বিশ্বনাথ আনন্দ। দাবায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ১৯৬৯ সালের ২০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে তাঁর জন্ম। দাবার ইতিহাসে আনন্দই প্রথম খেলোয়াড়, যিনি নক-আউট, টুর্নামেন্ট ও ম্যাচ—তিন ফরম্যাটেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৭ সালে আনন্দ পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন। ২১ জুলাই ২০১০ তাঁর এই লেখাটি ‘ফোর্বস ইন্ডিয়া’ ম্যাগাজিনে প্রকাশিত হয়।আমি কি বিচলিত হই? আমি মনে করি, বিচলিত হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। যখন দুশ্চিন্তা তোমার পিছু ছাড়ে না, তখন তুমি বিচলিত হও, কী করবে তা ভেবে পাও না। তবে এটার ইতিবাচক একটা দিক আছে। এ রকম পরিস্থিতিতে কোন কোন সমস্যা সামনে আসতে পারে, তা তুমি অনুমান করতে শেখো।আমার জীবনে সবচেয়ে কঠিন সমস্যাগুলো তখনই এসেছে, যখন আমি পরমানন্দে অসচেতনভাবে গা ছাড়া দিয়ে খেলেছি। তাই যখন সবকিছু ঠিকঠাক চলে, তখনো তোমাকে চিন্তা করতে হবে, নিশ্চয় সামনে কোনো সমস্যা আছে। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় কেটেছে ২০০১ সালের শেষের দিকে। সে সময় আমার আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট হতে শুরু করল। আত্মবিশ্বাস ফিরে পেতে আমার কয়েক মাস লেগেছিল। কত চেষ্টা করেছি, কোনো কিছুতেই কোনো কাজ যেন হচ্ছিল না। না, খুব বেশি অঘটন ঘটেনি। তবে আমি জানি, দাবা খেলার সঠিক ধরন সেটা ছিল না। এবং সে বছর ডিসেম্বরে আমি আমার বিশ্বখ্যাতি হারিয়েছিলাম। তুমি যে কাজ করছ, তা বিশ্লেষণ করে দেখা দরকার। ২০০০-০১ সালে খেলায় আমার অনেক সুনাম ছিল। আমি খুব ভাগ্যবানও ছিলাম। কারণ, তখন খেলায় আমি অনেক ভুল করতাম। কিন্তু ফল খারাপ হয়নি। সতর্ক হওয়ার জন্য কিছু লক্ষণ তখন আমি দেখেছিলাম। এবং আমি আমার স্ত্রী অরুণাকেও বলেছিলাম, ‘যেভাবে আমি দাবা খেলছি, তাতে আমি নিজেই খুশি নই। কেননা, একের পর এক শুধু ভুল করেই যাচ্ছি।’ তবে বিচলিত হওয়ার কিছু নেই, যদি তুমি নিজেকে বলতে পার, ‘আমি অবশ্যই সঠিক কাজটা করব।’ব্যর্থতা মানে নতুন করে জেগে ওঠা। এটা অনেকটা তোমার মুখে অত্যন্ত ঠান্ডা বরফজল ঢেলে দেওয়ার মতো। কখনো ব্যর্থ হলে প্রথমে জানতে হবে কী কী ভুল তুমি করেছ। দুই ধরনের ব্যর্থতা আছে। এক, হঠাৎ একবার ব্যর্থ হওয়া। আর দুই, বারবার ব্যর্থ হওয়া। আমার ক্ষেত্রে শেষেরটা ঘটে। এটা ঘটে যখন আমি দাবা খেলি। খেলার সময় আমি নতুন নতুন উপায় বের করি। সাধারণত আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলি। এবং আমি দেখেছি, নতুন ও ভিন্ন কৌশলে খেললে আমার সমস্যা খুব একটা হয় না। বারবার একই চাল চাললে, যদি প্রতিদ্বন্দ্বীও তা ধরতে না পারে, তবু তা একঘেয়েমি তৈরি করে।খেলায় বা যেকোনো কাজে প্রতি মুহূর্তে তোমাকে সজাগ থাকতে হবে। আর সফল হওয়ার জন্য ঝুঁকি নিতে হবে। যখন তুমি ঝুঁকি নেবে, তখন আরও সতর্ক থাকতে হবে। একবারের খেলায় তোপালিওভ অপ্রত্যাশিত একটা ঝুঁকি নিল। কারণ এর আগে সে কয়েকবার নির্দিষ্ট কিছু চাল মিস করে। তা ছাড়া অনেক সময় ধরে খেলাটা চলছিল। ফলে এ রকম ঝুঁকি নেওয়াটা খুব স্বাভাবিক। খেলায় সে হেরেছিল। তবে যদি জিতত, সেও একই কথা বলত যে কীভাবে ওই ঝুঁকিটা তাকে জয় এনে দিয়েছে। এবং বলা হতো, সে যে ঝুঁকিটা নিয়েছিল, তা ছিল নিয়ন্ত্রিত ঝুঁকি। মনে রাখতে হবে, তুমি অপ্রত্যাশিত কিছু ঝুঁকি নিতেই পার। তবে তুমি কী করছ, সে বিষয়ে অবশ্যই সজাগ-সচেতন থাকতে হবে। নিজেকে নিজেই তুমি বোকা তো বানাতে পারো না।