ঝাঁপিয়ে পড়ার পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যর তৃতীয় সংখ্যার জন্য আবার লেখা চাইছি। যেকোনো বিষয়ে লেখা পাঠানো যাবে। বন্ধুসভার বন্ধুরা ছাড়াও যে–কেউ লেখা পাঠাতে পারেন তারুণ্যর জন্য। ২০ অক্টোবরের মধ্যে লেখা পাঠিয়ে দিন বন্ধুসভার ই-মেইলে অথবা ডাকযোগে বন্ধুসভার ঠিকানায়। প্রতিটি বন্ধুসভার সাহিত্য সম্পাদকেরা এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন। তাঁরাই ভালো বুঝবেন, কোন এলাকায় কারা লেখেন অথবা ভালো লেখেন। লেখা সংগ্রহ করে বন্ধুসভায় পাঠিয়ে দিন।
এ মাসের শেষ দিকে ঢাকাসহ সারা দেশে সব বন্ধুসভার তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি আসর অনুষ্ঠিত হবে। বন্ধুসভার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব এটি। তাঁদের এ বিষয়ে দ্রুত প্রস্তুতি নিতে বলি। যে আসরগুলো ভালো করবে, সেগুলোর খবর আমরা বন্ধুসভার পাতায় প্রকাশ করব। বাকি সব সংবাদই বন্ধুসভার ফেসবুক পেজে দেওয়া হবে। তাই সব অনুষ্ঠানের খবরই বন্ধুসভার ই-মেইলে পাঠাবেন।
কিছুদিন আগে অনুষ্ঠিত হলো খুলনা বন্ধু উৎসব। এটি ছিল সেরা আয়োজনের মধ্যে একটি। খুলনাসভার সব বন্ধুকে এ জন্য অভিনন্দন জানাই। আশা করি, সামনের অনুষ্ঠানগুলোও তারা ভালো করবে।
১৫ অক্টোবর আয়োজন করা হয়েছে গান ও আবৃত্তি অনুষ্ঠানের। ঢাকা মহানগরের বন্ধুসভার আবৃত্তিশিল্পী ও গানের শিল্পীরা এতে অংশ নেবেন। কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ের পঞ্চম তলায় বিকেল পাঁচটায় এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন করে বন্ধুসভায় যুক্ত হতে চান? আগ্রহী বন্ধুরা চলে আসুন এ আয়োজনে। ঢাকার বাইরের যে বন্ধুরা ঢাকায় থাকছেন, তাঁরাও চলে আসুন।
প্রতিটি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকদের কাছে আমাদের অনুরোধ, তিন মাস পর পর একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করতে হবে। এ দায়িত্ব তিনিই পালন করবেন। ঈদ, পূজা—দুটোই শেষ। এবার আবার বন্ধুসভার কাজে ঝাঁপিয়ে পড়ার পালা।