সীতাকুণ্ডের ৫৬টি আশ্রয়কেন্দ্রে দুর্যোগের সময় আশ্রয়প্রার্থী সব মানুষের স্থান সংকুলান হয় না। ২০ বছর ধরে আশ্রয়কেন্দ্রগুলোর সংস্কার হয়নি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এ কারণে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে আশ্রয়কেন্দ্রের অভাবে সীতাকুণ্ড উপজেলায় প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়। এরপর জাপান-সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৫২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, এসব আশ্রয়কেন্দ্র তৈরির পর থেকে এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার হয়নি। তাঁদের দাবি, উপকূলীয় এলাকায় বর্তমানে আড়াই লাখ মানুষের বসবাস, কিন্তু সে অনুপাতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা খুব কম। প্রতিটি আশ্রয়কেন্দ্রে সর্বোচ্চ ৬০ থেকে ৮০ জন দুর্যোগকালে আশ্রয় নিতে পারে। মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা রবীন্দ্র জলদাস, কালাচাঁদ জলদাস ও হীরালাল জলদাস বলেন, প্রতিষ্ঠার পর সংস্কার না করায় বর্তমানে এগুলো জনগণের আশ্রয়কেন্দ্র না হয়ে মরণকেন্দ্রে পরিণত হয়েছে। আলাদা কোনো কক্ষ না থাকায় দুর্যোগের সময় নারীদের সমস্যায় পড়তে হয়।এলাকা ঘুরে দেখা যায়, বিদেশি দাতা সংস্থার পাশাপাশি দেশীয় কিছু এনজিও সংস্থা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। কেন্দ্রগুলো বর্তমানে তাদের কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। বড় কুমিরার জলদাসপাড়ার বাচন জলদাস, সুখেন্দ্র জলদাস ও নারায়ণ জলদাস প্রথম আলোকে জানান, আশ্রয়কেন্দ্রগুলো সার্বক্ষণিক তালাবদ্ধ থাকে। প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না। এ ছাড়া বেশির ভাগ আশ্রয়কেন্দ্রে পানি, বিদ্যুৎ এবং টয়লেট-সুবিধা নেই। বারৈয়াঢালা পশ্চিম লালানগর আশ্রয়কেন্দ্র, পূর্ব সৈয়দপুর আশ্রয়কেন্দ্র, বাঁকখালী আশ্রয়কেন্দ্র, মুরাদপুরের গোপ্তাখালী আশ্রয়কেন্দ্র, বাঁঁশবাড়িয়া মধ্যম আকিলপুর আশ্রয়কেন্দ্র এবং কুমিরা জেলেপাড়া আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, আশ্রয়কেন্দ্রগুলোর দরজা জানালা কে বা কারা খুলে নিয়ে গেছে। অনেকটা নোংরা পরিবেশে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোনোটির দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর এখানে অপরাধীরা নানা অসামাজিক কাজে লিপ্ত থাকে। আশ্রয়কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর ও সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, ‘জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা কম। আবহাওয়া খারাপ হলেই এলাকার লোকজনকে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় অনেকে দুর্যোগের মধ্যে ফিরে আসে। কেন্দ্রগুলো দুর্যোগপূর্ণ এলাকায় স্থাপন না করার কারণে এগুলো কোনো কাজে আসছে না।’ সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন আজিম প্রথম আলোকে জানান, ‘পুরোনো কেন্দ্রগুলো সংস্কার করে এলাকায় আরও ১০টি আশ্রয়কেন্দ্র করা দরকার।’ সীতাকুণ্ড উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পিতভাবে নির্মিত হয়নি।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রগুলোকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার করা ছাড়া তেমন উপায় ছিল না। কারণ কেয়ারটেকার রেখে তা রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কোনো বাজেট নেই।’ উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জনসংখ্যা অনুপাতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা অপ্রতুল। ইতিমধ্যে জেলা পরিষদ কর্তৃক নতুন ১০টি আশ্রয়কেন্দ্র স্থাপনের অনুমোদন হয়েছে।’