ঝিমিয়ে পড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চাঙা ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এখন চলছে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। নেতারা আশা করছেন আগামী মার্চে সম্মেলন অনুষ্ঠিত হবে।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পরে হলেও দলকে সাজানোর জন্য মাঠ পর্যায়ে নেমেছে আওয়ামী লীগ। এ জন্য তৃণমূলে সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া বর্ধিত সভাও সম্পন্ন করেছে। এবার সদস্য বাড়ানোর জন্য উপজেলার ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ন্যূনতম তিন শ করে সদস্য ফরম পূরণের লক্ষ্য রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন শেষে পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি রয়েছে। আশা করছি আগামী মার্চে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।’উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ নোয়াব আলী বলেন, ‘এবার উৎসবের আমেজে সদস্য সংগ্রহ ও নবায়নের কাজটি শুরু হয়। প্রচারের জন্য পোস্টারিংও করা হয়। শুধু তাই নয়, এবারই প্রথম ছাপানো ফরম পূরণের মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়নের কাজ চলছে।’নেতা-কর্মীরা জানান, সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল উপজেলা সম্মেলন হয়। এতে বাহাউদ্দিন খালেক শাহজী সভাপতি ও কাজী মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটির মেয়াদ দুই বছর হলেও নানা কারণে দীর্ঘদিন সম্মেলন হয়নি। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা নেমে আসে। চাতরী ইউনিয়েনের ৮ নম্বর ওয়ার্ডের কর্মী আজাদ চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীরা এখন তাকিয়ে আছে সম্মেলনের দিকে। নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে আবার সুসংগঠিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি বর্ধিত সভা সবার স্বতঃস্ফূূর্ত উপস্থিতি ছিল। আশা করছি ঐক্য অটুট থাকবে।’