ঝালমুড়ি বেচে সংসার চালান মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বিয়ের কথা পাকা হয়েছে। কিন্তু টাকার অভাবে বর পক্ষকে বিয়ের তারিখ দিতে পারছেন না মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র দেব নাথ। ঝাল-মুড়ি বেচে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালানোই দায় হয়েছে তাঁর।ব্রজেন্দ্র দেব নাথের বাড়ি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের নাথপাড়ায়। ১৯৭১ সালে আসামের শিলচর লোহারবন ক্যাম্পে গেরিলা প্রশিক্ষণ নেন তিনি। ১নং সেক্টরের অধীনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গেরিলা যুদ্ধে অংশ নেন। এক সময় তাঁর বাম পায়ে শত্রু পক্ষের গুলি লাগে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রেলওয়েতে চাকরি পান তিনি। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার খবর পেয়ে ওইদিনই চাকরি থেকে ইস্তফা দেন। এর পর আর কোথাও চাকরি নেননি তিনি। পৈতৃক মাত্র দুই শতক জায়গার ওপর তৈরি একটি ঝুপড়ি ঘরে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে খুব কষ্ট করে বসবাস ব্রজেন্দ্র নাথের। দিনের বেলায় স্থানীয় ডা. ইয়াকুব বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের মূল ফটকে এবং সন্ধ্যায় কানুরাম বাজারে ঝালমুড়ি বিক্রি করেন। দিনে তিন-চার শ টাকার মতো বিক্রি হয়। খরচ বাদে প্রায় দুই শ টাকা থাকে। এ ছাড়া, স্থানীয়ভাবে কিছু জমি বর্গা নিয়ে শাক-সবজির চাষ করেন তিনি।তিনি বলেন, ‘যতই ছোট হোক কাজ করে খাই। চুরি তো করতে পারব না। স্ত্রী মঞ্জু দেবী পাটি বুননের কাজ করে সংসারে কিছু সাহায্য করলেও তা দিয়ে ন্যুনতম চাহিদাও পূরণ করা যায় না।’ মঞ্জু দেবী জানান, অনেক কষ্টে কয়েক বছর আগে বড় মেয়ের বিয়ে হয়েছে। সম্প্রতি দ্বিতীয় মেয়ে লাভলির বিয়ের কথা পাকা হলেও টাকার অভাবে বরপক্ষকে মেয়ে তুলে দেওয়ার জন্য দিন-তারিখ ঠিক করা যাচ্ছে না। আর এক মেয়ে লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজে এইচ এস সি পরীক্ষার্থী। ছোট ছেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র। সব কিছুর খরচ যোগানো সম্ভব হচ্ছে না।ডা. ইয়াকুব বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ঝাল-মুড়ি বিক্রি করে সংসার চালান এটা ভেবে কষ্ট লাগে।’লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার আক্ষেপ করে বলেন, ‘অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র। টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না এটা জেনে সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতার চেষ্টা করছি।’লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে সহযোগিতার জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছেন। মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্রকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।