ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিলের ভূমিকম্পে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং স্বধর্ম বৌদ্ধবিহারের দেয়ালে ফাটল ধরেছে। অন্য কোনো ব্যবস্থা না থাকায় ওই ভবনেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন বৌদ্ধ ভিক্ষুরা। এই বিহার ছাড়াও উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের তিনতলাবিশিষ্ট একটি কমিউনিটি সেন্টারের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে। কিন্তু ওই ভবনের নিচতলায়ও এখন ঝুঁকি নিয়ে হাট বসছে।
খবর পেয়ে ২০ এপ্রিল রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. কাজী আবদুল সামাদ ও উপসহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা দূরছড়ি বাজার কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। তাঁরা ভবনটি সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত করার আশ্বাস দেন।
সরেজমিনে দেখা যায়, একতলাবিশিষ্ট মাচালং স্বধর্ম বৌদ্ধবিহার ভবনের পিলারে ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। ভবনটিতে বর্তমানে দুজন ভিক্ষু ও তিনজন শ্রমণ বসবাস করছেন। বিহারের অধ্যক্ষ কৌণ্ডিন্য থের ভিক্ষু বলেন, ‘এখন আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। যেকোনো সময় ভবন ধসে পড়তে পারে। অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে এই ভবনে থাকতে হচ্ছে।’
অন্যদিকে, দূরছড়ি বাজারে তিনতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টারে গিয়েও দেয়ালে বড় ফাটল দেখা গেছে। ভবনের নিচতলায় সিঁড়ির ডান দিকের পিলারে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ছাদে ও দেয়ালে ফাটল ধরেছে। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ছয়টি করে ১২টি কক্ষ রয়েছে। আর নিচতলায় বসে বাজার। সপ্তাহের শনিবার এখানে হাটও বসছে। ভবনের বিভিন্ন তলায় প্রতিদিন প্রচুর লোকসমাগম হয়।
রাঙামাটি জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১২ অর্থবছরে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট দূরছড়ি বাজার কমিউনিটি সেন্টারের ভবন নির্মিত হয়। একই ভবনে দূরছড়ি ভলান্টিয়ার সংঘ ক্লাবেরও কার্যালয় রয়েছে।
দূরছড়ি ভলান্টিয়ার সংঘের সভাপতি মো. খায়রুল আলম ও বাজার কমিটির সদস্য মো. আনোয়ার বলেন, ভবনে ফাটল দেখা দেওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। সম্প্রতি জেলা পরিষদ থেকে দুজন প্রকৌশলী ভবন পরিদর্শন করেছেন। তাঁরা বলেছেন, ভবন সংস্কারের উদ্যোগ নেবেন। সবজি বিক্রেতা আনন্দ বিকাশ চাকমা বলেন, ভবনের নিচে হাটের দিনে অর্ধশতাধিক সবজি ও চাল বিক্রেতা বসেন। এ ছাড়া প্রতিদিন ১০ থেকে ২০ জন কাপড় ও বিভিন্ন পণ্য বিক্রেতাও এখানে বেচাকেনা করেন। ভূমিকম্পের পর ভবনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুফিদুল আলম বলেন, দূরছড়ি কমিউনিটি সেন্টার ও দূরছড়ি ভলান্টিয়ার সংঘ ক্লাবের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই ভবনে ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, দূরছড়ি বাজারে তিনতলা ভবন ও মাচালং এলাকায় একটি একতলা বৌদ্ধবিহারে ফাটলের খবর পাওয়া গেছে। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ভবন দুটি সংস্কার করা হবে।