আত্মবিশ্বাসী হও। যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে সব সময় তুমি দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। আত্মবিশ্বাসই সবকিছু। যেহেতু কোনো কাজই শতভাগ পরিপূর্ণ নয়। তাই তোমার মনে সর্বদাই সন্দেহ থাকবে। কিন্তু থেমে থাকলে হবে না। তোমাকে এমন এক পথ বের করতে হবে, যাতে করে তুমি সমস্যা কাটিয়ে উঠতে পারো। আমার কথাই ধরো। আমি সোফিয়াতে শেষ যে খেলাটা খেললাম, সেটার গেম-১-এ আমি হেরে গেলাম। অবশ্যই এ আঘাতে আমি আহত হয়েছিলাম। কিন্তু সবাই আমাকে বলেছিল, ‘তুমি সেদিনও অনেক শান্ত ছিলে।’ ব্যর্থ হলে আবেগের বশে অস্থির হওয়া, হুটহাট রাগ করা, দুশ্চিন্তা করা বা মাথা গরম করা ভালো নয়। বরং নিজেকে শান্ত রাখতে হবে। ধৈর্য ধরতে হবে এবং পুনরায় চেষ্টা করতে হবে। আমি সেটাই করেছিলাম। গেম-২ খেললাম। আমার অভিজ্ঞতা বলছিল, ‘তুমি যদি গেম-২ খেলো। আর তা যদি ড্রও হয়। তবু তমি শান্ত থাকবে। গেম-৩ খেলার সময় ধৈর্যের ফল তুমি পাবে। এভাবে শেষ গেম পর্যন্ত লড়াই করবে।’ এবং সত্যিই আমি গেম-৬ ও ৭-এ পয়েন্টে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল, ম্যাচটা আমি জিতে যাব। কিন্তু আমার অভিজ্ঞতা আমাকে বলে, জেতাটা কত কঠিন হবে। হলোও তাই। গেম-৮-এ আমি হেরে গেলাম। গেম-৯-এ ড্র হলো। খেলাটা সত্যিই কঠিন ছিল। কিন্তু আমি যদি তা প্রত্যাশা না করতাম, শেষ পর্যন্ত আমি যেতে পারতাম না।যেকোনো প্রতিযোগিতায় তুমি যদি জেত, তবে ভালো। কিন্তু তুমি এ কথা বলবে না যে সেখানে তুমি শতভাগ সঠিক ছিলে। তুমি বলতে পার, তোমার কৌশল বা তোমার চেষ্টা কাজ করেছে বলে জিতেছ। আবার যে সেই একই কৌশলে কাজ হবে, তার কি কোনো অর্থ আছে? তোমার প্রতিদ্বন্দ্বী তো জেনে গেছে তুমি কীভাবে জিতেছ। এ জন্য তোমাকে নতুন নতুন কৌশলের খোঁজ করতে হবে। যদি দেখো যে দীর্ঘ সময় ধরে সবকিছু ঠিকমতো চলছে, তাহলে বুঝতে হবে, এমন অনেক কিছু আছে যা তুমি খেয়ালই করোনি। হয়তো তুমি প্রতিদ্বন্দ্বিতায় অনেক শক্তিশালী। কিন্তু সত্যিই তুমি কি শ্রেষ্ঠ? খেলতে খেলতে আমি একটা বিষয় শিখেছি, সেটা হলো প্রয়োজনে কৌশল পরিবর্তন করা। পরিবর্তনের মানে এই নয় যে সামনে বিপদ দেখে তুমি ভয় পেয়েছ। বরং নতুন ও ভিন্ন কিছু আবিষ্কারের ইচ্ছা আছে তোমার। আমি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোনো চাপ ছাড়াই দাবা খেলেছি। তখন দাবা খেলাটা দারুণ উপভোগ করেছিলাম। তুমিও নিজের কাজকে উপভোগ করো। এটা একটা বড় গুণ। ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন থেকে প্রাপ্ত, সংক্ষেপিত ভাষান্তর: জাহাঙ্গীর আলমআমার স্বপ্নপ্রিয় বন্ধু, তুমি পড়ছ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে। তোমারও আছে স্বপ্ন। কী সে স্বপ্ন? জানিয়ে দাও সবাইকে। ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠাও তোমার স্বপ্ন, ওড়ার ঠিকানা। সঙ্গে পাঠিয়ো তোমার আকর্ষণীয় কিছু ছবি। স্বপ্ন নিয়েপ্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, অথবা মেইল করো: [email protected]