ঝুঁকি নিয়েই সব কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ এক ভবনে ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কাজ চলছে। চার কক্ষবিশিষ্ট এই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদের আস্তরণ খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র ভিজে যায়।১৯৭২ সালে প্রতিষ্ঠিত বখতপুর ইউপি কার্যালয়ের কর্মকাণ্ড পরিচালনার জন্য ১৯৮২ সালে তৎকালীন জেলা পরিষদ এ ভবনটি নির্মাণ করে।নিম্নমানের কাজের কারণে ভবনটি বেশি দিন টেকেনি। দুই দশকের মাথায় এটির ছাদ ঘেমে পানি পড়তে শুরু করে। ক্রমে জোড়াতালি দিয়ে চলে পরিষদের কার্যক্রম। বর্তমানে পুরো ভবনটি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ বলে ইউপি সদস্যরা জানান। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব (ইউপি সদস্য-১ নম্বর ওয়ার্ড) মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘সম্প্রতি ছাদের পলেস্তারা খসে একটি অংশ টেবিলের ওপর পড়ে। অল্পের জন্য আমি প্রাণে রক্ষা পাই।’ তিনি দাবি করেন, ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ। এখানে বসে কাজ করতে ভয় লাগে।ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহেনা বেগম বলেন, এ ভবনটি এখন পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন। কখন ছাদ ধসে পড়বে, এ ভয় নিয়ে কাজ করতে হয়। এলাকার সালিস-বিচার মিলনায়তনকক্ষে ছাদের আস্তরণ খসে খসে পড়ছে নিয়মিত।আরেক ইউপি সদস্য মো. সাজেদুল আলম বলেন, শৌচাগারগুলো এতই নোংরা যে এখান থেকে রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছে। পরিষদের চৌকিদার মো. আবদুল মালেক বলেন, বিভিন্ন কক্ষের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। ইলেকট্রিক সুইচ ও যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কার্যালয়ের চেয়ার, টেবিল, শৌচাগারসহ সবকিছুই আর ব্যবহারযোগ্য নয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক উল আজম প্রথম আলোকে বলেন, সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে। তিনি জানান, নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে পরিষদে চেয়ার-টেবিল, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানান।উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, একটি কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা সরকারের আছে। পর্যাপ্ত জায়গার অভাবে কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবটি পাঠানো যাচ্ছে না। তবে জায়গার ব্যাপারে চেয়ারম্যানও তৎপর বলে মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘একটি ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট পরিমাণের কিছু জায়গার দরকার। জায়গা খোঁজা হচ্ছে, পেলেই উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘জায়গার সংকট দূর হলে সেখানে দ্রুত একটি পরিষদ কমপ্লেক্স তৈরির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।’