ঝাপসা কথা
পঞ্চম শ্রেণির ছাত্রী
পাপন আংকেল পুরাই আমাদের বাসার টিয়া পাখিটার মতো। কী যে বলেন, কিছুই ক্লিয়ারলি বুঝতে পারি না।
আন্ডারগ্র্যাজুয়েট ছাত্র
পাপন ভাইয়ের কথাগুলো আমার সিজিপিএর মতোই, বাড়বে আশায় পরীক্ষা দিই। কিন্তু সেমিস্টার শেষে উল্টা কেন কমে যায়, এই বিষয়টা আজীবন ঝাপসাই থেকে গেল আমার কাছে।
চায়ের দোকানদার
পাপন ভাই দিন দিন আম্পায়ার আলিমদারের মতো হইয়া যাইতাছেন। আউট হইলে আঙুল উঠাইব, নাকি উঠাইব না—এই ব্যাপারটা কাউরে বুঝতে দেন না।
চাকরিজীবী
পাপন ভাইয়ের মধ্যে আমি আমার অফিসের বসকে দেখতে পাই। আমার চাকরিটা কেন গেল, সেটা আমাকে ক্লিয়ারলি না জানিয়ে পুরোটা ঝাপসা রেখেই লোকটা আমাকে বরখাস্ত করে দিল!
চোর
পাপন মিয়া ইদানীং বাসার মালিকগো মতো হইয়া গেছে। রাতে চুরি করতে গেলে যখন তাগো দিকে তাকাই, তখন বুঝতে পারি না তারা কি ঘুমায়া আছে, নাকি ঘুমের ভান কইরা আমার কর্মকাণ্ড দেখতাছে!
রাজনীতিবিদ
পাপনের মধ্যে ভবিষ্যতে বড় রাজনীতিবিদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ, তিনি যে কী বলেন আর না বলেন, তা জনগণ বুঝতেই পারে না।
সুশীল সমাজ
নাজমুল হাসান যা করছেন, তা আসলে সম্পূর্ণ সঠিক। কারণ, একজন মানুষ কী করছে বা বলছে, তা যদি জনগণ স্পষ্ট জেনেই যায়; তাহলে আর ওই লোকের প্রতি মানুষের আগ্রহ থাকে না। কাজ এমনভাবে করতে হবে এবং বলতে হবে, যাতে সব সময় ‘টক অব দ্য টাউন’ হয়ে থাকা যায়।
প্রেমিকা
আমার বয়ফ্রেন্ডকে বিয়ের কথা বললেই সঙ্গে সঙ্গে পাপন আংকেলের রূপ ধারণ করে। কী যে বলে, তা একটুও ক্লিয়ারলি বোঝা যায় না!
ফেসবুক সেলিব্রিটি
নাজমুল হাসান যা করেন এবং বলেন, তা ১০০% সঠিক এবং স্পষ্ট। আপনারা আবার ভাববেন না আমি কন্ট্রোভারশিয়াল কিছু বলে ফেসবুকে ফেমাস হতে চাইছি।
মোবাইল ফোন অপারেটর
আমরা আগেই বলেছিলাম, ‘প্যাঁকপ্যাঁক’ কোম্পানির সিম ইউজ করলে কথা পাপন ভাইয়ের মতো ঝাপসাই শোনা যাবে। আমাদের নেটওয়ার্ক এতটাই স্ট্রং যে কথা একবারও ঝাপসা শোনা যাবে না। তাই আজই আমাদের সিম কিনুন, আর স্পষ্ট কথা শুনুন এবং বলুন।