ঝাড়ু ফুল বেচে বাড়তি আয়

চট্টগ্রামের সাতকানিয়ার সবজিচাষি তাজুল ইসলাম বছরে দুই থেকে আড়াই মাস পাহাড় থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করেন। উপজেলার মহাসড়কের পাশে কেরানীহাট এলাকায় প্রতিদিন ভোরে ঝাড়ু ফুল বিক্রি করেন তিনি। দৈনিক দেড় থেকে দুই হাজার টাকা আয় হয় তাঁর। চাষাবাদের পাশাপাশি এই বাড়তি আয় সংসারে সচ্ছলতা এনেছে।
তাজুল ইসলামের মতো আরও ৪৫-৫০ জন মৌসুমি বিক্রেতা ঝাড়ু ফুল বিক্রি করে এভাবে বাড়তি আয় করছেন। ঝাড়ু ফুল বিক্রেতারা সারা বছর কৃষিকাজসহ অন্য পেশায় জড়িত থাকলেও পৌষের মাঝামাঝি থেকে ফাল্গুন পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত হন। এতে স্থানীয় বাসিন্দাদের ঝাড়ু ফুলের চাহিদা মেটার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই ফুল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত লোকজন।
ঝাড়ু ফুলের এই হাট বসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটের হক টাওয়ারের সামনের খোলা জায়গায়। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিকিকিনি চলে।
১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় হক টাওয়ারের সামনের খোলা জায়গায় গিয়ে দেখা গেছে, সাত-আট জন ঝাড়ু ফুল সংগ্রহকারী বড় বড় ফুলের আঁটি নিয়ে এসেছেন। মধ্যস্বত্বভোগী বিক্রেতারা দরদাম করে ঝাড়ু ফুলগুলো কিনে পাশে সাজিয়ে রাখছেন। ঝাড়ু ফুল সংগ্রহকারী তাজুল ইসলাম (৪৮) বলেন, তাঁর বাড়ি বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া গ্রামে। তিনি সাতকানিয়ার ছদাহা, পুরানগড়, বাজালিয়া ও বান্দরবানের পাহাড় থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করেন। প্রতিদিন সকালে ওই ঝাড়ু ফুল কেরানীহাটের স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে আসেন।
আরেক সংগ্রহকারী আবদুস ছালাম (৫০) বলেন, তিনি পেশায় একজন কৃষক। প্রতিবছর শীত মৌসুম এলে চাষাবাদের পাশাপাশি তাঁরা দল বেঁধে পাহাড় থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করেন। এতে তাঁদের বাড়তি আয় হয়।
বিক্রেতা সোবহান মিয়া (৪০) ও রণজিৎ দাশ (৪২) বলেন, তাঁরা কয়েক বছর ধরে প্রতি শীত মৌসুমে ঝাড়ু ফুল বিক্রির সঙ্গে জড়িত থাকেন। এতে তাঁদের ভালো লাভ হয়। সংগ্রহকারী ব্যক্তিদের কাছ থেকে প্রতি আঁটি চার থেকে সাত টাকা দরে কেনেন। পরে খুচরা ও পাইকারদের কাছে আট থেকে দশ টাকায় বিক্রি করেন।
ট্রাক ভর্তি করে ওই এলাকা থেকে ঝাড়ু ফুল কিনে নিয়ে যাচ্ছিলেন পশ্চিম পটিয়ার আবু তৈয়ব (৫০)। তিনি বলেন, তিনি একজন মৌসুমি ব্যবসায়ী। শীত এলে ইট-বালু, ঝাড়ু ফুল এবং সবজির ব্যবসা করেন। তিনি কেরানীহাট থেকে ঝাড়ু ফুল কিনে সরবরাহ করেন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়।
কেরানীহাট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. মনজুর আলম বলেন, প্রতিবছর শীত মৌসুমে হক টাওয়ারের সামনের খোলা জায়গায় অস্থায়ী ঝাড়ু ফুলের হাট বসে। পৌষের মাঝামাঝি থেকে প্রায় পুরো ফাল্গুন মাস পর্যন্ত ঝাড়ু ফুলের বেচাবিক্রি চলে।
কেরানীহাটের ইজারাদার মো. ফেরদৌস আলম বলেন, হাটে প্রতিদিন ৭০ হাজার থেকে ১ লাখ টাকার ঝাড়ু ফুলের কেনাবেচা হয়। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঝাড়ু ফুল বিক্রি করে সংগ্রহকারী, মধ্যস্বত্বভোগী ও পাইকারেরা লাভবান হচ্ছেন। পাশাপাশি হাটের ইজারাদারেরাও লাভবান হন।