ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে জেলেদের পালে এখন হাওয়া লেগেছে। এক মাস ধরে তাঁদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পাশাপাশি অন্যান্য প্রজাতিরও প্রচুর মাছ ধরা পড়ছে। আর তাই স্বরূপ ফিরেছে ফিশারিঘাটে। জেলে, আড়তদার কিংবা মাছ ব্যবসায়ীদের এখন দম ফেলার ফুরসত নেই। মাছ ভর্তি যান্ত্রিক নৌযান কিংবা মাছধরার (ফিশিং) ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্র থেকে ফিরছেন মুখে হাসি নিয়ে। আবার অনেকে মাছধরার জন্য পাড়ি দিচ্ছেন সাগরের দিকে। আড়তদারেরা জানান, ফিশারিঘাটে এখন প্রতিদিন ৩০০-৩৫০ টন সামুদ্রিক মাছ বেচাকেনা হচ্ছে। এর মধ্যে এক মাস ধরে ফিশারিঘাটে গড়ে দৈনিক ৫০-৬০ মেট্রিকটন ইলিশ বেচাকেনা হচ্ছে। ফিশারিঘাটের আড়তদার মেসার্স সরকার ফিস্ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. আমিনুল হক ওরফে বাবুল সরকার প্রথম আলোকে বলেন, ‘অমাবস্যা এবং পূর্ণিমার কারণে জেলেদের জালে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে।’ মাছ ব্যবসায়ী দিদার আলম বলেন, ‘ভাই এখন ফিশারিঘাটের রমরমা অবস্থা। ইলিশ আর ইলিশ।’ এদিকে, সামুদ্রিক মৎস্য দপ্তরের এক সহকারী পরিচালক নাম প্রকাশ না করে বলেন, ‘গত অর্থবছরে (২০০৯-১০) সরকারি হিসাবে ৩৮ হাজার মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়েছে।’ জানা যায়, সামুদ্রিক মৎস্য দপ্তরের অধীন আধুনিক ট্রলার বা ইন্ডাস্ট্রিয়াল ট্রলার রয়েছে বর্তমানে ১৬৭টি। এক প্রশ্নের উত্তরে সামুদ্রিক মৎস্য দপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বছর ইলিশের আকাল দূর হবে।’ ১ অক্টোবর ফিশারিঘাটে দেখা যায়, বিপুলসংখ্যক যান্ত্রিক নৌযান ইলিশ ধরার জন্য সাগর পাড়ি দিতে প্রস্তুতি নিচ্ছে। জেলেরা ব্যস্ত জাল বুনতে। এ সময় নজরুল ইসলাম, আবুল বশরসহ আরও কয়েকজন জেলে জানান, একটি নৌযান দু শ থেকে আড়াই শ মণ ইলিশ ধরতে সক্ষম। একটি নৌযানে জেলে থাকেন (মাঝিসহ) প্রায় ২০-২২ জন। কক্সবাজারের জেলে ইমতিয়াজ বলেন, ‘এখন আমাদের সুদিন। একজন জেলে এ মৌসুমে কমপক্ষে ৫০-৬০ হাজার টাকা আয় করবেন।’ সাহরিন, হক-১, আসমাউল হোসনাসহ আরও কয়েকটি নৌযানের মাঝি জানান, ভাদ্র-আশ্বিন ইলিশ ধরার মৌসুম। তাঁরা জানান, সাগরে এখন ইলিশের পাশাপাশি লটিয়া, দাতিনা, সুরমা, পোয়া, লাল চিংড়ি, কই, বাইলা, রুপচাঁদা ধরা পড়েছে। আকারভেদে একেকটি নৌযান থেকে দু শ থেকে তিন শ মণ ইলিশ আড়তদারদের কাছে ১০-১৫ হাজার টাকার বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মাঝি জাকির উল্লাহ। সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির সচিব সাব্বির আহমদ বলেন, ‘সমিতির আওতাভুক্ত সদস্য রয়েছেন সাড়ে পাঁচ শ। এঁদের দেড় শ যান্ত্রিক নৌযান রয়েছে। এগুলো শুধু সাগরে ইলিশ ধরে।’ এ ছাড়া, বিভিন্ন সমিতির আওতায় ছোট-বড় ও মাঝারি মিলে মাছ ধরার নৌযান রয়েছে পাঁচ হাজারের বেশি।