ঝাঁপ দেব শতবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ঝাঁপটি ছিল আড়াই হাজার ফুট ওপর থেকে। আমার সঙ্গে মঞ্জুরও। আমাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে দেখে একজন ঠাট্টা করে বলে উঠলেন, আকাশে কিন্তু রোমাঞ্চ করা চলবে না। নিচে নামার পর দেখি সবাই আনন্দে আত্মহারা। সফল অবতরণের পর টেলিফোনে এভাবেই নিজের কথা বলছিলেন নারী ছত্রীসেনা মেজর নুসরাত নুর আল চৌধুরী। স্বামী মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক এ সময় পাশেই ছিলেন। ফোনে জানালেন, তাঁদের পরিবারে এখন উঠতে-বসতে-খেতে সব সময় শুধুই প্যারাস্যুট ঝাঁপের গল্প। এ গল্প আর শেষ হয় না।সেনাবাহিনীর ইতিহাসে বাংলাদেশের প্রথম ছত্রীসেনা দম্পতি মেজর নুসরাত নুর আল চৌধুরী ও মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম সফল নারী ছত্রীসেনা হিসেবে প্রশিক্ষণ শেষ করেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। নুসরাত ও মঞ্জুরুল দুজনই থাকেন সিলেটের জালালাবাদ সেনানিবাসে। নুসরাত সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের গবেষণা ও উন্নয়ন শাখায় কাজ করেন। আর মঞ্জুরুল কমান্ডো ব্যাটালিয়নের প্রশিক্ষক। ২০০৩ সালে ৪৮তম দীর্ঘ মেয়াদি কোর্সে আর্টিলারি কোরে কমিশন পান নুসরাত। এর আগের বছর পদাতিক কোরে কমিশন পান মঞ্জুরুল। বিএমএতে থাকার সময় দুজনের পরিচয়। এরপর নিজেদের পছন্দে বিয়ে। দুজনেরই বেড়ে ওঠা ঢাকায়। নুসরাত পড়েছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে আর মঞ্জুরুল পড়েছেন গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে। নুসরাতের বাবা এন আই চৌধুরী ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সচিব।নুসরাত ১১ এপ্রিল সর্বশেষ সফল প্যারাস্যুট লাফ দেন। এ নিয়ে তাঁর সাতবার লাফ দেওয়া হলো। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর ছিল রাতের অন্ধকারে একটি লাফ দেওয়া। শারীরিক উৎকর্ষ যাচাই ও ভূমি প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঝাঁপ দেওয়ার নিয়ম। ৪ এপ্রিল এএন-৩২ বিমান থেকে দুটি এবং ৮ এপ্রিল সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান থেকে তিনটি ঝাঁপ দেন নুসরাত। পাঁচটি ঝাঁপেই ব্যবহার করেছেন চীনে তৈরি টাইপ-৯ প্যারাসুট। নেমে আসেন আড়াই হাজার ফুট ওপর থেকে। শেষ লাফ দেন ১১ এপ্রিল। ৮ এপ্রিল তাঁর সঙ্গে স্বামী মেজর মঞ্জুরুল হকও লাফ দেন। নুসরাত বলেন, ‘লাফ দেওয়ার একেবারে শুরুর মুহূর্তটিতে একটু শঙ্কা থাকে, কিন্তু প্যারাসুট খুলে গেলে সব ভয় কেটে যায়। একটি ঝাঁপ আমরা একসঙ্গে দিয়েছিলাম। নামার সময়ও কথা বলেছি। মঞ্জুরুল উল্টো দিকে যাচ্ছিল, আমি ঠিক দিকে যেতে সাহায্য করি।’ কেন ছত্রীসেনা হতে গেলেন? প্রশ্ন করতেই নুসরাত বলেন, ‘আমার স্বামী মঞ্জুরুল ছত্রীসেনা। বিদেশে তিনি প্রশিক্ষণে গিয়েছিলেন। সেখানে তাঁর প্রশিক্ষণের ভিডিওতে দেখতে পাই পুরুষের পাশাপাশি অনেক নারীও অংশ নিয়েছেন ছত্রীসেনা হওয়ার প্রশিক্ষণে। সেটি দেখেই ছত্রীসেনা হওয়ার স্বপ্ন দেখলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওরা পারলে আমি পারব না কেন? তবে সবকিছু ভালোই চলছিল। গোল বাঁধল মালয়েশিয়া সফরে গিয়ে। সেখানে স্পিডবোটের সঙ্গে প্যারাসুট দিয়ে ঝাঁপ দেওয়ার সময় পানিতে পড়ে গেলাম। ওই সময় আমার সঙ্গে আমার মা ও শাশুড়ি ছিলেন। তাঁরা তখন ভয় পেলেও আমাকে মনোবল হারাতে দেননি।’ নুসরাতের মুখ থেকে কথা কেড়ে নিলেন মঞ্জুরুল। বললেন, ‘নুসরাতেরই খুব আগ্রহ ছিল। আসলে এত ঝুঁকিপূর্ণ এবং কঠোর পরিশ্রমের কাজটি গভীর আগ্রহ ছাড়া সম্ভব নয়। ওর আগ্রহের কারণেই এত দূর আসতে পেরেছে।’পরিবারের লোকজন বিষয়টি কীভাবে দেখেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মা ও শাশুড়ি দুজনই গৃহিণী। কিন্তু নুসরাতের ছত্রীসেনার মতো ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে তাঁদের গর্বের শেষ নেই। নুসরাতের সফল ঝাঁপের কথা শুনে তাঁরা খুব খুশি।’ছত্রীসেনার ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? প্রশ্ন করতেই নুসরাত বললেন, ‘১০০টি ঝাঁপ দেব। এটাই আমার এখন লক্ষ্য। যদি করতে পারি, সেটা হবে বাংলাদেশে নতুন ইতিহাস।’