পানি উন্নয়ন বোর্ড কুতুবদিয়া উপকূলে ভাঙা বেড়িবাঁধের পুনর্নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন না করায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের অন্যতম বৃহৎ বায়ুবিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হলেও অবশিষ্ট আরও এক কিলোমিটার বাঁধ হয়নি। এ কারণে বিদ্যুৎকেন্দ্রটি আবার সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালে দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামে পাউবোর বেড়িবাঁধের পাশে পাইলট প্রকল্প হিসেবে সরকার প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এই বায়ুবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করে। ২০০৮ সালের ১৪ মার্চ প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ উপজেলা সদরের সাত শতাধিক গ্রাহককে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু কয়েক দিন পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সরবরাহ বন্ধ হয়। ২০০৮ সালের ১৪ জুলাই জলোচ্ছ্বাসে কেন্দ্রের পাশে প্রায় সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। তখন কেন্দ্রটি সাগরের লোনাপানিতে তলিয়ে যায়। কেন্দ্রের দুই পাশে স্থাপিত ৫০টি বায়ুকলের (উইং টারবাইন) অধিকাংশের পাখা নষ্ট হয়ে যায়। সাগরের লোনা পানিতে প্লাবিত হয়ে কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ব্যাটারি নষ্ট হয়। অথচ এখানকার প্রতিটি বায়ুকল থেকে প্রতিদিন গড়ে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম জানান, ‘বায়ুবিদ্যুৎ প্রকল্পটি চালু করার জন্য গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পরিচালক নকশা ও পরিদর্শন-২) পরিচালক এ এইচ এম কামালের নেতৃত্বে ওই দলে ছিলেন, বোর্ডের ব্যবস্থাপক জামিল আহমদ, নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের পরিচালক আহমেদ জহির খান ও কক্সবাজারে নির্বাহী প্রকৌশলী শামসুল আলম।শামসুল আলম বলেন, ‘অচল বিদ্যুৎকেন্দ্রটির পাশে ইতিমধ্যে দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এখন অবশিষ্ট এক কিলোমিটারের বাঁধ ভাঙা পড়ে থাকায় আটটি বায়ুকল (উইং টারবাইন) অরক্ষিত পড়ে রয়েছে। আগামী জুন মাসের মধ্যে এটি সংস্কার করা না গেলে কেন্দ্রটি আবার ঝুঁকির মুখে পড়বে। সাধারণত জুন-জুলাই মাসে সাগর উত্তাল থাকে। দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ।’কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কেন্দ্রটি অচল হয়ে পড়ে। সরকারের লক্ষ্য-উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। আগামী জুনের মধ্যে এক কিলোমিটার ভাঙাবাঁধ মেরামত সম্ভব না হলে কেন্দ্রটি পুরোপুরি সাগরগর্ভে তলিয়ে যেতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া উপজেলার শাখা কর্মকর্তা (এসও) এ টি এম মাসুদুর রাব্বি জানান, বায়ুবিদ্যুৎকেন্দ্রটি রক্ষার জন্য পাউবো ৩৯ কোটি টাকার তিনটি প্রকল্প হাতে নেয়। বর্তমানে ২৬ কোটি টাকার দুটি প্রকল্পের দুই হাজার ২০০ মিটার বাঁধের কাজ শেষ পর্যায়ে। ১৩ কোটি টাকার বাকি একটি প্রকল্পের এক হাজার ১০০ মিটার বাঁধের কাজ আইনগত জটিলতায় আটকে আছে। আগামী জুন মাসের মধ্যে এই ভাঙাবাঁধ নির্মাণ সম্ভব হবে কি না সন্দেহ রয়েছে। তখন বিদ্যুৎকেন্দ্রটি ঝুঁকির মুখে পড়বে। এই প্রসঙ্গে জানতে চাইলে পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মইনুদ্দিন জানান, উচ্চ আদালতে মামলাসংক্রান্ত জটিলতায় ভাঙা বাঁধের নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলার কারণে উচ্চ আদালত তিন মাস নির্মাণকাজ স্থগিত রাখেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছি। রায় পক্ষে এলে আগের দরপত্র বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে ভাঙা বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।