ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে সাংস্কৃতিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়েছে। উপজেলার দুটি সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমি এবং সম্প্রীতি নিকেতনের কোনো কার্যক্রম চোখে পড়ে না। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পরশুরামে নজরুল একাডেমি প্রতিষ্ঠিত হয়। উপজেলা পরিষদের বিআরডিবি ভবনের দুইটি কক্ষ দাপ্তরিক কাজ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে বর্তমানে দুটোই বন্ধ রয়েছে। মো. ইউছুপ বকুলকে সভাপতি এবং বিজন কুমার বালাকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। বিজন কুমার বালা পেশাগত কারণে অন্যত্র চলে যাওয়ায় সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। এরপর থেকে নজরুল একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে আছে। একাডেমিতে ৫০ থেকে ৬০ জন ছাত্রছাত্রী নিয়মিত সংগীতের প্রশিক্ষণ নিত। কিন্তু প্রশিক্ষকের সম্মানী ভাতা না দেওয়ায় গত একমাস ধরে প্রশিক্ষণ কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।সাংস্কৃতিক কর্মী পেয়ার আহাম্মদ জানান, গত এক বছরে নজরুল একাডেমির কোনো বৈঠক হয়নি। বর্তমানে সভাপতি ছাড়া আর কেউ সংগঠনটির সঙ্গে যুক্ত নেই। নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক বাবুল চক্রবর্তীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের সংগীত, তবলা ও হারমোনিয়ামের প্রশিক্ষণ দেওয়ার জন্য বাবুল চক্রবর্তীকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিলেও তিনি নির্ধারিত মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন না। একাডেমির সভাপতি মো. ইউছুপ বকুল জানান, বর্তমানে একাডেমির কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশিক্ষকের বেতন দিতে না পারায় গত মাস থেকে কোনো প্রশিক্ষণও দেওয়া হচ্ছে না।এদিকে উপজেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতি নিকেতন ২০০০ সালের ১ অক্টোবর উপজেলার অস্থায়ী কার্যালয়ে যাত্রা শুরু করে। প্রথমদিকে সংগঠনটি নানা জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন মাতিয়ে রাখলেও বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। সম্প্রীতি নিকেতনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান পলাশকে সভাপতি, আবুল হাশেমকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল। কামরুজ্জামান চাকুরি নিয়ে ঢাকায় চলে গেলে সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে পড়ে ।সম্প্রীতি নিকেতনের আজীবন সদস্য রয়েছে ৪৫ জন এবং প্রশিক্ষণার্থী ছিল ৬৩ জন। কলেজ রোডে সম্প্রীতি নিকেতনের একটি ভাড়া করা কার্যালয় থাকলেও তেমন কোনো কর্মকাণ্ড নেই।