ঝিরিঝিরি বৃষ্টিতে তিরি তিরি 'নস্টালজিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির অতীতের ছায়াগুলো ভাসিয়ে দেয় মনের পর্দা
বৃষ্টির অতীতের ছায়াগুলো ভাসিয়ে দেয় মনের পর্দা

আষাঢ়-শ্রাবণ পেরিয়ে গত হয়েছে ভাদ্র-আশ্বিন। কিন্তু বর্ষার স্লগ ওভারের ইনিংস এখনো শেষ হয়নি। এই কার্তিকেও শরতের পেঁজা তুলোর মতো সাদা মেঘের বদলে আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। কখনো ঝিরিঝিরি ছন্দে আবার কখনো ঝুমতালে নামছে বৃষ্টি।
এখানে বৃষ্টি এলে ‘ওখানে’ বৃষ্টি পড়ে, মানে বুকের ভেতরে। বুক মানে তো একটা ছয় তারের গিটার—বৃষ্টির ফোঁটা পড়লেই বেজে ওঠে টুং টাং শব্দে। ভিজে ভিজে সব গান। মনের মেঘপিয়ন এসে সেই গানকে যেন কোথায় নিয়ে যায়! আমরা খুঁজে ফিরি, না পেয়ে বলি—দূর ছাই! এসবই নস্টালজিক স্মৃতি!
স্মৃতি মানে ‘নস্টালজিয়া’ কিংবা অতীতবিধুরতা। যে সময় আমরা পেছনে ফেলে এসেছি তা হারিয়ে খোঁজার চেষ্টা। তার সঙ্গে বৃষ্টির কী সম্পর্ক? ঝিরিঝিরি বৃষ্টিতে হাঁটতে হাঁটতে মানুষ কেন ডুব দেয় মুচমুচে ‘নস্টালজিক’ স্মৃতিতে?

নাগরিক বৃষ্টি সবার জন্য উৎপাতও নয়। কেউ কেউ বৃষ্টিবিলাসে ভাসে এখনো
নাগরিক বৃষ্টি সবার জন্য উৎপাতও নয়। কেউ কেউ বৃষ্টিবিলাসে ভাসে এখনো

কিংবদন্তি লেখক হ‌ুমায়ূন আহমেদ বৃষ্টিকে দেখতেন এভাবে, ‘মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে-শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা-হা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কী বিপুল বিষণ্নতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি।’
সত্যিই, বৃষ্টির সঙ্গে মানুষের নিঃসঙ্গতা আর বিষণ্নতার কী যেন এক সম্পর্ক আছে।
আমরা শৈশব ভালোবাসি। ছেলেবেলায় সকালে বৃষ্টি মানেই স্কুলে না যাওয়ার ফন্দি। মা-বাবা যতক্ষণ পর্যন্ত বলবেন না, আজ স্কুলে যেতে হবে না, ততক্ষণ পর্যন্ত বিছানাও ছাড়া হতো না। একটু বড় হওয়ার পর অবশ্য আশীর্বাদ হয়ে এসেছে সেই একই বৃষ্টি। দুপুরের আকাশে কালো মেঘ মানেই আজ টিফিন একটু আগেই। দপ্তরির কাছ থেকে বল নিয়ে দে ছুট স্কুলমাঠে।
বড় হওয়ায় সে সুযোগ আর নেই। জীবনের ঘানি টানতে গিয়ে সেই হারানো সময় কোথায় যেন উধাও। সব মানুষই মনে মনে কোথায় যেন বড় নিঃসঙ্গ, বিষণ্ন। অবুঝ মন তাই ফিরে পেতে চায় সেই সময়। জানে পাবে না, তাই অপেক্ষা বৃষ্টির। সেই সময়ের স্মৃতি বলতে তো শুধু ওটুকুই টিকে আছে! তাই গায়ে মেখে আমরা হাঁটি পেছনে ফেলে আসা পথে। তিরি তিরি বৃষ্টির বুনটে বাঁধা পথ বেয়ে ফিরে আসে শৈশব, হারানো মানুষ, আর তাঁদের ঘিরে অগণিত স্মৃতির নির্যাস।

শহুরে বৃষ্টি আবার ঘরহারা করে কাউকে কাউকে
শহুরে বৃষ্টি আবার ঘরহারা করে কাউকে কাউকে

বৃষ্টিতে মানুষের স্মৃতিমেদুর হয়ে ওঠার নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি? পুরো ব্যাপারটাই তো মনজাগতিক। বৃষ্টির প্রতি মানুষের আসক্তি চিরকালীন। এই কর্মব্যস্ত সময়ে তো কথাই নেই। বৃষ্টি এলে মানুষের ব্যস্ততায় ভাটা পড়ে। সব মিলিয়ে মস্তিষ্কের খানিক বিশ্রামে মনটা হয়ে ওঠে আর্দ্র। বৃষ্টির ছাঁট পেয়ে তখন মনের ভেজা মাটিতে পুরোনো সব সুখ-দুঃখ আপনাতেই জেগে ওঠে। আমরা তাই নিয়ে বাঁচি, তাই বৃষ্টিতে ভিজি।
অনেক দিন পর বৃষ্টি হলে মাটির সোঁদা গন্ধ এসে নাকে ঘাই মারে। যুক্তরাষ্ট্রের লেখক জো হ্যানসনের দাবি, এই সোঁদা গন্ধের সঙ্গে মানুষের ‘নস্টালজিক’ হওয়ার গোপন সম্পর্ক আছে। এ গন্ধটা আমাদের ফিরিয়ে নেয় শৈশবে কিংবা ফেলে আসা সময়ে। বিশেষ করে গ্রাম থেকে যাঁরা শহরে উঠে এসেছেন, তাঁদের ক্ষেত্রে এই সোঁদা গন্ধ স্মৃতির নেশা ধরাবেই। সেই নেশায় বৃষ্টি কেবলই রূপক, যার সংস্পর্শে এলেই মনে পড়ে, ‘একদিন বৃষ্টিতে বিকেলে...।’