ঝামেলা নেই তাই অবৈধ ইটভাটার মেলা বান্দরবানে
বৈধ ইটভাটা স্থাপনে বন বিভাগ, ভূমি কার্যালয়, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন কার্যালয়ের ছাড়পত্র নিতে হয়। বান্দরবানের অধিকাংশ ইটভাটার মালিক এমন নিয়মনীতির তোয়াক্কা করেন না। ছাড়পত্র না নিয়েই নির্বিঘ্নে তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অবৈধ ইটভাটা স্থাপন করতে খরচও হয় কম। ফলে অধিকাংশ ইটভাটা অবৈধভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার ৩৭ ইটভাটার ২৮টিই অবৈধ। তবে বৈধ ও অবৈধ উভয় ধরনের ইটভাটায় বন উজাড় করে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে।জানা যায়, এ বছর সাতটি উপজেলার মোট ৩৭টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। এগুলোর মধ্যে বান্দরবান সদর উপজেলার আটটি ও লামার একটিসহ নয়টি ইটভাটা ছাড়া বাকি ২৮টি ইটভাটার বৈধ কোনো অনুমতিপত্র (লাইসেন্স) নেই। অবৈধ ইটভাটার মধ্যে লামায় ১৬টি, বান্দরবান সদর উপজেলায় চার, আলীকদমে তিন, নাইক্ষ্যংছড়িতে তিন, রোয়াংছড়িতে এক এবং রুমায় একটি বলে জানা গেছে। লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন ও আলীকদম ইউপির চেয়ারম্যান আবদুল মতিন জানান, বৈধ-অবৈধ সব ইটভাটায় একই কায়দায় বনাঞ্চল থেকে অবাধে কাঠ সংগ্রহ করে পোড়ানো হচ্ছে। বৈধ ইটভাটার মতোই ব্যবসা-বাণিজ্য করছেন অবৈধ ইটভাটার মালিকেরা। প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি-সংস্থার সঙ্গে গোপন সম্পর্ক থাকায় অবৈধ ইটভাটাগুলো আরও বেপরোয়াভাবে কাঠ পোড়ায়। এ ব্যাপারে অভিযোগ দিলেও কোনো কাজ হয় না বলে কামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করেন।সরেজমিনে লামার ফাঁসিয়াখালীর হারগাজা, সাপের ঘেরা, কাগজিখোলা, রুমার থানাপাড়া ও আলীকদমে ঘুরে সব ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোর দৃশ্য দেখা গেছে। রইঙ্গ্যাঝিরির ইটভাটার মিস্ত্রি আবু তাহের, নুর মোহাম্মদ রইঙ্গাঝিরি ইটভাটার চুল্লিতে কাঠ পোড়াচ্ছিলেন। তাঁরা জানালেন, একটি ইটভাটায় প্রতিদিন গড়ে ৩০০ মণের বেশি জ্বালানি কাঠের প্রয়োজন। এক রাউ (এক দফা) ইট পোড়াতে ১৬ দিনে প্রায় পাঁচ হাজার মণ এবং এক বছরে একটি ইটভাটায় প্রায় ৫০ হাজার মণ জ্বালানি কাঠ দরকার বলে আবু তাহের জানিয়েছেন। সেই হিসাবে জেলার ৩৭টি ইটভাটায় এক বছরে প্রায় সাড়ে ১৮ লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে। লামার ফাইতংয়ের ১১টি ইটভাটার একটিতেও বৈধ কোনো কাগজপত্র নেই। অথচ ইটভাটাগুলোতে অবাধে কাঠ পোড়ানোর পাশাপাশি কোনো কোনোটি পাহাড়ও কাটছে। সম্প্রতি বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা এস এম মুনিরুল ইসলাম সদর উপজেলার সুয়ালক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছেন। ফাঁসিয়াখালী রইঙ্গ্যাঝিরি ইটভাটার পাশে বিশাল জ্বালানি কাঠের স্তূপ। সেখানে কাঠ চেরাই করছিলেন জালাল মিয়া। তিনি জানালেন, বহু দূরের পাহাড়ি বন থেকে কাঠ কেটে নিয়ে আসা হয়। কাগজিখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াবুল হক চৌধুরী জানান, নির্বিচারে গাছ কেটে লাকড়ি সংগ্রহ করায় বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এবিসি ইটভাটার মালিক খায়রুল বাশার দাবি করেন, সরকারি বনাঞ্চল থেকে নয়, ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে কাঠ কেনেন তাঁরা। ইটভাটার জন্য সরকারি বনাঞ্চলের কোনো ক্ষতি হচ্ছে না বলে তিনি জানান। এ ছাড়া বেশির ভাগ ইটভাটায় কয়লা ব্যবহার হয় বলেও তাঁরা দাবি করেন। বান্দরবানের ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, কেবল কাগজ ছাড়া বৈধ ও অবৈধ ইটভাটার মধ্যে কোনো পার্থক্য নেই। নাম প্রকাশ না করার শর্তে বৈধ ইটভাটার অনেক মালিক বলেছেন, অনুমতিপত্রের জন্য বন বিভাগের অনাপত্তি, ভূমি বিভাগের প্রতিবেদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ নানা রকম কাগজপত্র সংগ্রহ করতে হয়। এ জন্য ঘাটে ঘাটে হয়রানির শিকার হওয়া ছাড়াও প্রচুর টাকা ও সময়ের দরকার। তাই অবৈধ ইটভাটা স্থাপনের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত তারিক বলেন, বৈধ ও অবৈধ ইটভাটার মধ্যে কোনো পার্থক্য নেই মনে হলেও তা ঠিক নয়। অনেক ইটভাটার হয়তো অনুমতিপত্র নবায়ন করা সম্ভব হয়নি। ওই সব ইটভাটাকেও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবৈধ ইটভাটার মালিকদের যোগাযোগ থাকার কথা অস্বীকার করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, প্রশাসন সঠিক কাজ করছে বলে অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোকে লাখ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেছেন, উন্নয়নের জন্য ইটভাটার প্রয়োজন হলেও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। এ জন্য ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান চালানো হয় বলেও তিনি জানিয়েছেন।