‘আকাশে কালো মেঘ দেখলেই ভর করে আতঙ্ক। ভয়াল ২৯ এপ্রিলের স্মৃতি ভেসে ওঠে। কারণ ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারেই পানি ঢোকে। বড় দুর্যোগ হলে তো রক্ষা নেই। আসলে উপকূলে জন্ম নেওয়াটাই অপরাধ। গ্রীষ্মের শুরু থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটে।’ গত রোববার বিকেলে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার দুর্গম কৈয়ারবিল গ্রামের বৃদ্ধা সখিনা খাতুন (৬৮) ক্ষোভের সঙ্গেই কথাগুলো বলেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সখিনা হারিয়ে ফেলেন তিন ছেলে চার মেয়েসহ পরিবারের আট সদস্যকে। একটি নারিকেলগাছ ধরে প্রাণে রক্ষা পান তিনি। একই গ্রামে লবণচাষি মনছুর আলম (৫৬) জানান, এখনো কুতুবদিয়ার প্রায় দেড় লাখ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে পারেনি প্রশাসন। আরেকটা ঘূর্ণিঝড় আঘাত হানলে এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। দুর্যোগ মোকাবিলার কোনো প্রস্তুতি নেই। ঝুঁকিতে উপকূলের ১৫ লাখ মানুষ: কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমগীর মাতব্বর জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এই ইউনিয়নের ২২ হাজার মানুষের মৃত্যু হয়। তখন জলোচ্ছ্বাস ঠেকানোর মতো উপকূলে বেড়িবাঁধ ছিল তারপরও প্রাণহানি হয়েছে ব্যাপক। এখন বেড়িবাঁধ নেই। নেই কোনো প্যারাবনও। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯১ সালের পর এই উপজেলার ছয়টি ইউনিয়নে ৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে ৫৩টি কেন্দ্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গত তিন বছরে উপজেলার খুদিয়ারটেক ও তালুকদারটেক গ্রামের তিনটি কেন্দ্র সাগরে বিলীন হয়ে গেছে। তালুকদারটেক গ্রামের একটি কেন্দ্র ধসে পড়ার সময় তিনজনের মৃত্যু হয়েছিল। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, উপকূলের মানুষের জানমাল রক্ষায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, জলোচ্ছ্বাস ঠেকানোর বেড়িবাঁধ ও প্যারাবন সৃজন করা হয়নি। ফলে জেলা কুতুবদিয়া, মহেশখালী, সদর, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন উপকূলে বসবাসকারী অন্তত ১৫ লাখ মানুষ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন।১৬০ আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ: মহেশখালীর ধলঘাটার ব্যবসায়ী লিয়াকত আলী (৪৪) জানান, ’৯১-এর ঘূর্ণিঝড়ের পর ধলঘাটায় ১৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়েছিল। ইতিমধ্যে আটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব কেন্দ্রের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। একইভাবে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মিয়াজিপাড়ার কেন্দ্রটিরও দরজা-জানালা ভেঙে পড়ছে। মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক জানান, ১২৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে ৮০টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা গেছে, জেলার বিভিন্ন উপকূলে স্থাপিত ৫৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে বর্তমানে ১৬০টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অবশিষ্ট কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্র অবৈধ দখলে চলে গেছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো তদারকি নেই। জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৮ সালের ১২ জুন জেলার ব্যবহারের অনুপযোগী ১৫৪টি কেন্দ্র দ্রুত সংস্কার এবং জেলায় নতুন করে আরও ২৭৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছিল। কিন্তু এ নিয়ে এখন কোনো খবর নেই। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সংস্কার ও অবৈধ দখল উচ্ছেদ করা এবং নতুন করে আরও কেন্দ্র স্থাপনের জন্যও উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে। ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ: ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে টেকনাফের শেষ প্রান্ত শাহপরীর দ্বীপের পশ্চিম অংশে এক কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছিল। ওই ভাঙা বাঁধ এখনো নির্মিত হয়নি। ফলে উপজেলার সাবরাং ইউনিয়নের ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, এই উপজেলার চতুর্দিকে ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আট কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। এ কারণে আলী আকবর ডেইল গ্রামে স্থাপিত ১৫ কোটি টাকার বায়ুবিদ্যুৎকেন্দ্রটি সাগরে তলিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার বিভিন্ন উপকূলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৫৯৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে ১০ কিলোমিটারের বেশি। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অন্তত ২৫০ কিলোমিটার। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, আগামী বর্ষার আগে উপকূলের ভাঙা ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও তৈরির পরিকল্পনা চলছে।