
সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে পড়ে গাড়ি রীতিমতো দুলতে থাকে। পথ চলতে হয় ঝাঁকুনি খেতে খেতে। আর ধুলাবালুর অত্যাচার তো আছেই। কথাগুলো বলছিলেন উদালিয়া চা-বাগানের নারী শ্রমিক অঞ্জিল প্রভা (৩৩)। তিনি প্রতিদিন যাতায়াত করেন উদালিয়া চা-বাগান সড়ক দিয়ে। এটি হাটহাজারী নুরালী মিয়ারহাট থেকে শুরু হয়ে ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে এসে শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাড়ে তিন কিলোমিটারের সড়কটি এখন বেহাল। সড়কের বেশির ভাগ অংশেই পিচঢালাইয়ের অস্তিত্ব নেই। প্রায় সময় বড় গর্তে গাড়ি আটকে যাচ্ছে। ফলে সড়কে চলাচলকারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০১৩ সালে সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি অর্ধেক পিচঢালাই করা হয়। এতে ব্যয় ২২ লাখ টাকা। কিন্তু তখন নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয় লোকজন তৎকালীন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদাত ওসমান বলেন, নির্মাণকাজ শেষ না হতেই সড়কটির দুই পাশ ভাঙতে শুরু করে। ক্রমাগতভাবে বাড়তে থাকে ভাঙন। এরপর বাকি অংশও আর সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে।
স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম তালুকদার জানান, এই সড়ক দিয়ে উপজেলার মন্দাকিনী, পশ্চিম ফরহাদাবাদ, পূর্ব ফরহাদাবাদ, পশ্চিম মন্দাকিনী, পূর্ব মন্দাকিনী, সুয়াবিল, জব্বারহাট, শফিনগর, এনায়েতপুর, ফটিকছড়ির উদালিয়া চা-বাগানসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ দুই উপজেলায় সহজে যাতায়াত করে। এটি দুই উপজেলার বিকল্প সংযোগ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়। সড়কটি দিয়েই কৃষক তাঁদের উৎপাদিত পণ্য উপজেলার বিভিন্ন বাজারে নিয়ে যান।
হাটহাজারীর শফি নগর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যখন গাড়িতে উঠি, তখনই দোয়াদরুদ পড়তে শুরু করি। তিন কিলোমিটার পথ যেতে ছয় কিলোমিটারের সময় নষ্ট হয়।’
স্থানীয় কৃষক আবু ছৈয়দ জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিভিন্ন বাজারে নিতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যায়। ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন বলেন, ‘চা-বাগানে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বাগানের সব পরিবহনকাজ এ সড়ক দিয়েই করতে হয়। ফলে নিজেদের অর্থায়নে এটি কয়েকবার সংস্কার করা হয়েছে।’
এ ব্যাপারে এলজিইডির হাটহাজারী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তাসাউর বলেন, ‘সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে বরাদ্দ পাব বলে আশা করছি।’