চন্দনাইশ উপজেলার হাশিমপুর-সাতবাড়িয়া-বৈলতলী সড়কের নাজিরহাট হুসেন বৈদ্যর পুকুরসংলগ্ন অংশটি ভেঙে পুকুরে তলিয়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। আগামী বর্ষার আগে সংস্কার করা না হলে এ সড়কের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। সরেজমিনে দেখা যায়, পুকুরসংলগ্ন প্রায় ৫০০ ফুট দীর্ঘ সড়কে রিকশা-অটোরিকশা ও ট্রাক চলছে ঝুঁকি নিয়ে। স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে সাতবাড়িয়া, বরমা ও বৈলতলী ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন কাজে যাতায়াত করেন। বিভিন্ন উন্নয়নকাজের নির্মাণসামগ্রী এবং স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য নিয়ে ট্রাকও চলাচল করে এ সড়ক দিয়ে। পুকুরে সড়ক তলিয়ে যাওয়া ছাড়াও গত বর্ষায় ভারী বৃষ্টিপাত ও বন্যার সময় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। জানা যায়, সড়কসংলগ্ন পুকুরটি কয়েক যুগ আগে থেকে ভরাট হয়ে বেশির ভাগ অংশ একসময় ধানি জমিতে পরিণত হয়। আশির দশকের শেষ দিকে সড়কটি তৈরির পর এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে সড়কটিতে ভাঙন দেখা দেয়। অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে সড়কটি ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯১ অর্থবছরে এক লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট তৈরি করে দেয়। পরবর্তী সময়ে মালিকপক্ষ মাছ চাষের সুবিধার জন্য পুকুরটি খনন করার সময় কালভার্টটি ভরাট করে ফেলেন। ফলে বর্ষার সময় অতিরিক্ত পানি সড়কের ওপর দিয়ে গড়িয়ে পড়ার কারণে সড়কটি ধীরে ধীরে ভেঙে পুকুরে তলিয়ে যাচ্ছে। এ পর্যন্ত মূল সড়কের তিন থেকে পাঁচ ফুট অংশ পুকুরে তলিয়ে গেছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এবং সড়কের একাংশ পুকুরে তলিয়ে যাওয়ায় এলাকার মানুষ খুবই কষ্ট পাচ্ছে। ব্যবসায়ী মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, জরুরি ভিত্তিতে প্রতিরোধ দেয়াল নির্মাণসহ সংস্কারের ব্যবস্থা করা না হলে আগামী বর্ষার সময় সড়কটির ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করবে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পুকুরের মালিক সাতবাড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য মুন্সেফ আলী বলেন, ‘পুকুরের দক্ষিণ দিক দিয়ে অতিরিক্ত পানি সরে যাওয়ার ব্যবস্থা রেখেছি। আগামী দিনে পুকুর খনন করার সময় ভাঙা অংশ মাটি দিয়ে ভরাট করে দেব।’ সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী জানান, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জানান, সড়কের ভাঙন তিনি দেখেছেন। পুকুরে সড়ক প্রতিরোধক দেয়াল নির্মাণের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আট টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।