ঝুঁকিতে গণগ্রন্থাগার ভবন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী গ্রন্থাগার ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৩ সালের ২৭ এপ্রিলের ভূমিকম্পে এই ভবনের অনেক কক্ষের মেঝে দেবে যায়। কয়েকটি ঘরের মেঝে ও দেয়ালে ধরেছে ফাটল। গণপূর্ত বিভাগ সংস্কারের কাজ শুরু করলেও এখনও পর্যন্ত তা শেষ হয়নি বলে জানান জ্যেষ্ঠ গ্রন্থাগারিক মোহাম্মদ হামিদুর রহমান।সরেজমিনে দেখা যায়, ভবনের প্রশাসনিক কক্ষের পূর্ব দেয়াল, তৃতীয় তলায় সিঁড়ির দক্ষিণ দেয়াল, পাঠকক্ষে পশ্চিম ও দক্ষিণ দেয়াল, ২০৩ নম্বর কক্ষে পূর্ব দেয়াল, ১১১ নম্বর প্রস্তুতি বিভাগের দক্ষিণ ও পূর্ব দেয়ালে বড় বড় ফাটল ও মেঝে দেবে গেছে, যা এখনও সংস্কার করা হয়নি।ভবনের পূর্ব পাশে লিফটের জন্য জায়গা রাখা হলেও এখন পর্যন্ত লিফট স্থাপন করা হয়নি। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর বা বিকল্প কোনো ব্যবস্থা নেই। আগে একটি ফটোকপি মেশিন ছিল, যেটা এখন অকেজো। পাঠকদের কিছু দরকার হলে কর্তৃপক্ষকে বাইরে থেকে ফটোকপি করে আনতে হয়। শৌচাগারের অবস্থাও শোচনীয়।তত্ত্বাবাধয়ক মো. আমিনুর রহমান জানান, ‘সব পাইপ জ্যাম ও নষ্ট হয়ে যাওয়ায় টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার করা হলেও দুর্গন্ধ যায় না।’গ্রন্থাগারে জনবলসংকটও রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ‘৪০টি পদের মধ্যে ছয়টি পদ শূন্য। প্রেষণে আছেন ছয়জন। বাকি ২৮ জনকে দিয়ে কোনোমতে কাজ চালিয়ে নিতে হচ্ছে।’ প্রায় অর্ধশত বছরের এই পুরোনো গ্রন্থাগারের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের অনেক বিখ্যাত মানুষের স্মৃতি। স্মৃতিচারণ করতে গিয়ে অতীতাকুল (নস্টালজিক) হয়ে পড়লেন ড. অনুপম সেন। তিনি বললেন, ‘কৈশোর ও যৌবনের অনেক স্মৃতি আছে পাবলিক লাইব্রেরিকে ঘিরে। তখন আমি নিয়মিত যেতাম সেখানে। ছেলেবেলার অনেকটা সময় ওখানে কাটিয়েছি। আমার আপন জ্যাঠামশাই কবিভাস্কর শশাঙ্ক মোহন সেনের মৃত্যুর পর পঞ্চাশ-ষাটের দশকে জ্যেঠিমা জ্যাঠামশাইয়ের প্রায় তিন হাজার বই ওই লাইব্রেরিতে দিয়ে দেন। এখন তো বহু বই চুরি হয়ে গেছে। অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে গেছে।’১৯৬৩ সালের ডিসেম্বর মাসে নন্দনকাননে মুসলিম ইনস্টিটিউটসংলগ্ন এ গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পরে নবনির্মিত বর্তমান ভবনটি ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, চার তলার এ গ্রন্থাগার ভবন দুই পালায় (শিফট) সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। পাঠকদের জন্য রয়েছে বাংলা-ইংরেজি ছাড়াও আরবি-ফারসিসহ বিভিন্ন ভাষার দুষ্প্রাপ্য বই, অনুবাদ গ্রন্থ, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশনসহ নানা ধরনের বই। দেশি-বিদেশি মিলিয়ে ৫৬টি দৈনিক পত্রিকা ও সাময়িকী সংগ্রহ এবং সাতটি দৈনিক পত্রিকা ও সাময়িকী বাঁধাই করে সংরক্ষণ করা হয়। প্রশাসনিক কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, এ গ্রন্থাগারে ৫ জুলাই পর্যন্ত বইয়ের সংখ্যা ছিল ৭৬ হাজার ৬৭৭। সর্বশেষ নিরীক্ষা অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত পাঠকের ব্যবহার উপযোগী বইয়ের সংখ্যা ৭২ হাজার ৭১৬। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে প্রায় তিন হাজার বই বরাদ্দ হয় এ গ্রন্থাগারের জন্য।গত মঙ্গলবার গ্রন্থাগারের বিভিন্ন পাঠকক্ষ ঘুরে দেখা যায়, নানা বয়সী পাঠকের সমাগম। শান্ত পরিবেশে পছন্দের বই পড়ায় মনোযোগী সবাই। জ্যেষ্ঠ গ্রন্থাগারিক মোহাম্মদ হামিদুর রহমান জানান, কার্যদিবসে দৈনিক গড়ে দুই থেকে আড়াই হাজার পাঠক এখানে আসেন। বেশির ভাগ আসেন পত্রিকা পড়তে। তবে শিক্ষার্থীরাই আসেন বেশি।শিশু-কিশোর পাঠকক্ষে একমনে বই পড়ছে মুসলিম গভ. হাইস্কুলের ছাত্র কাউসার উল আলম। সে বললো, ‘ক্লাস বা পরীক্ষা থাকলে আসতে পারি না। ভ্রাম্যমাণ গ্রন্থাগারের মতো বাড়িতে বই নেওয়ার নিয়ম থাকলে সুবিধা হতো। ’ হাজী মুহাম্মদ মহসিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা ও আসাদ চৌধুরী পাঠ্যপুস্তকের সংখ্যা-স্বল্পতার অভিযোগ করেন। এমন অভিযোগ বিজ্ঞান পাঠকক্ষের পাঠকদেরও। বোয়ালখালী বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মো. নুরুল্লাহ রেজা মার্চেন্ডাইজিংয়ের ওপর বই খুঁজে না পেয়ে হতাশ। তিনি বলেন, ‘এখানে বেশির ভাগ বই-ই পুরোনো।’ এ প্রসঙ্গে প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রতি অর্থবছরে বই কিনে সারা দেশের বিভিন্ন গ্রন্থাগারে পাঠানো হয়। ওখান থেকে পাঠানো বইয়ের ওপরই আমাদের নির্ভর করতে হয়। কিছু বই কেনার ক্ষমতা আমাদের থাকলে স্থানীয় পাঠকের চাহিদা মেটানো সম্ভব হতো।’ জানা যায়, গত বছর প্রথমবারের মতো স্থানীয় প্রকাশনা সংস্থা থেকে বই কেনার জন্য কিছু টাকা বরাদ্দ হয়েছিল। এ প্রসঙ্গে শৈলীর প্রকাশনা উপদেষ্টা রাশেদ রউফ বলেন, ‘গত বছর কেন্দ্রীয়ভাবে বই কেনার পাশাপাশি চট্টগ্রাম পাবলিক লাইব্রেরি স্থানীয় লেখক এবং প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করেছিল। এই উদ্যোগ প্রশংসাযোগ্য।’গ্রন্থাগারের নিরিবিলি পরিবেশ নিয়ে সন্তুষ্ট পাঠকেরা। চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসমা বেগম বলেন, ‘কলেজে পাঠাগার থাকার পরও শুধুমাত্র নীরব পরিবেশের জন্যই এখানে আসি।’ ব্যবসায়ী বাসুদেব গোস্বামী বলেন, ‘সারা দিনের কর্মব্যস্ততার মাঝে এখানে দুই-তিন ঘণ্টা সময় ভালোই কাটে।’