ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ হয়ে পড়া কান্দ্যে দোজরী পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় l প্রথম আলো
ঝুঁকিপূর্ণ হয়ে পড়া কান্দ্যে দোজরী পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় l প্রথম আলো

রাঙামাটি সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম কান্দ্যে এলাকায় শিক্ষার আলো ছড়ানো দোজরীপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় জরাজীর্ণ হয়ে পড়েছে। বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মিত বিদ্যালয়টি গত বর্ষা মৌসুমে ঝড়ের কারণে হেলে পড়েছে। এ জন্য ঝুঁকি নিয়ে পড়াশোনা শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু চাকমা বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর বিদ্যালয়টি শিক্ষাদানের স্বীকৃতি পায় ২০০৫ সালে। কিন্তু এ পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন। ছাত্রছাত্রী ৯৩ জন। যেসব অভিভাবক ছেলেমেয়েদের রাঙামাটি শহরে রেখে পড়াশোনা করাতে পারেন না, তাঁদের ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা করছে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেিণর ছাত্রী প্রীতি চাকমা জানায়, সে নাড়েইছড়ি থেকে দেড় ঘণ্টার বেশি সময় হেঁটে বিদ্যালয়ে আসে। প্রীতি চাকমার মতো অনেক ছাত্রছাত্রী দূরের গ্রাম থেকে বিদ্যালয়ে আসে।
এলাকাবাসী জানান, বিদ্যালয়ে পার্শ্ববর্তী জীবতলী ইউনিয়ন এবং বিলাইছড়ি উপজেলার কেঙেরাছড়ি ইউনিয়নের অনেক ছাত্রছাত্রী এ বিদ্যালয়ে পড়াশোনা করছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গান্ধী লাল চাকমা বলেন, বিদ্যালয় পরিচালনার জন্য এলাকার প্রতিটি পরিবার মাসে এক কেজি করে চাল দেন। এ ছাড়া প্রতি সপ্তাহের শনি, মঙ্গল ও বুধবার রাঙামাটি শহরের হাটে যাওয়া ব্যক্তিদের প্রত্যেকে ১০ টাকা করে দেন। পাশাপাশি বাগানমালিকেরা কাঠের পারমিট সংগ্রহ করলে, পারমিটপ্রতি দুই হাজার টাকা করে দান করেন। এভাবেই এতদিন বিদ্যালয়টি চলছে।
বিদ্যালয়ের অবকাঠামো সমস্যা দূর করা গেলে এবং হোস্টেলের ব্যবস্থা করা গেলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পাবে।
সরেজমিনে দেখা গেছে, তিন কক্ষবিশিষ্ট ঘরটি এক পাশে হেলে পড়েছে। টাকার অভাবে নতুন করে বিদ্যালয় ভবন নির্মাণ করা যায়নি। হয়নি সংস্কারও। আগামী বর্ষা মৌসুমে বিদ্যালয়টি টিকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষক–শিক্ষার্থীরা। স্থানীয় শিক্ষানুরাগী সুধা শংকর চাকমা বলেন, বিদ্যালয় ভবন নির্মাণের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ মৌখিকভাবে আশ্বাসও দিয়েছে। কিন্তু এখনো উন্নয়ন প্রকল্পে এটি তালিকাভুক্ত করা হয়নি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘বিদ্যালয়টির ব্যাপারে আমাদের জানা আছে। আগামী অর্থবছরে বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।’