ঝিমিয়ে পড়েছে মহেশখালীর পরিবার পরিকল্পনা কার্যক্রম
কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামের বেড়িবাঁধের ওপর স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, ছেলের বউ এবং এক নাতিসহ ১১ সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন দিনমজুর আছদ উদ্দিন (৪৫)। বাঁশের বেড়া আর পাতার ছাউনিযুক্ত ছোট্ট কুঁড়েঘরে অভাব-অনটনের সংসার তাঁর। সারা দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন, তা দিয়ে কোনো মতে চলে আছদ উদ্দিনের সংসার। কাজ না পেলে না খেয়েই থাকতে হয়। আছদের স্ত্রী আয়েশা বেগম জানান, ‘একের পর এক সন্তান জন্ম দিয়ে গেছি, কিন্তু ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা কোনো দিন মাথায় নেইনি। এখন সংসার বড় হচ্ছে, অভাব-অনটনের শিকার হয়ে বুঝতে পারছি, আসলে আমরা ভুল করেছি। পরিবার কল্যাণ সহকারীরা এ ব্যাপারে আমাদের (মেয়েদের) সচেতন করলে এই পরিণতি হতো না।’ আছদ উদ্দিনের পাশে শ্রমিক ছৈয়দ আহমদের বাড়ি। তারও একই অবস্থা। স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে নিয়ে তাঁরও সাত সদস্যের সংসার। পরিবার পরিকল্পনা সম্বন্ধে এঁদেরও কোনো ধারণা নেই। পাশের সাইরার ডেইল গ্রামের অবস্থা আরও ভয়াবহ। এই গ্রামের দিনমজুর ইউসুফ আহমদের চার মেয়ে তিন ছেলেসহ নয় সদস্যের সংসার। বড় ছেলে কায়সার উদ্দিনের বয়স ২০ এবং ছোট মেয়ে ইয়াছমিন আরার বয়স দেড় বছর। ইউসুফের স্ত্রী রাজিয়া বেগম জানান, ‘পরিবার কল্যাণ সহকারী নামের একজন মেয়ে এলাকায় আসেন বলে শুনেছি। কিন্তু তাঁর সঙ্গে আমাদের কোনো দিন দেখা হয়নি। তাই ইচ্ছা থাকলেও পরিবার পরিকল্পনা গ্রহণ করতে পারছি না।’ অনুসন্ধানে জানা গেছে, শুধু মাতারবাড়ি ইউনিয়ন নয়, পুরো উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের বেহাল দশা যাচ্ছে। পরিবার কল্যাণ সহকারীরা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সরকারি ভাবে বরাদ্দ বিনা মূল্যের ওষুধ বিতরণের নিয়ম থাকলেও কার্যক্ষেত্রে তা পালিত হচ্ছে না। স্থানীয় লোকজনের অভিযোগ, মাঠে না গিয়ে নিজবাড়িতে বসে কার্যালয় করেছেন ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারীরা। ফলে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার কার্যক্রম স্থবির হয়ে পড়ার কারণে লোকসংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, মহেশখালীর একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৩৭ জন ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৩২ জন। আর নয় পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্থলে একজন এবং ১০ পরিবার পরিকল্পনা পরিদর্শিকার স্থলে আছেন চারজন। কিন্তু এঁদেরও কর্মস্থলে দেখা যায় না। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে উপজেলার লোকসংখ্যা প্রায় চার লাখ।প্রতিটা পরিবারে গড়ে পাঁচ-নয়জন করে সন্তান। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মোজাম্মেল হক জানান, পরিবার কল্যাণ সহকারীরা বাড়ি বাড়ি না গিয়ে বিনা মূল্যের ওষুধ বাইরে বিক্রি করে দেন। ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী লুলু আরা অভিযোগ অস্বীকার করে বলেন, ভুলত্রুটি মানুষের হয়। এসব পত্রিকায় লিখলে সমস্যা হবে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব আহমদ হোছাইন জানান, এলাকায় পরিবার পরিকল্পনার কার্যক্রম নেই বললে চলে। প্রতিমাসে একবার পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে মাসিক সভা করার নিয়ম থাকলেও গত তিন বছর ধরে এই ইউনিয়নে কোনো সভা হয়নি।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ২০০১ সালে এলাকার জনসংখ্যা প্রায় ৩৭ হাজার হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজারে। ১০ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার। উপজেলার কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর ইউনিয়নেও গত ১০ বছরে গড়ে ২০-২৫ হাজার জনসংখ্যা বেড়েছে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী জানান, নীতিমালায় পরিবার কল্যাণ সহকারীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপারে সচেতন করার পাশাপাশি বিনা মূল্যের সরকারি ওষুধ বিতরণ করার কথা। কিন্তু মাঠে যাচ্ছে না পরিবার কল্যাণ সহকারীরা। কালারমার ছড়ার পরিবার কল্যাণ সহকারী মিরা প্রভা দে জানান, তিনি নিয়মিত ঘরে ঘরে গিয়ে লোকজনকে পরিবার পরিকল্পনা সম্বন্ধে সচেতন করছেন। কিন্তু এখানকার মানুষ ধর্মান্ধ বলে এতে বিশ্বাসী হন না। ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরিপদচন্দ্র ঘোষ জানান, মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারীরা না যাওয়ার ব্যাপারে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতাম। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার কার্যক্রম স্থবির থাকার অভিযোগ অস্বীকার করে হরিপদচন্দ্র জানান, লোকবলসংকটের কারণে মাঠ পর্যায়ে কাজ চালাতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, লোকবলসংকটসহ নানা কারণে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার কার্যক্রম ধীরগতিতে চলছে।