ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন যাওয়া-আসা
২০০৯ সালের ঈদের পর টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ছয়টি প্রমোদতরী চলাচল করলেও এখন একটিও চলছে না। স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঈদের পর থেকে জাহাজ চলছে না বলে জানান মালিকেরা। ফলে প্রতিদিন শত শত পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া-আসা করছেন। এ রুটে দুটি জাহাজের সারা বছর চলাচলের অনুমতি থাকলেও স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাহাজের মালিকেরা। জাহাজে যেতে না পেরে টিকিট কাউন্টার ভাঙচুর করেছেন যাত্রীরা। জানা যায়, জাহাজ না চললেও ঈদের পর টানা নয় দিন দ্বীপের আবাসিক হোটেল ও কটেজগুলোতে আসন খালি ছিল না। উত্তাল সাগর পাড়ি দিয়ে মাছধরার নৌযানে (ট্রলার) করে প্রবালদ্বীপে যাচ্ছেন পর্যটকেরা। এতে তাঁদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ট্রলারঘাটে কথা হয় রাজশাহী থেকে বেড়াতে আসা কামরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে জাহাজের টিকিট সংগ্রহ করেছি, কিন্তু টেকনাফ আসার পর জানলাম কেয়ারি সিন্দাবাদ ছাড়বে না। আমি টিকিট ফেরত দিয়েছি কিন্তু টাকা ফেরত পাইনি। টাকা ফেরত না দেওয়ায় বিক্ষোভও করছি। পরে ট্রলারে করে সেন্ট মার্টিন যাই।’ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রী সায়কা চৌধুরী বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ থাকায় ট্রলারে যাওয়ার সাহস করিনি, টেকনাফ থেকেই ঢাকা ফিরে যাচ্ছি।’দ্বীপের কটেজের মালিক মনির আহমদ জানান, ‘বৈরী আবহাওয়া, জাহাজ চলাচল বন্ধের কারণে ঈদের পর পর্যটকের সংখ্যা কমে গেছে।’ট্রলারের টিকিট বিক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘গত কয়েকদিন ধরে ট্রলারে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রতিদিন প্রায় তিন হাজার লোক যাতায়াত করছেন। ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ১২০ টাকা।’ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপনা পরিচালক শাহা আলম বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারা বছর এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন অনুমতি দিচ্ছে না।’ সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহম্মদ খান জানান, গত বছর এ সময়ে প্রতিদিন পাঁচ-আট হাজার পর্যটকের ভিড় থাকলেও এবার দুই-তিন হাজারের বেশি হচ্ছে না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এখনো সাগর উত্তাল। এ অবস্থায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া যায় না। অঘটন ঘটলে এর দায়-দায়িত্ব বহন করবে কে? পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনুমতি দেওয়া হবে না।’