ঝাপসা চোখের ইতিবৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: সোহাগ পারভেজ
অাঁকা: সোহাগ পারভেজ

সাপ্তাহিক এক দিন ছুটির নতুন চাকরিতে যোগ দেওয়ার মাস তিনেক পর দিন তিনেকের ছুটি মেলে ছেলেটার। ছুটি মিলতেই ছুট...ছুট...ছুট..., এক ছুটে বাড়িতে। তিন মাস মায়ের হাতের রান্নার সঙ্গে বিরহ। কত ছোট ছোট খাবারের কথা মনে পড়ে তার সাত ঘণ্টার ট্রেনযাত্রায়। পান্তাভাত আর ডিম ভাজা, টাকি মাছের ভর্তা, ঘন মসুরের ডালে শজনের তরকারি আরও কত কী!
রাতের যাত্রায় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোর। ভোরের কাক বা মোরগ কেউ ডেকে ওঠার অবকাশ পায়নি তখনো। মহল্লার নৈশপ্রহরীরাও ঘুমে অচেতন বোশেখি হাওয়ার পরশ পেয়ে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করে ছেলেটা। ডাকবে মাকে?
মাকে ডাকার আর সুযোগ হয় না ছেলেটার। তার আগেই দরজায় দেখা দেন মা। এলি! পথে কোনো কষ্ট হয়নি তো তোর? ইশ্, কেমন শুকিয়ে গেছিস এই কয় মাসে! ছেলের শরীর-স্বাস্থ্য নিয়ে মায়ের আহাজারি যেন থামতেই চায় না, সঙ্গে পিঠে হাত বোলানোটাও। হাত-মুখ ধুয়ে নেওয়ার অবসরে ঠান্ডা শরবত পরে গরম ভাতের থালায় পছন্দের তরকারিসহ আসতে থাকে একের পর এক। খেয়ে আর জেগে থাকার কোনো সুযোগ পায় না ছেলেটা। মাথায় মায়ের হাতের স্পর্শ নিয়ে ঘুমিয়ে পড়তে বাধ্য হয় ছেলেটা।
সকালে কিছুতেই ছেলেকে বাজারে যেতে দিতে চান না মা। যা রোদ বাইরে! ছেলে যদি তার আরও কালো হয়ে যায় এই রোদে পুড়ে! ছেলে বাজারে গিয়ে যেটাই কিনে আনার কথা বলে, মা ফ্রিজের ডালা খুলে সেটারই মজুত দেখিয়ে দেন পৃথিবীর শ্রেষ্ঠতম জাদুকরের মতো করে।
দুপুরে খাবার সময় খাবারের পাহাড় জমে যায় ছেলের থালায়। উল্টোদিকে মায়ের থালা প্রায় শূন্য। কিছু বললেই সেই হাজার বছরের পুরোনো কথা মায়ের মুখে, তুই খেলেই তো আমার পেট ভরে যায় বাবা। কিছু একটা আনার ছল করে মাকে রান্নাঘরের দিকে পাঠিয়ে দেয় ছেলেটা। মায়ের অনুপস্থিতির সুযোগে ঝটপট নিজের থালা থেকে কয়েক টুকরো মাছ বা মাংস মিশিয়ে দেয় মায়ের থালার তরকারির সঙ্গে। ফিরে এসে কেমন করে যেন এই চালাকি ধরে ফেলেন মা। আমার প্লেটে এসব দিলি কেন? বলতে বলতে ছেলে যা রেখেছিল তার থেকে আরও দুই টুকরো বেশি ছেলের থালায় আবার ফেরত পাঠান। ছেলে উঠিয়ে দিতে গেলে ঘুরে থালা আড়াল করেন।
মায়ের জন্য কিছু করার সুযোগ না পেয়ে ছেলেটা আসার সময় জামার প্রান্ত দিয়ে মায়ের চশমার কাচ দুটো পরিষ্কার করে রেখে আসে সবার অগোচরে। বাড়ির সামনে থেকে তাকে বহন করতে থাকা রিকশাটা টান দিয়ে এগিয়ে মোড়টা পেরিয়ে এলেই ছেলেটা বুঝতে পারে তার এই চেষ্টাটাও বৃথা গেছে। চশমার পরিষ্কার কাচের আড়ালে তার মায়ের চোখের দৃষ্টি এখন ঠিকই ঝাপসা হয়ে আছে।