বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নানা স্থানে ভেঙে গেছে। ভেঙে যাওয়া সড়ক দিয়ে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।জানা গেছে, বান্দরবান-রোয়াংছড়ি ২২ কিলোমিটার সড়কের ১৪ কিলোমিটার ভেঙে গেছে। জেলা শহরের বালাঘাটা থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কেবল রোয়াংছড়ি উপজেলা সদর থেকে আট কিলোমিটার পর্যন্ত সড়ক গত অর্থবছরে নতুনভাবে নির্মাণ এবং সংস্কার করা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরপত্র আহ্বান করেও মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কের সংস্কার হচ্ছে না। সম্প্রতি সরেজমিনে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক পরিদর্শন করে বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ দেখা গেছে। শহরতলির রামমন্দির, পেশকারঘোনা গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। লুলাইন পুনর্বাসন এলাকায় কয়েকজন শ্রমিক সড়কের কাজ করছিলেন। শ্রমিকদের একজন জানালেন, নির্মাণকাজ করার জন্য বর্ষার আগে সড়কের পিচঢালাই তুলে ফেলা হয়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় সেখানে আর কাজ করা সম্ভব হয়নি। এ জন্য, সড়কটি সংস্কার করতে গিয়ে উল্টো বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের আট কিলোমিটার এলাকায় হানসামাপাড়া পুলিশ ক্যাম্পের পিচ তুলে রাখা হয়েছে। এখানে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। ১৩ কিলোমিটার এলাকায় লুলাইনপাড়া, কলাতলির কাছে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।বান্দরবান-রোয়াংছড়ি রুটের বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘এ পথে কোনোরকমে গাড়ি চলছে। দ্রুত সড়ক সংস্কার শুরু করা না হলে যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’ চাঁদের গাড়ির (জিপ) চালক আলমগীর জানান, ‘সামান্য বৃষ্টিপাত হলে সড়কের ১৩ কিলোমিটার অংশে যাওয়া যায় না। বৃষ্টি থেমে গেলে জমে থাকা পানি কমে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।’রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রি মারমা বলেন, ‘বিকল্প কোনো সড়ক না থাকায় বিধ্বস্ত সড়কে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছে। বিষয়টি বার বার সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দরপত্র আহ্বানও করেছে। কিন্তু গত দুই বছরেও সড়কটির নির্মাণকাজ শেষ হচ্ছে না।’ সওজের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে রোয়াংছড়ির ১৪ কিলোমিটার সড়কের বিধ্বস্ত অংশগুলো পুনর্নির্মাণের জন্য তিনটি দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ছয় কোটি টাকার কাজের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র আড়াই কোটি টাকা।সওজের উপবিভাগীয় প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, ‘ঠিকাদারদের বিল পরিশোধ করতে না পারায় তাঁরা যথাসময়ে কাজ শেষ করেননি। সওজের কাছে ঠিকাদারদের এখনো প্রায় কোটি টাকা পাওনা আছে।’সওজের নির্বাহী প্রকৌশলী ফয়েজুল হক বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, ‘যেখানে খানা-খন্দ ও রাস্তা ভাঙা রয়েছে সেখানে কাজ হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে।’