
গত সপ্তাহে প্রবল বৃষ্টির কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের অন্তত পাঁচটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রবল বৃষ্টিতে কোথাও কোথাও সড়ক ধসেও গেছে। নানা স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে ওই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
খাগড়াছড়ি জিপ মালিক সমিতি সূত্রে জানা গেছে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ভারী বর্ষণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের চার কিলোমিটার, প্রশিক্ষণ টিলা, ছয় কিলোমিটার, নয় কিলোমিটার, জুম্ববি আদাম, বটতলা ও মডেল টাউন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া সড়কের দুটি স্থানে পানির স্রোতে বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে সাময়িকভাবে উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ পাহাড় ধসের মাটি সরানোর উদ্যোগ নেয়। টানা দুই দিন মাটি সরানোর কাজ করার পর কোনো রকমে যান চলাচল শুরু হয়। কিন্তু সড়কের গর্ত সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের জুম্ববি আদাম ও নয় কিলোমিটার এলাকায় বড়-ছোট অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির স্রোতে সড়কের একাংশ ধসেও গেছে। এ ছাড়া দুই কিলোমিটার ও মডেল টাউন এলাকায়ও সড়ক ধসের ঘটনা ঘটেছে।
জিপচালক নুর মোহাম্মদ বলেন, বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসের পর তিন দিন যান চলাচল বন্ধ ছিল। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা কোনো রকমে যান চলাচলের উপযোগী করেছেন। কিন্তু এখনো সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় অসংখ্য গর্ত ও ভাঙন রয়েছে। অত্যন্ত ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। বৃষ্টি হলে কোনো সময় আবার যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি জানান।
সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ির সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে অতিবৃষ্টির ফলে অন্তত পাঁচটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ২৫ জন কর্মী নিয়ে শুধু সড়ক থেকে মাটি সরাতে দুই দিন লেগেছে। আপাতত কোনো রকমে সড়ক যানবাহন চলাচলের উপযোগী করেছি। আগামী কিছুদিনের মধ্যে আবারও গর্ত ভরাট ও পাহাড়ধসের স্থানে সংস্কারকাজ করার পরিকল্পনা রয়েছে।’
বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল শুক্কুর মিয়া প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টিতে মডেল টাউন এলাকায় বড় ধরনের পাহাড় ধস হয়েছে। এতে সড়কের কিছু অংশও ধসে গেছে। সেখানে শুধু লাল পতাকা দিয়ে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার করা জরুরি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃষ্টির পর বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।