ঝাড়ুফুলে বাড়তি আয়
মো. নুরুন্নবী (৩৮) ও মো. হোসেন (৩৫)। সাতকানিয়ার মাদার্শার বাবুনগরের বাসিন্দা। দুজনেই রিকশাচালক। তবে এখন রিকশা চালান এক বেলা। কারণ সকাল থেকে ব্যস্ত থাকতে হয় পাহাড় থেকে ঝাড়ুফুল সংগ্রহে। দুপুরের মধ্যে বাজারে বিক্রি করে তবেই ক্ষান্ত। বিক্রিও ভালো। প্রতিদিন লাভ থাকে গড়ে ৫০০ টাকা পর্যন্ত। কোনো কোনো সময় আরও বাড়ে আয়। এরপর বিকেলে আবার রিকশা নিয়ে বের হন।
নুরুন্নবী ও হোসেনের মতো আরও অর্ধশতাধিক নারী-পুরুষের বাড়তি আয়ের উৎস এখন ঝাড়ুফুল। মাদার্শা, সোনাকানিয়া ও এওচিয়া ইউনিয়নের বিভিন্ন পাহাড় থেকে ঝাড়ুফুল সংগ্রহ করে তা আঁটি করে বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করেন তাঁরা।
সম্প্রতি মাদার্শা এলাকায় গিয়ে দেখা যায়, তিন-চারজনের ছোট ছোট দলে ভাগ হয়ে নারী-পুরুষ পাহাড়ে যাচ্ছে ঝাড়ুফুল সংগ্রহে। সকাল ১০টার মধ্যেই অনেকে দিনের সংগ্রহ নিয়ে নিচে নেমে আসেন। এরপর বিভিন্ন আকারের আঁটি করে ছুটছেন বাজারের পথে।
উপজেলার চঁুড়ামনি বন বিটের কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু বলেন, পাহাড়ে ঝাড়ু গাছগুলো প্রাকৃতিকভাবেই জন্মে। শীত মৌসুমে ওই গাছে ফুল আসে। ওই সময় এলাকার শ্রমজীবী নারী-পুরুষ মিলে ঝাড়ুফুল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করে বাড়তি উপার্জন করে। এ জন্য তাঁদের কোনো মূলধনের প্রয়োজন হয় না। একটু সময় দিয়ে শ্রম দিলেই বাড়তি কিছু আয় হয়। তা ছাড়া ঝাড়ুফুলের কদরও বেশ। বসতঘর ও আঙিনাসহ মেঝে পরিষ্কারের জন্য প্রায় সব ঘরেই এটি ব্যবহৃত হয়।
মো. হোসেন বলেন, রিকশা চালিয়ে প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ টাকা উপার্জন হয়। এখন ১০০ ঝাড়ুফুলের আঁটি বিক্রি করতে পারলে ৯০০-১০০০ টাকা পাওয়া যায়। ছোট ছোট প্রতি আঁটি বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকা করে।
উপজেলার কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, প্রতিবছর শীত মৌসুমে কেরানীহাটে কিছু মৌসুমি ব্যবসায়ী ঝাড়ুফুল বিক্রি করেন। তাঁরা সাতকানিয়া ও বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে ঝাড়ুফুলগুলো সংগ্রহ করেন। তাঁরা আবার অন্য পেশায়ও নিয়োজিত। এ সময় হাটে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকার ঝাড়ুফুল বিক্রি হয়।