ঝাঁকে ঝাঁকে ইলিশ, বরফের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সাগরে ইলিশের দেখা না মিললেও তিন সপ্তাহ ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত কয়েক দিনে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের মৌলভীর শীল, মিস্ত্রির বান, নয় বামের শীল, পচাখালীর বাতির দিয়া, চৌদ্দ বাইন, ষোল বাইন এবং কক্সবাজার ও সুন্দরবনসংলগ্ন এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে বরফ-সংকটের কারণে মাছ সংরক্ষণ করা যাচ্ছে না। এ কারণে জেলেরা কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।গত শনি ও রোববার টেকনাফ ফিশারিঘাটের বহির্নোঙরে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) মাছ খালাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রচুর ইলিশ ধরা পড়লেও বরফ-সংকটের কারণে মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। এতে জেলে ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। বরফের অভাবে মাছ সংরক্ষণ করতে না পারায় মাছের গুণগতমানও ঠিক রাখা যাচ্ছে না। বরফ-সংকটের জন্য বিদ্যুৎবিভ্রাটকে দায়ী করেছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা যায়, টেকনাফে কায়ুকখালীয়া, শাহপরীরদ্বীপ, বাহারছড়া ফিশারিঘাটের পাইকারি বাজারগুলোতে তিলধারণের ঠাঁই নেই। কয়েকজন জেলে জানান, হঠাৎ করে মাছের আমদানি বেড়ে যাওয়ায় ঘাটের পাইকারি বাজার ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। জেলে ও ট্রলার মালিক মাছ পচে যাওয়ার আশঙ্কায় দ্রুত মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ঘাটের আড়তদারেরা জানান, মাছের আমদানি বেড়ে যাওয়ায় তীব্র বরফ-সংকট দেখা দিয়েছে। আড়তদার আব্দুর রহমান বলেন, বিদ্যুৎবিভ্রাটের কারণে স্থানীয় বরফকল থেকে চাহিদার চার ভাগের এক ভাগও বরফ পাওয়া যাচ্ছে না। বরফ না থাকায় মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। গত দুসপ্তাহের ব্যবধানে ১২ হাজার টাকা দামের মাছ ছয়-সাত হাজার টাকায় নেমে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফে সাতটি বরফকল থাকলেও বিদ্যুৎসংকটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। আগে ৭০ টাকায় যে পরিমাণ বরফ পাওয়া যেত বর্তমানে ৪০০-৫০০ টাকায়ও সে পরিমাণ পাওয়া যাচ্ছে না। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বরফ এনেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন জেলেরা। কয়েকজন জেলে জানান, তাঁদের ট্রলারে আগে বরফের পেছনে খরচ হতো আট হাজার টাকা। বর্তমানে ব্যয় হচ্ছে ২০ হাজার টাকা। মাছ বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়ে বরফ কিনে পোষায় না বলে জানান তাঁরা। কর্মচারীদের বেতনও বকেয়া পড়ে যাচ্ছে।টেকনাফের মিস্ত্রিপাড়ার জেলে মুজিবুর রহমান (৪৫), খোরশেদ আলম (৩৩), বাহারছড়ার জালিয়াপাড়ার জেলে নুর হোসেন (৩২) ও আলীর জোহার (৪৮) বলেন, ‘আমরা এত দিন ইলিশের অপেক্ষায় ছিলাম। এখন ইলিশ ধরা পড়লেও বরফের আকাল দেখা দিয়েছে।’টেকনাফ ফিশারিঘাটের আড়তদার মোহাম্মদ রফিক বলেন, ‘দু-তিন সপ্তাহ ধরে হঠাৎ করে সাগরে মাছের পরিমাণ বাড়তে থাকে। প্রতিদিন এত মাছ আসায় আমরা খুবই খুশি। কিন্তু বরফ-সংকটের কারণে ভালো দাম পাওয়া যাচ্ছে না। বর্তমানে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ এখান থেকে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করা হচ্ছে।’স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, এখন হাটবাজারে কিছু ইলিশ বিক্রি হচ্ছে। কিন্তু এসব ইলিশের বেশির ভাগের মধ্যেই পচন ধরেছে। বাহারছড়া ও শাহপরীরদ্বীপ ফিশারিঘাটের সভাপতি মোহাম্মদ মমতাজ ও সাধারণ সম্পাদক মৌলভি মোহাম্মদ আয়ুব বলেন, ‘হঠাৎ করে মাছের আমদানি বেড়ে যাওয়ায় বরফ-সংকট দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে এমন পরিস্থিতি এড়ানো যেত।’এ প্রসঙ্গে টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, ‘চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং করতে হয়। কিন্তু আগের তুলনায় বিদ্যুৎ সরবরাহ বেড়েছে বলেও তিনি দাবি করেন। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। বিদ্যুতের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’