ঝুঁকি নিয়ে পারাপার লাখো মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট থেকে চরম ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র চ্যানেল পাড়ি দিয়ে মহেশখালী ও কুতুবদিয়ায় পারাপার করছে উপকূলের লাখ লাখ মানুষ। সঙ্গে চলছে ইজারাদারের চাঁদাবাজি ও দৌরাত্ম্য। পাহাড় কাটার মাটি সরাসরি বাঁকখালী নদীতে নেমে এসে তলদেশ ভরাট হয়ে চর জেগে ওঠায় এখন নৌচলাচল হুমকির মুখে পড়েছে। ফলে প্রায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা আহত হচ্ছে।মহেশখালীর গোরকঘাটা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কেফায়েত উল্লাহ (৪৫) জানান, প্রতিদিন ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজে তাঁকে মহেশখালী থেকে স্পিডবোটে করে কক্সবাজার শহরে আসতে হয়। কিন্তু ছোট্ট একটি পুরোনো স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত ১০-১৪ জন পর্যন্ত যাত্রী বোঝাই করা হয়। বর্ষায় উত্তাল সাগরে ত্রুটিপূর্ণ এসব স্পিডবোট ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রশাসনের কোনো তদারকি নেই।দিনাজপুর থেকে ভ্রমণে আসা পর্যটক সোহরাব হাসান (৩৭) জানান, ২৪ জুন শুক্রবার তিনি পরিবারের তিন সদস্যকে নিয়ে মহেশখালী পরিদর্শনের জন্য শহরের ৬ নম্বর ঘাটে যান। এখানে ছোট্ট একটি স্পিডবোটে গাদাগাদি করে ১৩ জন যাত্রী তোলা হয়। এরপর উত্তাল সাগর পাড়ি দিয়ে মহেশখালীর দিকে রওনা দেয়। এ সময় লাইফ জ্যাকেট চাইলে চালক উল্টো রেগে বলেন, এ রুটে লাইফ জ্যাকেটের দরকার হয় না। একটু পরেই পৌঁছে যাবেন। কিন্তু মহেশখালী পৌঁছানো পর্যন্ত এ স্পিডবোটটি কয়েকবার ডুবোচরে আটকা পড়ে উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে জানা গেল, চালকের বৈধ লাইসেন্সই (অনুমতিপত্র) নেই।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ১ নভেম্বর বিকেলে শহরের বাঁকখালী নদীর মোহনায় মহেশখালীর মনিরুল ইসলামের মালিকানাধীন একটি স্পিডবোট ১১ জন যাত্রী নিয়ে আরেকটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি ভেঙে তিন টুকরো হয়ে যায়। এ সময় স্পিডবোটের চালক মহেশখালীর মনজুর আলমসহ ১১ যাত্রী সাগরে ডুবে যায়। স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় ১০ জন যাত্রীকে উদ্ধার করলেও পরের দিন চালক মনজুর আলমের লাশ উদ্ধার করা হয়। এরপর অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাত্রীরা জানান, এখন এ নৌপথে যেসব স্পিডবোট চলাচল করছে, তার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ এবং লক্কড়ঝক্কড়। প্রায় সময় এগুলো সাগরের মাঝখানে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। যাত্রীরা অভিযোগ করেন, কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌপথের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। সময় লাগে স্পিডবোট নিয়ে গেলে ১০ মিনিট আর লঞ্চ বা ট্রলারে আধা ঘণ্টা। কিন্তু জনপ্রতি ভাড়া স্পিডবোটে ৬৫ টাকা আর লঞ্চে ২৫ টাকা। তার ওপর নৌকার সেতু বানিয়ে কয়েক দফায় দুই পাড়ে জনপ্রতি আরও অন্তত ১৪ টাকা চাঁদা আদায় করা হয়। অনেকে ৬৫ ও ২৫ টাকার স্থলে ৮০ টাকা ও ৪৫ টাকা পর্যন্ত আদায় করেন। মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া সিকদার বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়াও বাড়ানো হয়েছে বলে শুনেছি। এখন থেকে যাত্রী পারাপারে হয়রানি ও নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্পিডবোটগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি জানান, বাঁকখালী নদীতে একাধিক ডুবোচর জেগে ওঠায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, দীর্ঘ তিন যুগেও বাঁকখালী নদীর ড্রেজিং (খনন) হয়নি। শহরের পাহাড় কাটার মাটি নেমে এসে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ ১২টি নৌপথে যাত্রী পারাপার ব্যাহত হচ্ছে। দেখা গেছে, বাঁকখালী নদীর কস্তুরা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী স্পিডবোট, লঞ্চ ও ট্রলার দিয়ে পারাপার করছেন। অথচ এখানে একটি স্থায়ী জেটি নেই। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে কস্তুরাঘাটে একটি স্থায়ী জেটি নির্মাণ করা হবে। অবৈধ ইজারা আদায় বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার অধিক যাত্রী পরিবহনের বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।