ঝুঁকিতে এক হাজার দুই শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটা চলছে। নির্বিচারে পাহাড় কাটার ফলে স্থানীয় ৩ নম্বর বাজার ও বরিশাল কলোনি এলাকার প্রায় এক হাজার ২০০ পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। অতিবৃষ্টির সময় পাহাড়ধসের ঘটনা ঘটলে দক্ষিণ পাহাড়তলীতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। সম্প্রতি হাটহাজারী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দপ্তর থেকে পরিবেশ অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে অন্তত আটটি স্থানে পাহাড় কাটার কথা উল্লেখ করা হয়। গত ১৭ আগস্ট সই করা ওই চিঠিতে চিহ্নিত কয়েকজন পাহাড় কর্তনকারীর বিরুদ্ধে আইনগত ও পাহাড় কাটা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিচালককে অনুরোধ জানানো হয়।চিঠিটিতে বলা হয়, জঙ্গল দক্ষিণ পাহাড়তলী মৌজার বিএস ৩৫৭৮, ৩৬৪৬, ৩৬৫৪, ৩৬৫৬ দাগের পাহাড় কাটার সঙ্গে জনৈক মো. মঈনউদ্দীন, মাসুদ আহমদ, এম এ মান্নান চৌধুরী জড়িত। ওই সব দাগের পাহাড়ের বিশাল একটি অংশ কেটে ফেলায় বরিশাল কলোনি ও ৩ নম্বর বাজার এলাকায় অন্তত এক হাজার ২০০ পরিবার অত্যধিক ঝুঁকির মধ্যে রয়েছে।জানা গেছে, চিঠি পাওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দক্ষিণ পাহাড়তলীতে পাহাড় কাটা চলছে এবং এ ব্যাপারে সহকারী কমিশনারের (ভূমি) পাঠানো চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাজমিনুর রহমান। ১৩ সেপ্টেম্বর এ প্রতিবেদককে তিনি বলেন, ‘সহকারী কমিশনারের পাঠানো চিঠিটি পেয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’সূত্র জানায়, দক্ষিণ পাহাড়তলী এলাকায় একের পর এক পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দীর্ঘদিন থেকে আবাসন ব্যবসায়ীদের একটি চক্র এসব পাহাড় নিধন করে চললেও পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও স্থানীয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ পাহাড়তলীর আমতল, হাতিয়া কলোনি, বরিশাল কলোনি, সন্দ্বীপ কলোনি, ৩ নম্বর বাজার, নাচনিখোলা, ঠান্ডাছড়ি এলাকার পাহাড়ের আটটি স্থানে রাতের আঁধারে পাহাড় কাটা চলছে।সন্দ্বীপ হাউজিং সোসাইটি, শান্তি নিবাস, ফতেয়াবাদ কল্যাণ ভান্ডার নামে তিনটি প্রতিষ্ঠান পাহাড় কাটায় জড়িত বলে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ওই তিনটি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার কথা নিশ্চিত করেছেন। ১৩ সেপ্টেম্বর সকালে বরিশাল কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, বিএস ৩৬৪৬, ৩৬৫৪ ও ৩৬৫৬ দাগের দুটি পাহাড়ের উপরিভাগ কেটে ফেলা হয়েছে। পাহাড়টির পাদদেশে বসবাসকারী রিকশাচালক মনু মিয়া ও তমিজ উদ্দিন বলেন, ‘পাহাড় এমনভাবে কাটা হয়েছে, বৃষ্টি হলে মরার ভয়ে বুক কাঁপে।’এর আগে গত ২৯ আগস্ট দুপুরে সন্দ্বীপ কলোনি ও আমতল এলাকায় গিয়ে দেখা যায়, আরএস ৩৮৩ দাগের পাহাড়টির চূড়ার বড় একটি অংশ কেটে ফেলা হয়েছে। এটি এমনভাবে কাটা হয়েছে, বৃষ্টির পানিতে ওপর থেকে মাটি ধীরে ধীরে ভেঙে নিচের দিকে পড়ে পাহাড়ের পাদদেশ ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হচ্ছে।আমতল এলাকার বাসিন্দা দিদারুল আলম ও জসিম উদ্দিন জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেনারেটরের সাহায্যে হ্যালোজেন বাতি জ্বালিয়ে একেকটি স্থানে ২৫ থেকে ৩০ জন শ্রমিক দিয়ে পাহাড় কাটা হচ্ছে।তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান ৩ সেপ্টেম্বর এ প্রতিবেদককে বলেন, ‘একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এ পাহাড়টি প্লট ব্যবসার জন্য কাটছে। কিছুদিন আগেও হাতিয়া কলোনি এলাকায় পাহাড় কাটার সময় কয়েকজন শ্রমিককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছি। পাহাড় কাটা প্রতিরোধে আমি এলাকাবাসীর সহযোগিতা চাই।’পাহাড় কাটা প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ বলেন, ‘ওই এলাকাটি সিটি করপোরেশনভুক্ত, আমার আওতার বাইরে। এর পরও এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’