেষ। এখন ঘুইরা বেড়ানো। তারপর পোলাও।’‘তোমাদের নামগুলো বলবে?’এবার একজনের পর একজন নাম বলতে থাকে। মনে হয়, কোনো পরীক্ষার উত্তর দিচ্ছে ওরা।‘মোসাম্মাত রিজভি আক্তার ।’‘মোসাম্মাত খাদিজা আখতার।’‘মাহবুবা আখতার।’‘ফাতেমা আখতার।’পঞ্চম জন সবচেয়ে ছোট, ওর উত্তরটা ঠিকভাবে বুঝতে পারি না, ‘ইসমাতারিয়া।’‘ইসমাতারিয়া?’—বিস্ময় প্রকাশে দেরি করি না। খাদিজা আখতার ব্যাখ্যা করার জন্য মুখ খোলার আগেই ‘ইসমাতারিয়া’ এমনভাবে বলে, যেন আমার বুঝতে অসুবিধা না হয়, ‘আমার নাম রেসমা আখতারিয়া।’খাদিজা বলে, ‘ওর নাম রেশমা আখতারিয়া।’রেশমা এতটাই ছোট যে এখনও ‘শ’ উচ্চারণ করতে পারে না। শুরুতে ‘রেশমা’ উচ্চারণ করেছিল ‘ইসমা’ কিন্তু এরপর ওর কণ্ঠে নিজের নাম ‘রেসমা’ শুনতে একদম খারাপ লাগে না।‘রেশমা, তুমি এখন কী করবে?’‘ঘুরে বেড়াব, তারপর পোলাও খাব। কাল আইতে নদীর পারে গরু জবাই হইছে। গোসত খামু।’‘এর আগে কবে গোসত খেয়েছ?’‘মনে নাই।’হেসে ওদের বিদায় দিই।ঝলমলে পোশাকের এই শিশুরা দরিদ্র পরিবার থেকে এসেছে। বছরে হয়তো একবারই নতুন পোশাকের সঙ্গে ওদের মোলাকাত হয়। চোরাপথে এই এলাকা দিয়ে নিত্যই ভারতীয় গরু আসে, তার পরও এদের বাড়িতে যে কালেভদ্রে গরুর মাংস রান্না হয়, সেটা বুঝতে কষ্ট হয় না। তবে ঈদের এই দিনটিতে ঝলমলে রোদ আর শিশুদের ঝলমলে পোশাকের চাকচিক্য কষ্টকে ভাসিয়ে দেয় মহানন্দার জলে। এক দিনের এই আনন্দে কষ্ট এসে ভর করবে কেন?